বেতারের জন্য দেশের গান গাইলেন রুনা লায়লা
দুই দশকেরও বেশি সময় পর বাংলাদেশ বেতারে দুটি গান করলেন শিল্পী রুনা লায়লা। গত ৪ জুলাই মুক্তিযোদ্ধাদের নিয়ে লেখা দুটি গানে কণ্ঠ দেন তিনি। রফিকুল ইসলামের লেখা এ দুটি গানের প্রথমটির কথা—‘এক মুক্তিযোদ্ধা বলছিল তার দুখের কথা’, দ্বিতীয়টি ‘আখাউড়া জংশন থেকে আজমপুরের পথে একটু দূরে’। গান দুটির সুর করেছেন দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। দীর্ঘদিন পর বেতারে গান গাওয়ার প্রসঙ্গ টেনে রুনা লায়লা বলেন, ‘সুরকার দেবু (দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়) একদিন ফোন করে বললেন, আপনার জন্য দুটি দেশের গান করেছি, বেতারের জন্য গাইবেন। আমি বললাম, আমি তো রেডিওর শিল্পী নই। ট্রান্সক্রিপশন সার্ভিসে যে কটা গান করেছি, সবগুলো ছিল বিশেষ অনুষ্ঠানের। যাই হোক, তারাও বিশেষ আয়োজন হিসেবেই এ দুটো গান করছে বলে জানাল। যদিও আমার গাওয়া অনেক দেশের গান আছে, তার পরও নতুন দুটি দেশের গান শুনেই রাজি হলাম।’ আগারগাঁও বাংলাদেশ বেতার ভবনে গান দুটি রেকর্ড করা হয়। সুরকার দেবেন্দ্রনাথ বললেন, ‘আমাদের অসংখ্য দেশের গান রয়েছে। কিন্তু যাঁরা এই দেশ স্বাধীন করেছেন, সেই বীর মুক্তিযোদ্ধাদের ওপর উল্লেখ করার মতো গানের সংখ্যা কম। সেই তাগিদ থেকেই রুনা লায়লাকে দিয়ে গান দুটি করানো। গান দুটি সারা বছরই রেডিওতে প্রচারিত হবে।’