বেদখল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা চলচ্চিত্রের এবং ভারতীয় আধুনিক জনপ্রিয় বাংলা গান এখন নতুন সংগীতায়োজনে গাইছেন এ প্রজন্মের শিল্পীরা। গানগুলো নতুন করে জনপ্রিয়তা পাচ্ছে ঠিকই, কিন্তু নতুন প্রজন্মের শ্রোতাদের কাছে এগুলো পরিচিতি পাচ্ছে নবীন ওই শিল্পীদের গান হিসেবেই। বেদখল হয়ে যাওয়া কিছু গানের প্রসঙ্গ ধরেই এ প্রতিবেদন।একটি অনুষ্ঠানে গান করছিলেন খুরশীদ আলম। শ্রোতারা তাঁদের পছন্দের গানের অনুরোধ লিখে চিরকুট পাঠাচ্ছিলেন তাঁর কাছে, তিনি গেয়ে শোনাচ্ছিলেন। হঠাৎ তাঁর কাছে একটি অনুরোধের চিরকুট এলো। তাতে লেখা ‘পান্থ কানাইয়ের ‘চুমকি চলেছে একা পথে’ গানটি শুনতে চাই। তিনি একটু অবাক হলেন। কারণ গানটির মূল শিল্পী তিনি নিজেই। কয়েক বছর আগে পান্থ কানাই এই গানটি নতুন সংগীতায়োজনে চুমকি রিমিক্স অ্যালবামে গেয়েছিলেন। নতুন প্রজন্মের শ্রোতারা ধরেই নিয়েছিলেন, গানটা পান্থ কানাইয়ের! একই ব্যাপার ঘটেছে ‘ওরে নীল দরিয়া’ গানটির বেলায়ও। আবদুল্লাহ আল-মামুন পরিচালিত সারেং বউ (১৯৭৮) ছবিতে মুকুল চৌধুরীর লেখা ও আলম খানের সুরে গানটা গেয়েছিলেন আবদুল জব্বার। গানটির রিমিক্স গেয়েছেন পান্থ কানাই এবং অনেকেই এটা পান্থ কানাইয়ের গান হিসেবে ভাবেন। এ রকম ঘটনা এখন প্রতিনিয়তই ঘটছে।‘আমি মেলা থেকে তালপাতার এক বাঁশি কিনে এনেছি’ লতা মুঙ্গেশকরের এক কালজয়ী গান। কনকচাঁপাও গানটা গেয়েছেন, তবে লতাকে ভুলে নতুন প্রজন্মের অনেকেই ভেবে নিয়েছেন যে এটা কনকচাঁপার গান। যেমন, শ্রোতারা এখন জানেন ‘ময়না গো’ গানটি জুলির। অথচ এটাও লতা মুঙ্গেশকরের গাওয়া। হাবিবের সংগীতায়োজনে ময়না গো অ্যালবামে জুলি শুধু এটার রিমিক্স গেয়েছেন। এই অ্যালবামেই নির্ঝর গেয়েছেন ‘একটা দেশলাইয়ের কাঠি জ্বালাও, তাতে আগুন পাবে’, যার মূল শিল্পী আশা ভোঁশলে। তাঁরই বিখ্যাত গান ‘খুব চেনা চেনা মুখখানি তোমার’। ফুয়াদের সংগীতায়োজনে এটা গেয়েছেন পুনম। একই অ্যালবামে হ্যাপী আখান্দের ‘কে বাঁশি বাজায় রে’ আর এন্ড্রু কিশোরের গাওয়া ‘ডাক দিয়াছেন দয়াল আমারে’ গান দুটি গেয়েছেন আনিলা। এফএম রেডিওর কল্যাণে (!) গানগুলো শ্রোতার কাছে এখন নির্ঝর, পুনম, আনিলার গান হিসেবে পরিচিত। যদি এ ধরনের রিমিক্স গানের মূল শিল্পী, গীতিকার ও সুরকারের নাম এফএম রেডিওর কথাবন্ধুরা উল্লেখ করতেন, তাহলে এ গানগুলো বেদখল হয়ে যেত না। প্রসঙ্গ টেনেই বলতে হয়, এ রকম আরও বেশ কিছু গান রিমিক্স করেছেন ফুয়াদ। এর মধ্যে আনিলার কণ্ঠে নজরুলের ‘ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে’ গানটি প্রশংসিত হলেও মিলার কণ্ঠে ‘শুকনো পাতার নূপুর পায়ে’ গানটির যাচ্ছেতাই অবস্থা। কিছু গান রিমিক্স করতে গিয়ে ফুয়াদ যা করেছেন, তা রীতিমতো সুস্থ মানুষের দেহে অস্ত্রোপচারের মতো। যেমন ‘নিটোল পায়ে রিনিক ঝিনিক পায়েলখানি বাজে’। শচীন দেব বর্মণের এই অসাধারণ গানটির, বলা যায়, এক টুকরা নিয়ে তিনি অন্য কথার সঙ্গে জোড়া দিয়েছেন; ফুয়াদের সঙ্গে এই কাটাছেঁড়া গানটি গেয়েছেন রাজিব। তাই শচীন দেবের নয়, রাজিবের গান হিসেবে পরিচিতি পেয়ে গেছে এটি। শচীন দেবের গান নিয়ে একটা অ্যালবাম করেছেন সন্দীপন, অ্যালবামে সেটা উল্লেখ না থাকায় গানগুলো তাঁর বলে অনেকে মনে করেন। নতুন প্রজন্মের অনেকেই জানে না ‘তুমি এসেছিলে পরশু’ গানটি শচীন দেবের। নতুন শ্রোতাদের অজ্ঞতা আর বহুলাংশে সংশ্লিষ্ট শিল্পীদের সত্য প্রকাশে অনীহার কারণে এভাবেই একজনের গান হয়ে যাচ্ছে আরেকজনের। হয়ে যাচ্ছে বেদখল। এভাবেই হ্যাপী আখান্দের ‘চলো না ঘুরে আসি অজানাতে’ গানটি নতুনদের অনেকেই জানেন সানবীমের গান হিসেবে। শেফালী ঘোষের ‘ওরে সাম্পানওয়ালা’ এখন সোনিয়া আর রাজিবের। এভাবে শাহ আবদুল করিমের গানও কখনো হয়ে যাচ্ছে হাবিবের, কখনো কায়ার, কখনো অন্য কারোর।এমনিতেই আমাদের দেশে গীতিকবি বা সুরস্রষ্টাদের খোঁজ হয় কম, শিল্পীর নামেই চলে গানগুলো; তাতে সেই শিল্পীরাও যদি আড়ালে পড়ে যান, তবে সেটা আরও দুঃখজনক বটে। বিষয়টা আরও কষ্টের হয়ে ওঠে, যখন দেখা যায়, নবীন এসব শিল্পীর অনেকেই সত্য কথাটা শুধু চেপেই যাচ্ছেন না, মিথ্যাও বলছেন। বেশ কিছুদিন আগে আরটিভিতে প্রচারিত সরাসরি গানের অনুষ্ঠানে গাইছিলেন আরিফুল ইসলাম। একজন শ্রোতার অনুরোধে তিনি গাইলেন ‘ঢাকো যত না নয়ন দু হাতে’। জানালেন, গানটা তাঁর প্রথম অ্যালবামের। অথচ একবারও তাঁর কণ্ঠে উচ্চারিত হলো না যে গানটি বিখ্যাত গজলশিল্পী মেহেদি হাসানের! আলী হোসেনের সুরে রাজা সাহেব (১৯৮২) ছবিতে তিনি গানটি গেয়েছিলেন। তেমনি মোস্তফা সরয়ার ফারুকীর ব্যাচেলর ছবিতে অভিনেতা হাসান মাসুদ ‘আজকে না হয় ভালোবাসো আর কোনো দিন নয়’ গানটি করেন। নতুন প্রজন্মের অনেকেই জানেন না, এই গানের মূল শিল্পী খুরশীদ আলম। সুরকার আলম খান, গীতিকার দেওয়ান নজরুল। সম্প্রতি বৈশাখী টিভির বর্ষপূর্তির আয়োজনে সরাসরি অনুষ্ঠানে গান করছিলেন তিশমা। একসময় নবীন এ গায়িকা ‘প্রজাপতি মন মেলুক পাখনা’ গানটি গাইলেন। মূলত এটা শ্রেয়া ঘোষালের গান। অথচ তিনি উপস্থাপককে জানালেন, ‘অনেকেই জানেন না, গানটি আমার!’প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অনেকেই এভাবে রিমিক্স গাওয়া গানগুলো ‘তাঁদের’ হিসেবে বোঝাচ্ছেন, যার ফল খুব একটা ভালো হচ্ছে না।রিমিক্স গানের বিষয়টি নিয়ে গায়ক পান্থ কানাই ও সংগীতায়োজক ফুয়াদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু ফুয়াদের দুটি মুঠোফোন বন্ধ থাকায় তাঁর মন্তব্য জানা যায়নি। মুঠোফোনে পান্থ কানাই বলেন, ‘এ গানগুলো রিমিক্স করা শিল্পীর গান ভাবার কোনো অবকাশ নেই। কারণ আগে থেকেই গানগুলো জনপ্রিয়।’ তিনি আরও বলেন, ‘বাবার নাম যেমন অস্বীকার করা যায় না, তেমনি এ গানগুলোর স্রষ্টা এবং শিল্পীর কথা অস্বীকার করার উপায় নেই। বিভিন্ন অনুষ্ঠানে আমিও তাঁদের নাম বলতে চেষ্টা করি।’ এ প্রসঙ্গে সুরকার আলম খান বলেন, ‘রিমিক্স করতে হলে যথাযথভাবে অনুমতি নিয়ে সিডিতে স্পষ্ট করে গানটার মূল শিল্পী, গীতিকবি ও সুরস্রষ্টার নাম লিখে দেওয়া বা টেলিভিশন চ্যানেলে যখন গানটি প্রচারিত হয়, তখন নিচে সেটা উল্লেখ করা উচিত। তবে খুবই লজ্জার ব্যাপার হচ্ছে, অনেকেই সেটা করেন না।’নবীন শিল্পীদের এ ‘না বলা’কে চৌর্যবৃত্তি এবং ভয়ংকর অপরাধ বলে উল্লেখ করছেন গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান। তিনি বলেন, ‘একটা গান মূলত একজন গীতিকবির এবং সুরস্রষ্টার, শিল্পীরও নয়। তবে ওই গানের জনপ্রিয়তার পেছনে শিল্পীর ভূমিকা অস্বীকার করা যাবে না। তাই যেকোনোভাবেই হোক, নতুন করে কোনো গান কেউ করলে এ তিনজনের নাম উল্লেখ করতেই হবে। না করাটা হবে অন্যায়।’ একটুখানি সদিচ্ছা থাকলেই এটা করা যায়। প্রাপ্তিস্বীকার কি খুব কঠিন কাজ?