বেদনাময় প্রেমগাথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেরিল স্ট্রিপ
মেরিল স্ট্রিপ

অজস্র অর্জন মেরিল স্ট্রিপের। সহজাত বা সাবলীল অভিনয়ের কিংবদন্তি তিনি। অ্যাকাডেমি অ্যাওয়ার্ড মনোনয়ন পেয়েছেন ১৯ বার, যা কিনা হলিউড চলচ্চিত্রের ইতিহাসে কোনো অভিনেত্রীর জন্য সবচেয়ে বেশি। আর সেই পুরস্কার তিনি জিতেছেন তিনবার।
এত কিছুর পরও ১৯৭৮ সালটাই সম্ভবত তাঁর মনে সবচেয়ে বেশি দাগ কাটে। কালজয়ী অভিনেত্রী হওয়ার পথে যাত্রা সবে শুরু, অথচ তখনই জীবনের সবচেয়ে বেদনাদায়ক অভিজ্ঞতার মুখোমুখি হন ভালোবাসার মানুষকে চিরতরে হারিয়ে।
বিষয়টি নিয়ে তিনি এখন কথাও বলতে চান না। কিন্তু ঘনিষ্ঠজনেরা এক বাক্যে স্বীকার করেন, স্ট্রিপের জীবনে সেই বছরটি ছিল সবচেয়ে ঘটনাবহুল ও নাটকীয়। আর সেটাই তাঁর ব্যক্তিত্ব আর শিল্পীসত্তার কাঠামোটা গড়ে দিয়েছিল।

জন ক্যাজাল ও মেরিল স্ট্রিপ
জন ক্যাজাল ও মেরিল স্ট্রিপ

তখন তিনি ২৯ বছরের দীপ্তিময়ী তরুণী। নিউইয়র্কের থিয়েটার জগতে সবে আলো ছড়াতে শুরু করেছেন। ফ্র্যাংকলিন স্ট্রিটে থাকেন প্রেমিক জন ক্যাজালের সঙ্গে, যিনি স্ট্রিপের চেয়ে বয়সে ১৪ বছরের বড়। বন্ধু আর সহকর্মীদের কাছে ক্যাজাল তখনই একজন কিংবদন্তিতে পরিণত হয়েছিলেন। বিখ্যাত অভিনেতা আল পাচিনো বলেন, অভিনয়ের ব্যাপারটা তিনি সবচেয়ে বেশি শিখেছেন জন ক্যাজালের কাছ থেকেই। তাঁর সঙ্গে জীবনভর অভিনয় করতে ইচ্ছে করত।
স্ট্রিপ ও ক্যাজালের প্রথম দেখা ১৯৭৬ সালে, সেন্ট্রাল পার্কে ম্যাজার ফর ম্যাজার নাটকে পরস্পরের বিপরীতে অভিনয় করতে গিয়ে। ক্যাজাল তখন ঠিক তারকা না হলেও ইন্ডাস্ট্রিতে একজন বিরল প্রতিভা হিসেবে স্বীকৃতি পেয়ে গেছেন। সেই যুগের বাঘা বাঘা অভিনেতার কাতারে স্থান ছিল তাঁর। কাজের ব্যাপারে আপসহীন, খুঁতখুঁতে আর সাংঘাতিক সচেতন ছিলেন। গডফাদার ও গডফাদার টু ছবিতে তিনি অভিনয় করেন ফ্রেডোর চরিত্রে।
আকর্ষণীয় চরিত্রের ক্যাজালকে দেখে মেরিল স্ট্রিপ দ্রুতই প্রেমে পড়লেন। ক্যাজালও সাড়া দিতে দেরি করেননি। একসঙ্গে সুখে-শান্তিতেই দিন কাটতে লাগল এই শিল্পী যুগলের। কিন্তু আফসোস, সেই সুখ বেশি দিন সইল না! ক্যাজাল আচমকা এতটাই অসুস্থ হয়ে পড়লেন যে মঞ্চে ‘অ্যাগামেমনন’ চরিত্রে অভিনয়ের সুযোগটাই হাতছাড়া হলো। অগত্যা চিকিৎসকের কাছে ছুটে গেলেন। পরীক্ষায় ধরা পড়ল ফুসফুসের ক্যানসার। সেটাও প্রায় অন্তিম পর্যায়ে, ছড়িয়ে পড়েছে ক্যাজালের সারা শরীরে। হতাশায় ভেঙে পড়লেন তিনি, কিন্তু অবিচল রইলেন মেরিল স্ট্রিপ। তিনি চাইছিলেন, ব্যাপারটা তাঁদের মধ্যেই থাকুক। ক্যাজালের ভাই স্টিফেনও তাৎক্ষণিক বুঝতে পারেননি অসুখটা কত দূর ছড়িয়েছে। আল পাচিনো ক্যাজালকে নিয়ে গেলেন রেডিয়েশন থেরাপির জন্য। ক্যাজাল জোর গলায় বলছিলেন, তিনি সেরে উঠবেন। আবার কাজ শুরু করবেন।
কিন্তু এমন সাংঘাতিক অসুস্থ অভিনেতাকে নতুন ছবিতে চুক্তিবদ্ধ করার ঝুঁকি কে নিতে চায়! তাই একে একে কয়েকটি বড় ছবি হাতছাড়া হলো ক্যাজালের। কিন্তু চিকিৎসার খরচ তো জোগাতে হবে। কেবল অর্থের জন্যই অনিচ্ছা সত্ত্বেও মেরিল স্ট্রিপ রাজি হলেন ‘হলোকস্ট’ নামের টেলিভিশন সিরিজে কাজ করতে। শুটিং হবে অস্ট্রিয়ায়, যেখানে যাওয়ার মতো শারীরিক অবস্থা ক্যাজালের তখন নেই। স্ট্রিপ তখন বুকে পাথর বেঁধে, পূর্ণ পেশাদারির পরিচয় দিয়ে গেলেন অস্ট্রিয়ায়। কাজটা আড়াই মাসে শেষ করে প্রিয়জনকে দেখার জন্য আকুল হয়ে নিউইয়র্কে ফিরে এলেন। তখন ক্যাজালের অবস্থা আগের চেয়ে আরও খারাপ। এরপরের পাঁচ মাস তাঁরা দুজন লোকচক্ষুর সম্পূর্ণ আড়ালে রইলেন। স্ট্রিপ পরে বলেছেন, ক্যাজালের ক্যানসার তখন হাড় অবধি ছড়িয়ে পড়েছিল। তাঁর সঙ্গে ডাক্তারের প্রতিটি অ্যাপয়েন্টমেন্ট আর প্রতিবার রেডিয়েশন থেরাপির সময় সঙ্গে ছিলেন স্ট্রিপ। একটিবারের জন্যও আশা ছাড়েননি, নিবিড় পরিচর্যা করে গেছেন।
১৯৭৮ সালের মার্চের শুরুতে মেমোরিয়াল স্নোয়ান কেটারিং ক্যানসার হাসপাতালে ভর্তি হন ক্যাজাল। এক মুহূর্তের জন্যও তাঁর পাশ ছেড়ে যাননি স্ট্রিপ। গত ১২ মার্চ রাত তিনটায় চিকিৎসক জানিয়ে দিলেন, ক্যাজাল চলে গেছেন।
তারপর স্ট্রিপের জীবনটাই বদলে গেল। এল একের পর এক সাফল্য। ‘হলোকস্ট’-এর জন্য পেলেন এমি পুরস্কার, দ্য ডিয়ার হান্টার ছবির জন্য অস্কার মনোনয়ন। ক্র্যামার ভার্সাস ক্র্যামার ছবিতে কাজের সুযোগ পেলেন, যা পরে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড জয় করে। সব মিলিয়ে বড় ধরনের তারকাখ্যাতি। কিন্তু ক্যাজালের মৃত্যু, আর নিজস্ব বেদনা তাঁকে বদলে দেয়, একজন ব্যক্তি এবং অভিনয়শিল্পী হিসেবে।
স্ট্রিপ পরে একজন সাংবাদিককে বলেন, ‘দেখুন, একজন মা যদি নিজের ছেলের যত্ন-আত্তি নিয়ে কথা বলেন, তাতে কি কোনো সমস্যা হয়? আমি মনে করি, সেবাই ভালোবাসার ক্ষেত্রে একমাত্র গুরুত্বপূর্ণ বিষয়। আর দায়িত্ব। ভালোবাসার জন্য লড়াইয়ে দায়িত্ব একটা ভালো ঢাল হিসেবে কাজ করে। আমি যতটুকু পারি, তা দিয়ে চেষ্টা করেছিলাম ওকে (জন ক্যাজাল) বাঁচানোর।’
একজন অভিনয়শিল্পী হিসেবে জীবনে এত কিছু অর্জনের পরও মেরিল স্ট্রিপের বন্ধু ও সহশিল্পীরা তাঁর সবচেয়ে বেশি প্রশংসা করেন ক্যাজালের জন্য তাঁর অফুরান ভালোবাসা, চারিত্রিক দৃঢ়তা আর অনন্য আত্মনিবেদনের কারণে। তরুণী বয়সেই তিনি এসব গুণের প্রমাণ দিয়েছেন। এমনভাবে ক্যাজালের সেবাযত্ন করেছিলেন, যেন পৃথিবীতে আর কেউই তখন ছিল না। ভালোবাসার প্রতি কখনোই বিশ্বাসঘাতকতা করেননি, ক্যাজালের মৃত্যুর পরও।
আশিস আচার্য
নিউইয়র্ক পোস্ট অবলম্বনে