বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সোমবার উদ্যাপিত হলো বেতার নাট্যকার-নাট্যশিল্পী সংসদের (বেনানাশিস) রজতজয়ন্তী। অনুষ্ঠানমালার মধ্যে ছিল শোভাযাত্রা, সম্মাননা পদক প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বেতার নাটকে বিভিন্ন শাখায় অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ আটজন গুণী শিল্পীকে সম্মাননা দেওয়া হয়। বেনানাশিস আজীবন সম্মাননা পেয়েছেন আলেয়া ফেরদৌসী। শ্রেষ্ঠ নাট্যকারের সম্মাননা পেলেন কাজী জাকির হাসান, শ্রেষ্ঠ প্রযোজক আবদুল আজিজ, শ্রেষ্ঠ অভিনেতা নগেন বর্মণ। বিশেষ সম্মাননা পেয়েছেন বেগম মুশতারী শফী, মোহাম্মদ শহিদুল ইসলাম, মোহাম্মদ আবদুর রশিদ ও কাবেরী মুস্তফা। সম্মাননা স্মারক তুলে দেন সংগঠনের চেয়ারপারসন আলেয়া ফেরদৌসী ও মহাসচিব কাজী জাকির হাসান। অনুষ্ঠানে আরও ১৫ জনকে সংগঠক সম্মাননা দেওয়া হয়। শ্রেষ্ঠ সংগঠকের পুরস্কার পেয়েছেন কাজী জাকির হাসান। সংগঠকের পুরস্কার পেয়েছেন নূর-ই-হাফজা, মাজহারুল ইসলাম, তাপস সরকার, এম এ জলিল, এনায়েত এ মওলা, জেসমীন রাজ, মনজুরুল ইসলাম, ইলিয়াস হায়দার, মীর নাসির আহমেদ, মহিতুজ্জামান লাবলু, লুত্ফুল আহসান, রেখা রানী গুণ, তৃপ্তি চক্রবর্তী ও শাহাদাত্ হোসেন।লোকসাহিত্য পুরস্কারকবিতার জন্য ২০১১ সালের ‘লোকসাহিত্য পুরস্কার’ ও কথাসাহিত্যের ছোট কাগজ কথা প্রকাশ-এর জন্য ‘লিটলম্যাগ প্রাঙ্গণ পুরস্কার’ পেয়েছেন কবি মুজিব মেহেদী ও কথাসাহিত্যিক কামরুজ্জামান জাহাঙ্গীর। গতকাল সোমবার জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তরুণ দুই লেখকের হাতে এ পুরস্কার তুলে দেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।পশ্চিমবঙ্গের কবি কুমার চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌতম চৌধুরী, শিহাব শাহরিয়ার, আহমাদ মোস্তফা কামাল, রবিউল করিম, শেখ ফিরোজ আহমদ প্রমুখ।স্বাগত বক্তব্য লোক-এর সম্পাদক কবি অনিকেত শামীম বলেন, দেশে সাহিত্যের ছোট কাগজ আন্দোলনে লোক-এর ভূমিকা ইতিমধ্যে সাহিত্যিক মহলে ব্যাপক সমাদৃত হয়েছে। লোক ২০০৯ সাল থেকে এ সাহিত্য পুরস্কার দিয়ে আসছে। বাংলা সাহিত্যকে আরও এগিয়ে দেওয়ার জন্য লোক তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবে।আফরোজা সোমার সঞ্চালনায় পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গেয়ে শোনান শিল্পী মাশফিদা ও কাজলরেখা। অনুষ্ঠানে ২০১২ সালের জন্য লোকসাহিত্য পুরস্কার ঘোষণা দেওয়া হয়। এ পুরস্কার পেয়েছেন নব্বইয়ের দশকের কবি মাহবুব কবির। তাঁকে আগামী বছর আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার দেওয়া হবে।সাহিত্যের ছোট কাগজ লোক-এর এক দশক পূর্তি উপলক্ষে ২০০৯ সাল থেকে একজন তরুণ লেখককে ২৫ হাজার টাকা অর্থ মূল্যমানের লোকসাহিত্য পুরস্কার ও একটি সাহিত্যের ছোট কাগজকে ১০ হাজার টাকা মূল্যমানের লিটলম্যাগ প্রাঙ্গণ পুরস্কার দেওয়া হচ্ছে।কমল দাশগুপ্ত স্মরণে ক্রান্তির সাংস্কৃতিক সন্ধ্যাপ্রখ্যাত সুরকার কমল দাশগুপ্তের স্মরণে গতকাল সোমবার শিল্পকলা একাডেমী জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীরা একের পর এক কালজয়ী বাংলা গান পরিবেশন করে দর্শক-শ্রোতাদের বিমোহিত করেন ক্রান্তিগোষ্ঠীর শিল্পীরা। এর আগে কমল দাশগুপ্তকে নিয়ে আলোচনা করেন নজরুল-গবেষক অধ্যাপক রফিকুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম কুদ্দুছ, গণসংগীত সমন্বয় পরিষদের সভাপতি ফকির আলমগীর, ক্রান্তি শিল্পীগোষ্ঠীর ভারপ্রাপ্ত সভাপতি নীলুফার জাহান। স্বাগত বক্তব্য দেন ঝর্ণা আলমগীর।‘পৃথিবী আমারে চায়’, ‘লাগুক দোলা লাগুক দোলা’, ‘যদি আপনার মনে মাধুরী’, ‘মন নিয়ে প্রিয় যেয়ো না চলে’, ‘মোর না মিটিতে আসা’, ‘আমার এ ভালোবাসা’সহ ২০টির বেশি গান পরিবেশন করেন শিল্পীরা। শিল্পীরা হলেন প্রলয় সাহা, স্যামসন সরকার, ক্রিস্টোফার পল্লব গমেজ, শাহনাজ আখতার, সুমন চৌধুরীসহ অনেকে।ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষার বিবর্তন নিয়ে অনুষ্ঠানবাংলা ভাষার বিবর্তন নিয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও ভাষা ক্লাব ‘আলাপন’ নামের এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, বিশেষ অতিথি ছিলেন ব্র্যাক ভাষা ইনস্টিটিউটের পরিচালক সৈয়দা সারওয়াত আবেদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-উপাচার্য অধ্যাপক গোলাম সামদানী ফকির ও রেজিস্ট্রার ইসফাক ইলাহী চৌধুরী। আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, বাংলা ভাষাকে রক্ষার জন্য সার্বক্ষণিক সচেষ্ট থাকতে হবে। তিনি বিভিন্ন উদাহরণের মাধ্যমে বাংলা ভাষার বিবর্তন ও সমৃদ্ধির বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, ‘একটি আত্মমর্যাদাশীল রাষ্ট্র তখনই হবে, আমরা যখন আমাদের নিজ ভাষার সঠিক মর্যাদা দেব।’ পরে তিনি ছাত্রছাত্রীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।অনুষ্ঠানে ক্লাবের একটি স্মারক উপহার দেওয়া হয় আবদুল্লাহ আবু সায়ীদকে। সৈয়দা সারওয়াত আবেদ সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। বিজ্ঞপ্তি।