বেফাঁস মন্তব্য করে বিপাকে দেব!

ভারতের পশ্চিমবঙ্গের চলচ্চিত্র তারকা দেব এবার লোকসভা নির্বাচনে রাজ্যের ঘাটাল আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূল কংগ্রেসের টিকিটে। সম্প্রতি নির্বাচন নিয়ে কলকাতার একটি দৈনিকে বেফাঁস মন্তব্য করতে গিয়ে বিপাকে পড়েছেন তিনি।
দৈনিক পত্রিকাটির সঙ্গে এক সাক্ষাত্কারে নায়ক দেবকে জিজ্ঞাসা করা হয়, নির্বাচনের প্রতিযোগিতাকে তিনি কীভাবে উপভোগ করছেন? এর জবাবে দেব বলেন, ‘ধর্ষিত হওয়ার মতো অনুভূতি হচ্ছে। হয় চিত্কার করো, না হলে উপভোগ করো।’ আর এই মন্তব্যের কথা গতকাল সোমবার প্রকাশিত হওয়ার পর সমালোচনার ঝড় ওঠে রাজনীতিতে।
বিভিন্ন মহল থেকে দেবের প্রতি ধিক্কার জানানো হয়। এরপর গতকালই গভীর রাতে দেব টুইট করে ক্ষমা চেয়ে নেন। বলেন, ‘আমি রাজনীতিতে নতুন। কাউকে আমি কোনো আঘাত দিতে চাইনি। সবার প্রতি আমার সম্মান রয়েছে। আমি সত্যিই দুঃখিত।’
দেবের মন্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে কংগ্রেসের রাজ্য সভাপতি অধীর চৌধুরী বলেছেন, দেবের এ ধরনের মন্তব্য অপরিণত রাজনীতির ফসল। আর সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেছেন, দেবকে যে চাপ দিয়ে প্রার্থী করা হয়েছে তা তাঁর ওই মন্তব্যেই প্রকাশ পেয়েছে।