বেবী জামানের অবস্থার উন্নতি
জানুয়ারি মাসে বাথরুমে পড়ে গিয়ে গুরুতর আঘাত পান চলচ্চিত্র অভিনেতা বেবী জামান। চিকিৎসকের পরামর্শে তখনই তাঁর প্রাথমিক চিকিৎসা করানো হয়। অবস্থার কিছুটা উন্নতি হলে তাঁকে বাসায় নেওয়া হয়। বাসায় আনার কয়েক দিন পর থেকে তাঁর শরীরের অবস্থা আরও খারাপ হতে থাকে। হঠাৎ তাঁর ডায়াবেটিস নিয়ন্ত্রনের বাইরে চলে যায়। তা ছাড়া মূত্রনালির সমস্যাসহ বেশ কিছু বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন প্রবীণ এই অভিনেতা।বেবী জামানের ব্যক্তিগত চিকিৎসক শামসুল আরেফিন বলেন, তাঁর শরীরের অবস্থা এখন কিছুটা ভালো। ডায়াবেটিসজনিত যে সমস্যা ছিল সেটা এখন নিয়ন্ত্রণের মধ্যেই আছে। তবে প্রশ্রাব এখনো কৃত্রিম উপায়ে করছেন। সবকিছু মিলিয়ে শারীরিক অবস্থা এখন কিছুটা উন্নতির দিকে।বেবী জামানের স্ত্রী রওশন আরা জামান বলেন, ‘আল্লাহর রহমতে উনার অবস্থা এখন কিছুটা ভালো। তবে কথাবার্তা খুব একটা বলেন না। কেন জানি মনে হচ্ছে, মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছেন তিনি। আমরা আসলে সবাই খুবই চিন্তিত উনাকে নিয়ে। পুরো দেশবাসীর কাছে আমার আবেদন, সবাই যেন তাঁর জন্য দোয়া করেন। মূলত ২০০৩ সালে হার্ট ফাউন্ডেশনে তাঁর ওপেন হার্ট সার্জারির পর থেকে তিনি অসুস্থতায় ভুগছিলেন।’ বেবী জামানের জন্ম ১৯৩৩ সালের ২৮ জানুয়ারি কলকাতায়। চার ভাই তিন বোনের মধ্যে বেবী জামান মেজো। পারিবারিক নাম চৌধুরী বদরুজ্জামান। বেবী জামান প্রথম চলচ্চিত্রে অভিনয় করেন কাজী খালেকের মেঘে ঢাকা তারা ছবিতে। ছবিটিতে তিনি একজন কমেডিয়ানের ভূমিকায় অভিনয় করেন। মেঘে ঢাকা তারা ছবিতে প্রথম অভিনয় করলেও প্রেক্ষাগৃহে বেবী জামানের প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি হচ্ছে সুভাষ দত্তের সুতরাং।বেবী জামান ৫০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। তাঁর অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলো হচ্ছে, কাগজের নৌকা, ১৩ নং ফেকু ওস্তাগার লেন, সুয়োরানী দুয়োরানী, দুই ভাই, জীবন থেকে নেয়া, মোহসীন, রাজলক্ষ্মী শ্রীকান্ত, সমাপ্তি, যোগ বিয়োগ, টাকা আনা পাই, দুটি মন দুটি আশা, অচেনা অতিথি, বড় বউ প্রভৃতি। ছবিতে অভিনয় করার পাশাপাশি তিনি প্রযোজনার কাজও করেছেন।