বেবীর প্রযোজনা প্রতিষ্ঠান
অডিও প্রযোজনা প্রতিষ্ঠান খোলার ঘোষণা দিলেন বেবী নাজনীন। জানালেন, দেশে ও দেশের বাইরের বাংলাভাষী শ্রোতাদের জন্য রুচিশীল গানের অ্যালবাম বের করা হবে এ প্রতিষ্ঠান থেকে। বাংলাদেশ ও ভারতের কলকাতায় এ প্রতিষ্ঠানের কার্যক্রম চলবে। গত সোমবার ছিল বেবী নাজনীনের জন্মদিন। এ উপলক্ষে আয়োজিত এক ঘরোয়া অনুষ্ঠানে আরও জানানো হয়, এবার ঈদে আসছে তাঁর ৪৩তম একক অ্যালবাম। বেবী নাজনীন বলেন, ‘প্রযোজনা প্রতিষ্ঠান গড়ার স্বপ্ন আমার অনেক দিনের। আর এর প্রস্তুতি চলছে অনেক আগে থেকেই। এখন সবকিছু চূড়ান্ত পর্যায়ে। আশা করছি, শিগগিরই এর আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারব।’ঈদে তাঁর নতুন অ্যালবাম প্রসঙ্গে বলেন, ‘কয়েক মাস ধরে দেশের বাইরে বিভিন্ন অনুষ্ঠান নিয়ে খুব ব্যস্ত ছিলাম। তাই এবার ঈদের অ্যালবামটি নিয়ে একটু সংশয় ছিল। শেষ পর্যন্ত দর্শক-শ্রোতার কথা ভেবে অ্যালবামটি বাজারে ছাড়ার উদ্যোগ নিয়েছি। একটু তাড়াহুড়োর মধ্যে কাজটি করতে হয়েছে। এখানে পুরোনোদের পাশাপাশি নতুন গীতিকারের গানও থাকছে। প্রতিটি গানের কথা আমার কাছে চমৎকার মনে হয়েছে।’ তিনি জানান, ঈদের আগে অ্যালবামটির একই সঙ্গে অডিও ও ভিডিও সিডি বের করছে সংগীতা।