বের হলো ফরিদুর রেজা সাগরের 'কিশোরসমগ্র'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ শিশু একাডেমী প্রাঙ্গণে গতকাল শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের কিশোরসমগ্র–এর মোড়ক উন্মোচন করেন লেখক ও অতিথিরা l ছবি: প্রথম আলো
বাংলাদেশ শিশু একাডেমী প্রাঙ্গণে গতকাল শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের কিশোরসমগ্র–এর মোড়ক উন্মোচন করেন লেখক ও অতিথিরা l ছবি: প্রথম আলো

শিশুদের উপযোগী করে কিছু লেখা অত্যন্ত কঠিন কাজ। তাদের মনের অলিগলি দুর্বোধ্য। মন সৃজনশীলতায় পূর্ণ। তাদের মনোজগতে আলোড়ন সৃষ্টি করতে না পারলে তা তারা গ্রহণ করে না। ফরিদুর রেজা সাগর সে কঠিন কাজটিই করছেন। তিনি কিশোর উপযোগী সাহিত্য রচনা করছেন এবং কিশোর-কিশোরীরা বেশ ভালোভাবে তা গ্রহণ করেছে। এটি একটি বড় প্রাপ্তি।
শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের ১২ খণ্ডের কিশোরসমগ্র-এর প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। গতকাল শুক্রবার সকালে বাংলাদেশ শিশু একাডেমী প্রাঙ্গণে সময় প্রকাশন এ অনুষ্ঠানের আয়োজন করে।
‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’ গানের সঙ্গে শিশুদের সমবেত নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। প্রকাশনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সময় প্রকাশনের স্বত্বাধিকারী ফরিদ আহমেদ। বক্তব্য দেন লেখক ইমদাদুল হক মিলন, গবেষক শাহরিয়ার কবির, অভিনেতা ও লেখক আফজাল হোসেন, শিশুসাহিত্যিক আলী ইমাম ও শিশু একাডেমীর পরিচালক আনজীর লিটন। সভাপতিত্ব করেন কবি আসাদ চৌধুরী।
ফরিদুর রেজা সাগর অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘আমাদের বাসায় সব সময় অনেক বেশি বই থাকত। আমার ছোট দুই কন্যা বইয়ের পাতা উল্টেপাল্টে দেখত। এভাবে বইয়ের প্রতি ছোটদের মনোযোগ ও ভালোবাসা দেখেই আমি শিশুসাহিত্য রচনায় উজ্জীবিত হই।’
বই আর শিশুসাহিত্য নিয়ে গুণীজনদের আলোচনা শেষে গান শোনান কণ্ঠশিল্পী কোনাল।