বেলজিয়ামে কুচার-মিলা
‘হোম অ্যালোন’ তারকা ম্যাকলি কালকিন ও মার্কিন অভিনেত্রী মিলা কুনিসের দীর্ঘদিনের প্রেমের ইতি ঘটেছিল ২০১১ সালে। গত বছরের এপ্রিলে মার্কিন অভিনেতা অ্যাস্টন কুচারের সঙ্গে মিলার প্রেমের খবর চাউর হয়। এরপর পেরিয়েছে এক বছর। সম্প্রতি ছুটি কাটাতে বেলজিয়ামে গিয়েছেন এই তারকা যুগল। সেখানে দারুণ সময় কাটাচ্ছেন তাঁরা। এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে ‘পিপল ম্যাগাজিন’ জানিয়েছে, বেলজিয়াম সফরে গিয়ে প্রেমের জোয়ারে ভাসছেন কুচার ও মিলা। দেশটির ঐতিহাসিক বিভিন্ন জায়গা পরিদর্শন করেছেন। গত রোববার ঘোড়ার গাড়িতে চেপে ঘুরে বেড়িয়েছেন। সেসময় একে অপরের হাত ধরে রেখেছিলেন কুচার ও মিলা। শুধু তাই নয়, লোকলজ্জা ভুলে দুজন দুজনকে চুমুও খেয়েছেন।এর একদিন আগে পায়ে হেঁটে শহরের বিভিন্ন স্থানে ঘুরতে দেখা গেছে এ জুটিকে। হাঁটতে হাঁটতে স্থানীয় বিপণিবিতানে থেমেছেন, ঢুঁ মেরেছেন বিখ্যাত সব চকোলেটের দোকানে। এরপর তিন তারকা রেস্তরাঁয় খাবার খেয়েছেন। মজাদার নানা পদের খাবার খেয়ে বের হওয়ার সময় রেস্তরাঁর হেঁশেলে ঢুকে বাবুর্চিকে ধন্যবাদও দিয়েছেন।