
‘ভেবেছিলাম “ইস্টিশন” গানটি নিয়ে কিছু একটা হবে । কিন্তু হলো “নিশিপক্ষী” নিয়ে। সুরকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে গেলাম। ২০১৩ সালে গানটিতে কণ্ঠ দিয়েছিলেন মমতাজ। তখন তিনি বলেছিলেন, বেলাল এই গান নিয়ে কিছু একটা হবে।’—২১ মার্চ প্রথমআলোর কার্যালয়ে এসে বললেন সংগীতশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক বেলাল খান। তিনি জানান, মাসুদ পথিকের নেকাব্বরেরমহাপ্রয়াণ ছবিতে তার গাওয়া ‘ইস্টিশন’ গানটিও গ্রহণ করেছেন শ্রোতারা। শ্রোতাদের কাছে বেলাল পৌঁছে যান তাঁর ‘পাগল তোর জন্য রে’ গানটি দিয়ে।
২০০৯ সালে মনির খান ও বেবী নাজনীনের দুটি একক অ্যালবামের জন্য গানের সুর করার সুযোগ পান বেলাল। কিছুদিন পর পরিচালক মঈন বিশ্বাস এক আড্ডায় গুণগুণ করে গেয়েছিলেন ‘পাগল তোর জন্য রে’ গানটি। গানের কথা পছন্দ হওয়ায় এই নামেই চলচ্চিত্র তৈরি করেন মঈন। ছবির ওই গানে ন্যানসির সঙ্গে কণ্ঠ দেন বেলাল। দারুণ জনপ্রিয়তা পায় গানটি। এই গানের জন্য ‘মেরিল-প্রথম আলো পুরস্কার’ পান ন্যানসি। আর বেলাল একসঙ্গে পেয়ে যান অনেক কাজের প্রস্তাব। চলচ্চিত্র, মিশ্র অ্যালবাম আর নাটকের টাইটেল গান তৈরি, আর তাতে সুর ও কণ্ঠ দেন তিনি। আকাশকতদূরে, অল্পঅল্পপ্রেমেরগল্প, ভোলাতোযায়নাতারে, অচেনাহৃদয়সহ কয়েকটি ছবির গান করেন তিনি।
২০১২ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম অ্যালবাম আলাপন। এই অ্যালবামের ‘একমুঠো স্বপ্ন’সহ কয়েকটি গান পছন্দ করেন শ্রোতারা। গানগুলোর জন্য একাধিক পুরস্কার পান বেলাল। এ ছাড়া ‘দলিল’, ‘ভালোবাসি’, ‘একলা প্রহর’, ‘সোনাপাখি’ ও ‘রঙ’ গানগুলোও শ্রোতাপ্রিয়তা পায়। ২০১৪ সালে নিজের সুর ও সংগীত পরিচালনায় তিনি প্রকাশ করেন মিশ্র অ্যালবাম শুনতেকিপাও। গত বছর প্রকাশিত হয় তাঁর দ্বিতীয় একক অ্যালবাম আরএকটিবার। এই অ্যালবামের ‘বাজি’ গানটি জনপ্রিয়তা পেয়েছে। ইউটিউবে এরই মধ্যে ৩২ লাখেরও বেশিবার দেখা হয়েছে গানটির মিউজিক ভিডিও।
২০০০ সালে টাঙ্গাইলের সখীপুর থেকে ঢাকায় আসেন বেলাল খান। এলাকার বড় ভাই সাইফুরের সঙ্গে মোহাম্মাদপুর তাজমহল রোডের এক মেসে ওঠেন। ভর্তি হন এক মাদ্রাসায়। কিন্তু তাঁর মাথায় ঘুরছে গান। বেলাল বলেন, ‘মা-বাবা আমার গান গাওয়া পছন্দ করতেন না। ঢাকায় আসার পর সব বদলে যায়। মা-বাবা এর কিছুই জানতে পারেননি। ক্লাসের ফাঁকে মামার দেওয়া এমপিথ্রি প্লেয়ারে গান শুনতাম। যখনই মাথায় কোনো সুর আসে, তা রেকর্ড করে রাখতাম।’
এরপর বেলাল ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তাঁর গান শুনে শিক্ষক আর বন্ধুরা অনুপ্রাণিত করতেন। ওই সময় বন্ধুত্ব হয় শিল্পী পারভেজ ও জয় শাহরিয়ারের সঙ্গে। শুরু হয় তাঁর সংগীতযাত্রা। ২০১৪ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার পর নতুনভাবে পথ চলতে শুরু করেন তিনি। জানালেন, চলতি ধারার বাইরে কিছু করা যায় কি না, সে চেষ্টাই করছেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফারসি ভাষা ও সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করার পর পরিবারের সদস্যরা চেয়েছিলেন বেলাল চাকরি করুক। কিন্তু তাঁর মন জুড়ে যে ছিল শুধু গান। সামনের দিনগুলোতে এই গান নিয়েই থাকতে চান বেলাল খান।