বেশরম রণবীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেশরম ছবিতে রণবীর কাপুর
বেশরম ছবিতে রণবীর কাপুর

তিনি একেবারেই বেশরম। সরষে খেতের পাশে দাঁড়িয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে দিতে তিনি গুনগুন করে গাইতে লাগলেন ‘তুঝে দেখা তো ইয়ে জানা সনম...’। বেজায় চটতেই পারেন শাহরুখ-ভক্তরা। দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে ছবিতে এমনই এক সরষে খেতে এই গানটির দৃশ্য ধারণ করেছিলেন শাহরুখ খান। ছবির ট্রেলারে এমন দৃশ্য দেখে তাই লাইকের বদলে ইউটিউবে পড়ে গেল হাজার হাজার ডিজলাইক। অবশ্য সবই খান-ভক্তদের কারসাজি। এসব ডিজলাইকের থোড়াই কেয়ার করেন তিনি। কারণ, বলিউডের পরবর্তী বাদশাহ হতে সবকিছুই বিসর্জন দিতে রাজি তিনি, এমনকি গায়ের শেষ সুতাটিও। আর তাই তো বরফি থেকে বদ-তমিজ হয়ে; এখন তিনি বেশরম! তিনি রণবীর কাপুর। গতকাল মুক্তি পেয়েছে রণবীরের নতুন ছবি বেশরম।
বেশরম শাহরুখের চেন্নাই এক্সপ্রেস-এর বক্স অফিস রেকর্ড ভাঙতে পারবে তো? মুক্তির আগে থেকেই শুরু হয়ে গেছে এই জল্পনা-কল্পনা। কারণ একটাই। এই মুহূর্তে বিটাউনে খানদের সঙ্গে টেক্কা দিতে পারার মতো কেউ যদি থাকেন, তিনি একমাত্র রণবীরই। আর তাই ভারতজুড়ে মোট তিন হাজার ৬০০ সিনেমা হলে একযোগে মুক্তি পেয়েছে এই বেশরম। কিং খানের একটা রেকর্ড তো ভেঙেই গেল। শাহরুখের চেন্নাই এক্সপ্রেস একযোগে ভারতের তিন হাজার ৫০০ সিনেমা হলে মুক্তি পেয়েছিল। তবে এতেও ছবির প্রযোজনা সংস্থা রিলায়েন্স এন্টারটেইনমেন্টের শান্তি মিলছে না। রিলায়েন্স নাকি চেয়েছিল ভারতব্যাপী চার হাজার হলে ছবিটির মুক্তি দিতে। এত দিন পর্যন্ত খানরাই কেবল বেশিসংখ্যক হলে ছবি মুক্তি দিতেন। খানদের পর বিটাউনের এই রাজকুমার যে বলিউডের রাজার আসনটা নিজের করে নিতে যাচ্ছেন, তা এখন থেকেই আঁচ করা যাচ্ছে। তবে বলিউডের আগামী দিনের এই রাজার ফিল্মি ক্যারিয়ারের শুরুটা অবশ্য ক্যামেরার পেছনেই। ১৯৯৯ সালে বাবা ঋষি কাপুরের আ আব লট চলে এবং ২০০৫ সালে বনসালির ব্ল্যাক ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেই বলিউডের পথ চলা শুরু রণবীরের। কাপুর পরিবারের ছেলে হওয়ায় অনেকেই বলে—অভিনেতা হয়েই জন্মেছিলেন তিনি। বাবা ঋষি কাপুর ও দাদা রাজ কাপুর দুজনেই বলিউডের এককালের পর্দা কাঁপানো অভিনেতা। তবে রণবীরের সমালোচকেরাও এ কথা স্বীকার করেন যে শুধু পরিবারের তকমা গায়ে লাগিয়ে অভিনেতা হতে আসেননি তিনি। প্রস্তুতিও ছিল পুরোপুরি। পড়াশোনা করেছেন নিউইয়র্কের লি স্টাসবার্গ থিয়েটার অ্যান্ড ফিল্ম ইনস্টিটিউটে। ২০০৭ সালে সঞ্জয় লীলা বানসালির ছবি সাওয়ারিয়ায় প্রথম অভিনয় করেন রণবীর। বক্স অফিসে মুখ থুবড়ে পড়া সেই ছবিতে দু-একটা প্রশংসাবাণী আর ফিল্মফেয়ারের সেরা নবাগত পুরস্কার ছাড়া কিছুই জোটেনি। ক্যারিয়ারের শুরুতেই বড় ধরনের ধাক্কা। তবে প্রথম ছবি ফ্লপের কথা ভুলে গিয়ে নিজের অভিনয় প্রতিভাকে কাজে লাগিয়ে রণবীর তাঁর দ্বিতীয় ছবিতেই জয় করে নেন দর্শকের হূদয়। বাচনা হ্যায় হাসিনো ছবিতে তিন নায়িকার বিপরীতে একাই অনবদ্য অভিনয়ের মাধ্যমে বুঝিয়ে দেন অন্যান্য বলিউড তারকার চেয়ে তিনি কোনো অংশে কম নন। এর পরের গল্পটা শুধুই সাফল্যের। ওয়েক আপ সিড, আজাব প্রেম কি গাজাব কাহানি, রাজনীতি, রকস্টার, বরফি, ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানির মতো ছবিতে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে চকলেট বয় রণবীর নিজেকে পরিপূর্ণ নায়ক হিসেবে তুলে ধরেছেন দর্শকদের সামনে।

বেশরম ছবির দৃশ্য
বেশরম ছবির দৃশ্য

রণবীরের নতুন ছবি বেশরম-এর কাহিনি গড়ে উঠেছে একজন অসংযত আচরণের মানুষকে ঘিরে। বাবলি নামের সেই চরিত্রটি প্রসঙ্গে রণবীর বলেন, ‘ব্যক্তিগত জীবনে আমি আসলে লাজুক প্রকৃতির। কিন্তু ক্যামেরার সামনে নিজেকে বদলে দিই। একজন অভিনেতার জন্য ক্যামেরার সামনে বেশরম হওয়া খুবই জরুরি। অন্যথায় দর্শকদের সামনে চরিত্রটি ফুটিয়ে তোলা কঠিন কাজ। ছবিতে আমার ঠিক উল্টো চরিত্র বাবলি। যে কিনা রাস্তায় খুবই খোলামেলা। কোনো কাজ করতেই সে লজ্জা পায় না। আশা করি ছবিটি দেখে দর্শকেরা ভীষণ আনন্দ পাবে।’
ছবিতে রণবীরের বিপরীতে অভিনয় করেছেন একেবারে নতুন মুখ পল্লবী শারদা। পল্লবীকে এর আগে দেখা গিয়েছিল মাই নেম ইজ খান-এর একটা গানে। এ ছাড়া লাভ ব্রেক আপ জিন্দেগি ছবিতেও অভিনয় করেছেন তিনি। তবে এই প্রথমবারের মতো নায়িকার চরিত্রে অভিনয় করলেন পল্লবী। সেই সঙ্গে পুরো ‘কাপুর’ পরিবারকেই দেখা যাবে পরিচালক অভিনব সিং কাশ্যপের এই ছবিতে। প্রথমবারের মতো ছেলের সঙ্গে কাজ করলেন রণবীরের মা নীতু কাপুর ও বাবা ঋষি কাপুর। খান-ভক্তদের বলছি, রণবীর কিন্তু বার্সেলোনা আর মেসির চরম ভক্ত। আপনিও যদি বার্সা-মেসির ভক্ত হয়ে থাকেন, তবে এই বেশরমের সঙ্গে একবার হাত মিলিয়েই দেখুন না! নিশ্চিত, এই বেশরমেরই ভক্ত হয়ে যাবেন ।
 সাজিদুল হক
ইন্ডিয়ান এক্সপ্রেস, মুম্বাই মিরর, ইন্ডিয়া টাইমস, বলিউড হাঙ্গামা, জিনিউজ, উইকিপেডিয়া অবলম্বনে