বেসিক আলী আসছে ইউটিউবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেসিক আলীর একটি দৃশ্য
বেসিক আলীর একটি দৃশ্য

যাঁরা প্রথম আলোর নিয়মিত পাঠক, তাঁদের কাছে নিশ্চয় চরিত্রগুলো চেনা। বেসিক আলী, ম্যাজিক আলী, তালিব আলী, মলি বা রিয়া হক তো এত দিনে সবার ঘরের মানুষই হয়ে গেছে। প্রতিদিন তাদের নানা ধরনের কর্মকাণ্ড পাঠকমাত্রই দেখেন প্রথম আলোর সম্পাদকীয় পাতায়। কার্টুন স্ট্রিপ হিসেবে ১০ বছরের বেশি সময় ধরে পাঠকেরা দেখছেন তাদের। এবার এই সব চরিত্র পত্রিকার পাতার পাশাপাশি দেখা যাবে অনলাইনে মাল্টি িমডিয়া সিরিজ িহসেবে। বেসিক থেকে শুরু করে প্রতিটি চরিত্রে অভিনয় করেছেন দেশের বেশ কজন তারকা অভিনয়শিল্পী।

িরকশাওয়ালা গরিব–এ–নেওয়াজ ও বেসিক আলী
িরকশাওয়ালা গরিব–এ–নেওয়াজ ও বেসিক আলী

এসব বিষয়ে গত সোমবার কথা হলো বেসিক আলীর জনক শাহরিয়ারের সঙ্গে। জানতে চাওয়া হয়েছিল, এই ১০ বছর শেষে বেসিক আলী কী পেল?

‘পাঠক পছন্দ করেছে, এখন দর্শক পছন্দ করবে।’ জানালেন, জনপ্রিয় কার্টুন স্ট্রিপ বেসিক আলী কমেডি সিরিজ হিসেবে আসছে পর্দায়। এরই মধ্যে সকল কর্মযজ্ঞ শেষ করে এখন শুধু দর্শকের সামনে পরিবেশনের অপেক্ষা।

কেন এমন উদ্যোগ?

শাহরিয়ার বললেন, ‘গত বছর বেসিকের ১০ বছর পূর্তির পরপরই নতুন কিছু করার পরিকল্পনা ছিল। অন্য রকম কিছু। সব মানুষই তো চায় নিজেকে নতুন করে আবিষ্কার করতে। তাই বেসিক আলী পর্দায় নিয়ে আসা সে রকম একটি উদ্যোগ।’

মলি আলী ও নীলা আলীর চরিত্রে বিজরী বরকত উল্লাহ ও ফারহানা মিলি
মলি আলী ও নীলা আলীর চরিত্রে বিজরী বরকত উল্লাহ ও ফারহানা মিলি

এই উদ্যোগের প্রথম ধাপ শুরু হয়েছিল ১০ বছর পূর্তির পরপরই। বেসিক চরিত্রই শুধু নয়, এই কার্টুন সিরিজের বিভিন্ন চরিত্রে কারা অভিনয় করবেন, শুরু হয়েছিল তারই প্রক্রিয়া। অডিশন, স্ক্রিন টেস্ট, যাচাই-বাছাইসহ সবই চলেছে। কিন্তু শেষ অবধি বেসিক চরিত্র অভিনয় করেছেন তরুণ অভিনেতা তৌসিফ মাহবুব। আরও আছেন সাবরিনা মেহেক, বিজরী বরকতউল্লাহ, আবদুল্লাহ রানা, ফারহানা মিলি, মাসুম বাসার, মীর নৌফেল, সালমান জামান, নওশীন মৌ প্রমুখ। এ ছাড়া বিশেষ ভূমিকায় দেখা যাবে জ ই মামুন, ইনাম আহমেদ ও শাহরিয়ার খানকেও!

বেসিক আলীর প্রথম মৌসুমের (সিজন) শুটিং শেষ। শুটিং হয়েছে উত্তরা ও আশপাশের বিভিন্ন জায়গা, কারওয়ান বাজার ও তেজগাঁওয়ের একটি অফিসে। বেসিক আলী পরিচালনা করেছেন সাঈদ রিংকু। আর তত্ত্বাবধান করেছেন শাহরিয়ার খান স্বয়ং।

এই সিরিজ প্রসঙ্গে নির্মাতা সাঈদ রিংকু বললেন, ‘আসলে ভালোর তো শেষ নেই। এই সিরিজটি আরও ভালো করার সুযোগ আছে। এটা যেহেতু প্রথম মৌসুম, তাই কিছুটা ভুলভ্রান্তি হয়তো রয়েছে। আমরা পরের মৌসুমগুলোতে আরও ভালো করব আশা করছি।’

জানালেন, প্রথম মৌসুমে প্রচারিত হবে ১৩টি পর্ব। প্রতিটি পর্বের দৈর্ঘ্য ৭ থেকে ১৫ মিনিট। শুরুতেই ইউটিউব চ্যানেল ও প্রথম আলোর অনলাইনে দেখা যাবে বেসিক আলী সিরিজটি।

তবে দর্শকের জন্য সুখবর হলো, পত্রিকায় যেমন একটা নির্দিষ্ট সীমারেখা থাকে, এখানে সে রকম নেই। এ জন্য অবশ্য পরিশ্রমও কম করতে হয়নি। চিত্রনাট্য থেকে শুটিং—সব জায়গায় ছিল বাড়তি যত্ন। এটা দর্শকেরা সহজেই বুঝবেন বলে জানালেন শাহরিয়ার খান।

শুটিং প্রসঙ্গে শাহরিয়ার খান বললেন, ‘আমরা প্রোডাকশনে কোনো ছাড় দিইনি। যখন যেখানে যেটা জরুরি ছিল, সেটাই করেছি। পরের সিজনেও এই ধারাটি রাখতে চাই।’

বেসিক আলী প্রযোজনা করেছে বেসিক স্টুডিওস। এই স্টুডিওর তিন উদ্যোক্তা শাহরিয়ার খান, ইনাম আহমেদ ও মারুফ কবির। তাদের চিন্তা, চেষ্টা আর উদ্যোগটা দেখা যাবে আগামী সপ্তাহের রোববার থেকে। পুরো কাজটি করতে সহযোগিতা করেছে ওরিয়ন গ্রুপ। আগামী রোববার থেকে এই সিরিজটা উপভোগ করা যাবে youtube. com/c/basicstudiosbangladesh এবং প্রথম আলোর অনলাইনে।

কোন চরিত্রে কে

বেসিক আলী     : তৌসিফ মাহবুব

রিয়া হক         : সাবরিনা মেহেক

মলি আলী        : বিজরী বরকতউল্লাহ

তালিব আলী     : আবদুল্লাহ রানা

নীলা আলী       : ফারহানা মিলি

কল্লোল চৌধুরী   : মাসুম বাশার

হিল্লোল          : মীর নৌফেল

ম্যাজিক আলী    : সালমান জামান

নেচার আলী      : নওশীন মৌ

এ ছাড়া বিভিন্ন ভূমিকায় আছেন জ ই মামুন, ইনাম আহমেদ, শাহরিয়ার খানসহ অনেকে।