বেসুরো গলায় গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোহরাব হোসেন ও রাহাত আরা গীতি
সোহরাব হোসেন ও রাহাত আরা গীতি

আমার বাবা শিল্পী সোহরাব হোসেন। ছোটবেলায় যখন কাঁদতাম, আমার কান্নার শব্দ বাবাকে বুলিয়ে দিত সুরের প্রশান্ত পরশ, তিনি আমার নাম রেখেছিলেন গীতি—এ কথা তাঁরই মুখ থেকে শোনা। পাঁচ ভাইবোন আমরা। তিনি বন্ধুর মতো মিশতেন আমাদের সঙ্গে। খাবারের টেবিলে তাঁর ছিল নির্দিষ্ট একটি চেয়ার। বিকেলের নাশতায় আড্ডা জমে উঠত। শেষ হতো সন্ধে পার করে। জীবনের যত গল্প, সব বলতেন তখন। সেই কথায় উঠে আসতেন কবি কাজী নজরুল ইসলাম, পল্লীকবি জসীমউদ্দীন, সুরসম্রাট আব্বাসউদ্দীন—আরও কত মুখ!
আব্বাসউদ্দীনের সঙ্গে একটা কাহিনি প্রায়ই বলতেন তিনি। একবার ঢাকার বাইরে অনুষ্ঠান করতে আব্বাসউদ্দীনসহ বাবা যাচ্ছেন ট্রেনে। নির্ধারিত গন্তব্যের পথে মধ্যবর্তী স্টেশনে ট্রেন থামলে উৎসুক জনতা সে সময়কার অত্যন্ত জনপ্রিয় কণ্ঠশিল্পী আব্বাসউদ্দীনকে দেখার জন্য ট্রেনের কামরায় হুমড়ি খেয়ে পড়ল। তখনকার দিনে তো শিল্পীদের ছবিতে দেখার সুযোগ ছিল না; একজন শিল্পীকে মানুষ চিনত তাঁর নামে এবং বেতারে কণ্ঠ শুনে। এই সুযোগ কাজে লাগালেন আব্বাসউদ্দীন। বললেন, সোহরাব, এখন তুই আব্বাসউদ্দীন। তোর মোটা শরীরে জনতাকে সামলা, আমি পেছনে আছি। এ রকম কত গল্প বলতেন বাবা! সবই আজ স্মৃতি।
নজরুলসংগীতকে প্রতিষ্ঠিত করে গেছেন বাঙালির হূদয়ে। মনে আছে, কাজী নজরুল ইসলাম যেদিন মারা যান, ভীষণ অসুস্থতায় ভিড় ঠেলে সেদিন কাছে যেতে পারেননি বাবা, দেখতে পারেননি তাঁর প্রিয় কাজীদার মুখ। মর্মবেদনায় কাতর হয়ে বাসায় ফিরে আমায় বললেন, কাগজ-কলম নিয়ে আয় তো মা। এরপর চোখ বুজে বলে যেতে লাগলেন তিনি, আর আমি লিখলাম। দেখলাম তাঁর চোখ বেয়ে পানি পড়ছে ফোঁটায় ফোঁটায়। তৈরি হলো গান, ‘আমার গানের সুরের পাখি হারিয়ে ফেলেছি তাই, তাই আজ আমি এই সভাতে বেসুরো গান গাই।’
বাবা চলে গেছেন ২৭ ডিসেম্বর ২০১২। তাঁকে ছাড়া আমরা, তাঁর সন্তানেরাও যেন বেসুরো গলায় গান গেয়ে চলেছি!
 রাহাত আরা: সোহরাব হোসেনের মেয়ে