বেহালাশিল্পী আলমাস আলী গুরুতর অসুস্থ

বেহালাশিল্পী আলমাস আলী গুরুতর অসুস্থ। তিনি ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়েছেন। এই শিল্পী এখন কেরানীগঞ্জে তাঁর নিজ বাড়িতেই আছেন। গত শনিবার সন্ধ্যায় তাঁর মেয়ে দীপা দেওয়ান এ তথ্য জানিয়েছেন।
দীপা বলেন, ‘এ দেশে বাবার আর কোনো চিকিৎসার সুযোগ নেই। তাঁর বর্তমান শারীরিক অবস্থার ব্যাপারে চিকিৎসকেরাও কোনো ইতিবাচক মন্তব্য করেননি। আমরা কী করব, ভেবে পাচ্ছি না। তিনি তো দীর্ঘদিন বেহালা বাজিয়েছেন। মাস দু-এক আগেও শিল্পীদের অনুরোধ ফেলতে পারেননি। কেমোথেরাপি এবং রেডিওথেরাপি নেওয়ার পরও ছুটে গেছেন, শিল্পীদের গানের সঙ্গে বেহালা বাজিয়েছেন। এখন যদি সরকারের কাছ থেকে কোনো সহযোগিতা পাওয়া যেত, তাহলে হয়তো বাবাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার ব্যাপারে উদ্যোগ নেওয়া যেত। তাঁর উন্নত চিকিৎসার জন্য চেষ্টা করতে পারতাম।’
এদিকে, গত শনিবার বিকেলে সংগীতশিল্পী শারমীন সাথী ইসলাম এই বেহালাশিল্পীর ক্যানসার আক্রান্ত হওয়ার বিষয়টি জানানোর পাশাপাশি তাঁর প্রসঙ্গে বলেন, ‘আমরা যাঁরা গান করি, তাঁদের সঙ্গে আলমাস ভাইয়ের সম্পর্কটা অন্যরকম। শুধু শিল্পীদের সঙ্গেই নয়, প্রতিষ্ঠান কিংবা সংগঠনগুলোর সঙ্গেও তাঁর চমৎকার সম্পর্ক।’ তিনি আরও বলেন, ‘যখনই কোনো অনুষ্ঠানের পরিকল্পনা হয়, তখন সবার আগে যোগাযোগ করি আলমাস ভাইয়ের সঙ্গে, ওই দিন কিংবা ওই সময়টাতে তিনি ফ্রি আছেন তো? তাঁকে শুধু গানের প্রথম লাইন বললেই হলো, এরপর কী করতে হবে, তা তিনি নিজে থেকেই বুঝে নেন। গানের কোথায়, কখন, কী মিউজিক দিতে হবে, তা যেন আলমাস ভাইয়ের মুখস্থ।
মাস দু-এক আগেও মুঠোফোনে আলমাস ভাই বলেছেন, আপা সবাইকে বলবেন, আমি সুস্থ আছি। আমি কিন্তু গানের সঙ্গে বেহালা বাজাতে পারব। কোনো অসুবিধা হবে না।’

আলমাস আলীর অসুস্থতার বিষয়ে তাঁর মেয়ে দীপা জানিয়েছেন, গত বছর ১৮ ডিসেম্বর বাংলাদেশ বেতারের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বেহালা বাজানোর সময় অসুস্থ হয়ে পড়েছিলেন আলমাস আলী। তাঁকে সে সময় দ্রুত আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এরপর চিকিৎসকদের পরামর্শে তাঁকে ভর্তি করা হয় মহাখালীতে ন্যাশনাল ইনস্টিটিউট অব ক্যানসার রিসার্চ অ্যান্ড হাসপাতালে।
দীপা আরও জানান, চিকিৎসকদের বক্তব্য অনুযায়ী আলমাস আলীর শরীরে ক্যানসার এখন ছড়িয়ে পড়েছে।
আলমাস আলীর কেরানীগঞ্জে বাড়িতে যোগাযোগ করে জানা গেছে, ৮ সেপ্টেম্বর থেকে তিনি সেখানেই আছেন। কথা বলতে পারছেন না। একা বসতে কিংবা দাঁড়াতেও পারেন না। শুধু সবার দিকে নির্বাক তাকিয়ে থাকেন।