বেহিমথ নিয়ে যত কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যান্ড দল বেহিমথ
ব্যান্ড দল বেহিমথ

বিলবোর্ড শীর্ষ তালিকায় আমরা সব সময় যে ধরনের গানের দলের অবস্থান দেখি, কিছুদিন আগে যেন তার ব্যতিক্রম ঘটল। একটু চমকে গিয়েছিলাম। কেননা বিলবোর্ডের বেশ কয়েকটি বিভাগের শীর্ষ তালিকায় গত ফেব্রুয়ারি মাসে দেখা গিয়েছিল এক্সট্রিম মেটাল গানের দল বেহিমথের নাম! শীর্ষ হার্ডরক অ্যালবামের তালিকায় চতুর্থ, শীর্ষ রক অ্যালবামের তালিকায় নবম, বিলবোর্ড ২০০-এর তালিকায় ৩৪তম স্থান দখল করে বেহিমথ এক অন্য রকম অধ্যায় শুরু করল ফেব্রুয়ারিতে। তাদের নিয়েই আজ কথা বলব।
১৯৯১ সালে পোল্যান্ডে বেহিমথের যাত্রা শুরু হয় তিন সদস্যের একটি দল হিসেবে। গিটারিস্ট ও ভোকালিস্ট ছিলেন নের্গাল, ড্রামার ছিলেন বাআল ও আরেকজন গিটারিস্ট ছিলেন ডেসেক্রেটর। তাঁরা তাঁদের ডেমো রেকর্ড শুরু করেন। এন্ডলেস ড্যামনেশন এবং দ্য রিটার্ন অব দ্য নর্দার্ন মুন ছিল তাঁদের প্রথম দুটো ডেমো। এরপর তাঁদের তখনকার সবচেয়ে বৈচিত্র্যপূর্ণ ডেমো ফ্রম দ্য পাগান ভ্যাস্টল্যান্ডস ১৯৯৩ সালে ক্যাসেট টেপ হিসেবে বের হয়। এটি প্রথমে পোলিশ রেকর্ড লেবেল ‘পাগান রেকর্ডস’ ও পরবর্তী সময়ে আমেরিকান ‘ওয়াইল্ড র‌্যাগস’ থেকে বের হয়। এরপর সোভেন্টেভিথ (স্টোমিং নিয়ার দ্য বাল্টিক) ১৯৯৫ সালে বের হয়েছিল। এরপর তাঁরা তাঁদের দ্বিতীয় অ্যালবাম গ্রোম-এর কাজ শুরু করেন এবং ১৯৯৬ সালেই তা বের করেন।
গ্রোম অ্যালবামটিতে তাঁরা অনেক ধরনের পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে গান করেন। শুরুতে তাঁদের যেই ব্ল্যাক মেটাল ধারা ছিল, তার সঙ্গে নারীকণ্ঠ ও অ্যাকুইস্টিক গিটারের সম্মিলন এই অ্যালবাম থেকেই শুরু হয়। এ সময় থেকেই বেহিমথ কনসার্টে যাওয়ার সুযোগ পেল। তারা প্রথমে তাদের স্বদেশ পোল্যান্ড এবং পরবর্তী সময়ে ইউরোপের অন্যান্য দেশেও কনসার্টের জন্য ডাক পেল। এর দুই বছর পর তারা তাদের তৃতীয় অ্যালবাম প্যান্ডেমোনিক ইনক্যাটেশনস রেকর্ড করে, তবে তা প্রচারের অভাবে শ্রোতাদের অতটা কাছে যেতে পারেনি। তবে আরও একটা ট্যুরের পর তারা ইতালির রেকর্ড লেবেল ‘এভানগার্দ মিউজিক’-এর সঙ্গে দুটো অ্যালবামের চুক্তিতে আসে। তখন ছিল ১৯৯৮ সাল। তাদের পরবর্তী অ্যালবাম স্যাটানিকা বেশ সফল ছিল। আর এই অ্যালবাম থেকেই তারা ব্ল্যাক মেটাল ধাঁচ থেকে ব্ল্যাকেন্ড ডেথ মেটাল ধাঁচের গান শুরু করে।
এরপর তাদের আর পিছু ফিরে তাকাতে হয়নি। বিশ্বজুড়ে মেটাল ভক্ত, বিশেষ করে এক্সট্রিম ধারার মেটাল ভক্তদের কাছে বেহিমথ খুবই প্রিয় একটি দলের নাম। এরপর ২০০৯ সালে এভ্যাঙ্কোলায়ন অ্যালবামটি বের হয়। তত দিনে তারা বিশ্বের অসংখ্য নামকরা ডেথ মেটাল ও ব্ল্যাক মেটাল দলের সঙ্গে কনসার্ট করে ফেলেছে।
২০১০ সালে বেহিমথ-ভক্তদের জন্য অত্যন্ত দুঃখের সংবাদ ছিল নের্গালের লিউকেমিয়া ধরা পড়া। তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়। এরপর ভাগ্যক্রমে বছর দুয়েক পর তিনি সুস্থ হতে থাকেন। ২০১২ সালে তিনি অনেকটাই সুস্থ হয়ে নতুন অ্যালবামের কাজ করার ঘোষণা দেন। ২০১৪ সালের ৩ ফেব্রুয়ারি তা বের হয়েছে।

যত অ্যালবাম
 সোভেন্টেভিথ (স্টোর্মিং নিয়ার দ্য বাল্টিক)—১৯৯৫
 গ্রোম—১৯৯৬
 প্যান্ডেমোনিক ইনকনটেশনস—১৯৯৮
 স্যাটানিকা—১৯৯৯
 থেলেমা সিক্স—২০০০
 যস কিয়া কুল্টুস (হিয়ার অ্যান্ড বিয়ন্ড)—২০০২
 ডেমিগড—২০০৪
 দ্য অ্যাপোস্ট্যাসি—২০০৭
 এভ্যাঞ্জেলিয়ন—২০০৯
 দ্য স্যাটানিস্ট—২০১৪

বর্তমান সদস্যরা
 এডাম ‘নের্গাল’ দার্স্কি—লিড ভোকালস, গিটারস (১৯৯১-বর্তমান)
 জিবগ্নিউ ‘ইনফের্নো’ প্রোমিনস্কি—ড্রাম্স (১৯৯৭-বর্তমান)
 থমাস ‘অরিয়ন’ ভ্রোব্লেউস্কি—বেইজ, ব্যাকিং ভোকালস (২০০৩-বর্তমান)