বোতাম টিপে শুভারম্ভ

সত্যিকার অর্থেই ডিজিটাল মিউজিক রিলিজ। মোবাইল ফোনের বোতাম চেপে নতুন সব গান অতিথিদের শোনালেন জিরো ডিগ্রি চলচ্চিত্রের কলাকুশলীরা। ডিজিটাল কায়দায় গানের মুক্তি দেখার জন্য অতিথির ভিড়ে গম গম করছিল পাঁচতারা হোটেলের হলরুম। হবেই বা না কেন, এভাবে গানের মুক্তি তো হরহামেশা হয় না। তাই জমজমাটভাবেই অনুষ্ঠিত হলো ছবিটির গানের ডিজিটাল রিলিজ।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় গান মুক্তির এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির পরিচালক অনিমেষ আইচ, অভিনেতা ও প্রযোজক মাহফুজ আহমেদ, অভিনেত্রী জয়া আহসান, সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ, পৃথ্বীরাজ, সংগীতশিল্পী ন্যান্সি, অভিনেতা জাইবসহ আরও অনেকে। একটু দেরিতে হলেও অনুষ্ঠানে হাজির হন সংগীতশিল্পী সামিনা চৌধুরী। ডিজিটাল রিলিজের আগে শিল্পীরা বলেন ছবি ও ছবির গানের কথা। প্রযোজক মাহফুজ শুরুতেই অনুষ্ঠানে অনুপস্থিত শিল্পীদের না থাকার ব্যাপারে দুঃখ প্রকাশ করেন। কারণ অনুপস্থিত শিল্পীদের পাল্লাটা সেদিন খানিকটা ভারীই ছিল। সংগীতশিল্পী জেমস, অভিনেতা তারিক আনাম খান, ইরেশ যাকের, অভিনেত্রী রুহী, সংগীত পরিচালক অদিত ও সন্ধিকে দেখা যায়নি অনুষ্ঠানে। কিন্তু তাতে চাকচিক্যের কমতি পড়েনি মোটেও। ঘুরেফিরেই সবার চোখ গিয়ে পড়ছিল জয়া আহসান ও ঋতু কুমারের তাঁর নকশা করা ইভনিং গাউনে। আনন্দের উচ্ছ্বাস চোখে অভিনেতা ও প্রযোজক মাহফুজ আহমেদ বলছিলেন, ‘আমরা সত্যিকার অর্থেই সিনেমা বানিয়েছি। বড় পর্দার জন্য টেলিফিল্ম বানাইনি। দর্শক কোনোভাবেই এ ছবি দেখে বিনোদিত না হয়ে বাড়ি ফিরবে না।’
জেমস গেয়েছেন এ ছবির থিম সং। সুরকার প্রিন্স মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘বেশ সময় নিয়ে গানটি করেছি। একটানা মাস দেড়েক এই একটি গানের কাজ নিয়েই ছিলাম। গানে টানা চার মিনিটের গিটারের কাজ রয়েছে।’
‘জিরো ডিগ্রি’র টেলিকম পার্টনার রবি। রবি গ্রাহকেরা যেকোনো সময় ২৮৭৭৭ নম্বরে ডায়াল করে ছবির গানগুলো শুনতে পাবেন।
ছবির গান ছাড়াও অন্যান্য ডিজিটাল কনটেন্ট যেমন ওয়াপ, আইভিআর, গুনগুন ও অ্যানিমেশন ব্যবস্থাপনায় সহযোগিতা করেছে লাইভ টেকনোলজিস।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অভিনেত্রী নওশীন।
ছবিটি আসছে ১৫ জানুয়ারি মুক্তির কথা থাকলেও বিশ্ব ইজতেমা ওই সময়ে পড়ায় এখন নতুন দিনক্ষণ নিয়ে ভাবতে হচ্ছে ‘টিম জিরো ডিগ্রি’কে।