বৈকুণ্ঠের আকাশ ভরা আলো
আবৃত্তি সংগঠন বৈকুণ্ঠ পার করেছে তাদের পথচলার ২৪ বছর। দুই যুগ পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে আয়োজন করা হয়েছে তিন দিনব্যাপী আবৃত্তি উৎসব ‘যুগ যোগ যুগ’। ‘আকাশটাকে ছুঁয়ে দেখি আকাশ ভরা আলো’ স্লোগান নিয়ে উৎসব শুরু হয়েছে গতকাল বুধবার।সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানে বৈকুণ্ঠের সভাপতি আবৃত্তিশিল্পী শিমুল মুস্তাফা বলেন, ‘যাঁরা টিএসসিতে সংগঠনের কক্ষগুলো ঝাড়ু দেন, আলো জ্বালান, দিনরাত পাহারা দিয়ে আগলে রাখেন আমাদের সংগঠন কক্ষ—নেপথ্যে কাজ করা এসব মানুষের অনুপ্রেরণাই আমাদের পাথেয়। তাই তাঁরাই আজকের প্রধান অতিথি।’ সেই তাঁদের পক্ষ থেকে মঞ্চে আসেন সাদামাটা পোশাকের টিএসসির নিরাপত্তাকর্মী গোলাম মাওলা, অপরজন পরিচ্ছন্নতাকর্মী আবদুল। ফুল দিয়ে তাঁদের শুভেচ্ছা জানানোর সময় মিলনায়তন-ভর্তি দর্শক করতালি দিয়ে শ্রদ্ধা জানান নেপথ্যের এই কারিগরদের। লাল ও সবুজের আলাদা দুটি পতাকা দুই অতিথির হাত ছুঁয়ে চলে যায় মিলনায়তনের শেষ মাথায়। এরপর আবৃত্তির পালা।আবৃত্তিশিল্পীরা পরিবেশন করলেন ইশরাত নিশাতের নির্দেশনায় আবৃত্তি প্রযোজনা ‘রৌদ্র জলের খেলায়’। জামাই বাবু, দাদুর দাঁত, দাঁতের লড়াই, বিবাহবিচ্ছেদ মামলা—এই চারটি শ্রুতিনাটকের সমন্বয়ে তৈরি হয়েছে আবৃত্তি প্রযোজনাটি। আজ সন্ধ্যা সাতটায় রয়েছে হাসান আরিফের নির্দেশনায় ‘পরানের গহীন ভিতর—মানুষের মানচিত্র’। আগামীকাল রয়েছে শিমুল মুস্তাফার নির্দেশনায় ‘কোনো ডাকঘর নেই’।সুন্দরবন এল জাদুঘরেসুন্দরবন এখন ঢাকায়। জাতীয় জাদুঘরের তিন নম্বর গ্যালারিতে গেলেই দেখা মিলবে। পৃথিবীর বিখ্যাত এই ম্যানগ্রোভ বন ও তার জীববৈচিত্র্যের সম্ভার গ্যালারির কাচঘেরা জায়গায় উঠে এসেছে একটু ভিন্ন আঙ্গিকে। গতকাল বুধবার থেকে জাতীয় জাদুঘরের প্রাকৃতিক ইতিহাস বিভাগের ‘সুন্দরবন’ নামের এই গ্যালারির আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। দুপুরে প্রধান অতিথি তথ্য ও সংস্কৃতিবিষয়কমন্ত্রী আবুল কালাম আজাদ জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে সুন্দরবন গ্যালারির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। জাদুঘরের প্রযত্ন বোর্ডের সভাপতি এম আজিজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন অধ্যাপক মো. শাহাদত আলী ও জাদুঘরের মহাপরিচালক প্রকাশচন্দ্র দাস। ‘সুন্দরবন’ গ্যালারিতে প্রবেশ করেই অবাক হতে হয়েছে। জায়গা ছোট হলেও তার মধ্যেই সুন্দরবনের প্রকৃতি, পরিবেশ আর প্রতিবেশ তুলে ধরার চেষ্টা করা হয়েছে সেখানে। আছে বনের প্রাণীগুলো। মায়ের সঙ্গে জাদুঘর দেখতে এসেছিল শিশু মাইশা মাহজাবীন। সে কখনো সুন্দরবন দেখেনি। জাদুঘরে সুন্দরবন দেখে তো সে অবাক। তার বিস্ময় কাটছে না। বলল, ‘বাবা তো বলেছিল সুন্দরবন হচ্ছে খুলনায়। কিন্তু এখন দেখি সুন্দরবন ঢাকাতেই।’ যাঁরা সুন্দরবনে যাননি জাদুঘরের এই গ্যালারিতে এলে তাঁরা মূল সুন্দরবনের একটা ধারণা নিয়ে বাড়ি ফিরতে পারবেন। সুন্দরবনের বুক চিরে এগিয়ে গেছে নদী আর সরু খাল। নদীর তীরে সুন্দরীগাছ। শ্বাসমূলের ছড়াছড়ি। নদীর তীরে ঘুরে বেড়াচ্ছে চিত্রা হরিণ। আবার গাছের ডালে নানা রঙের পাখি। কোনো কোনো গাছের ডালে ঝুলছে বানর। যে বেঙ্গল টাইগারের জন্য সুন্দরবন বিখ্যাত, তারও দেখা মিলবে। গ্যালারির উদ্বোধন ছাড়াও গতকাল জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতারও পুরস্কার বিতরণ করা হয়।আজম খানের পাশে দাঁড়ালো প্রিমিয়ার ব্যাংকমুক্তিযোদ্ধা ও পপসম্রাট আজম খানের উন্নত চিকিৎসা-সহায়তা হিসেবে দশ লাখ টাকা দিয়েছে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড। গতকাল দুপুরে বনানীর ইকবাল সেন্টারে এ উপলক্ষে আয়োজিত চেক প্রদান অনুষ্ঠানে অসুস্থ শিল্পীর হাতে চেক তুলে দেন ব্যাংকের চেয়ারম্যান এইচ বি এম ইকবাল। এ সময় আজম খান সবিনয়ে বলেন, ‘জীবনে কোনো কিছু করিনি। কিন্তু এত মানুষের ভালোবাসা পেয়ে অবাক হচ্ছি।’ বেঙ্গলে ‘শিল্পের অলিন্দে’ শুরু হচ্ছে আজ১৪তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী বাংলাদেশ ২০১০ উপলক্ষে আজ থেকে আবুল খায়ের ও বেঙ্গল ফাউন্ডেশন সংগ্রহের নির্বাচিত চিত্রকর্মের বিশেষ প্রদর্শনী ‘শিল্পের অলিন্দে’ শুরু হবে। সন্ধ্যা ছয়টায় বেঙ্গল শিল্পালয়ে এ প্রদর্শনীর উদ্বোধন করবেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। গতকাল দুপুরে বেঙ্গল শিল্পালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। ‘শিল্পের অলিন্দে’ প্রদর্শনীতে শিল্পকর্মের সংখ্যা ৪৫টি। প্রদর্শনী চলবে ১৩ অক্টোবর পর্যন্ত।