বৈচিত্র্যময় মঞ্চায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা থিয়েটারের দ্য টেম্পেস্ট যখন তৈরি হয়, তখনই সমুদ্রসৈকতে নাটকটির প্রথম প্রদর্শনী করতে চেয়েছিলেন নির্দেশক নাসির উদ্দীন ইউসুফ। আর্থিক সমস্যার কারণে তখন সেটি সম্ভব হয়নি। তবে বিদায়ী বছর ২০১২-এর শেষ দিকে কক্সবাজার সমুদ্রসৈকতে সাম্পানের মধ্যে প্রযোজনাটি মঞ্চায়ন করে তাদের সেই ইচ্ছাটি পূরণ করল ঢাকা থিয়েটার। শুধু এই নাটকটি নয়, গত ডিসেম্বরের ২৮ তারিখ থেকে পরবর্তী দুইদিন কক্সবাজারের ভিন্ন তিনটি স্থানে নিজেদের তিনটি সাম্প্রতিক প্রযোজনার বৈচিত্র্যময় প্রদর্শনী করেছে দলটি। গত ২৮ ডিসেম্বর চ্যানেল আই এবং ঢাকা থিয়েটারের যৌথ আয়োজনে বিকেল সাড়ে চারটায় কক্সবাজারের সমুদ্রসৈকতে প্রদর্শিত হয় দ্য টেম্পেস্ট। উইলিয়াম শেক্সপিয়ার রচিত এই নাটকটির অনুবাদ ও রূপান্তর করেছেন রুবাইয়াৎ আহমেদ। নির্দেশনা নাসির উদ্দীন ইউসুফ। চ্যানেল আই নাটকটি সরাসরি সম্প্রচারও করেছে। সমুদ্রসৈকতে ৭০ ফুট বাই ৩০ ফুট আকৃতির সাম্পানে প্রযোজনাটির মঞ্চায়ন প্রসঙ্গে নাসির উদ্দীন ইউসুফ বলেন, ‘প্রকৃতির সঙ্গে লড়াই ও সমন্বয় করে দ্য টেম্পেস্ট- এর এই প্রদর্শনী আমাদের জন্য এক নতুন অভিজ্ঞতা। আর নাটকেও সমুদ্র, দ্বীপ ও সমুদ্রঝড়কেন্দ্রিক কাহিনি আছে। ফলে পাণ্ডুলিপির সঙ্গে মঞ্চায়ন প্রক্রিয়া মিলে যাওয়ায় বিষয়টি দারুণ উপভোগ করেছি আমরা।’ অন্যদিকে ২৯ সেপ্টেম্বর সন্ধ্যা সাতটায় রামুর বিজয় মেলা প্রাঙ্গণে ঢাকা থিয়েটার মঞ্চস্থ করেছে সেলিম আল দীন রচিত ও শিমূল ইউসুফ নির্দেশিত ধাবমান। রামু ও পটিয়ায় বৌদ্ধ সম্প্রদায়ের ওপর সহিংস হামলার প্রতিবাদে নাটকটি মঞ্চস্থ করে তারা। এ প্রসঙ্গে নির্দেশক শিমূল ইউসুফ বলেন, ‘রামুর এই প্রদর্শনীটি বৌদ্ধ ধর্মের লোকসহ প্রায় ১০ হাজার দর্শক দেখেছেন। এই নাটকে বুদ্ধের অহিংসবাদের কথা আছে, আছে অসাম্প্রদায়িক মানবিক সমাজের কথা। তাই রামুতে নাটকটির মঞ্চায়ন খুবই প্রাসঙ্গিক বলে মনে হয়।’ জানা গেছে, সম্মিলিত সাংস্কৃতিক জোটের মাসব্যাপী বিজয় উৎসবের শেষ দিনে সমাপনী আয়োজন হিসেবে পরিবেশিত হয় ধাবমান।এই দলের আরেকটি নাটক বিনোদিনী। কক্সবাজারের দরিয়া নগরে অনুষ্ঠিত বিশ্ব কবিতা সম্মেলনে ৩০ ডিসেম্বর কুয়াশা ভেজা উন্মুক্ত মঞ্চে মঞ্চস্থ হয়েছে নাসির উদ্দীন ইউসুফ নির্দেশিত এই প্রযোজনাটি। শ্রীমতী বিনোদিনী দাসীর আত্মজীবনী অবলম্বনে এখানে একক অভিনয় করেছেন শিমূল ইউসুফ। বছর শেষে তিনটি নাটকের বৈচিত্র্যপূর্ণ মঞ্চায়ন সম্পর্কে নাসির উদ্দীন ইউসুফের মত হলো, ‘মঞ্চনাটকের নতুন একটা সম্ভাবনার জায়গা দর্শককে দেখানোর চেষ্টা করেছি আমরা।’