বৈচিত্র্যময় কারুপণ্যের বর্ণাঢ্য মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদিবাসীদের হাতে তৈরি বাঁশ-বেতের ঝুড়ি, কাঠের হরেক রকমের শৌখিন সামগ্রী, চোখ জুড়ানো রং-নকশার শতরঞ্জিসহ নানা কারুপণ্যের সম্ভার নিয়ে বাংলা একাডেমীর চত্বরে শুরু হয়েছে কারুমেলা। বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদ ও বেঙ্গল ফাউন্ডেশন যৌথভাবে শ্রেষ্ঠ কারুশিল্পী পুরস্কার প্রদান উপলক্ষে তিন দিনের এই মেলার আয়োজন করেছে।গতকাল শুক্রবার ছুটির দিন সকালে একাডেমীর বটতলার নজরুল মঞ্চে আনুষ্ঠানিকভাবে চারটি শাখায় শ্রেষ্ঠ কারুশিল্পীদের পুরস্কার দেওয়া হয়। প্রতিটি পুরস্কারের অর্থমান ৫০ হাজার টাকা। সঙ্গে ক্রেস্ট ও সনদ।দেশের ঐতিহ্যবাহী কারুশিল্পের পুনরুজ্জীবন ও প্রসারের লক্ষ্যে ১৯৮৫ সালে পটুয়া কামরুল হাসানের নেতৃত্বে গঠিত হয়েছিল জাতীয় কারুশিল্প পরিষদ। কারুপণ্যের মেলা আয়োজন, কারুশিল্পীদের পুরস্কৃত করাসহ বিভিন্ন কর্মসূচি চালিয়ে আসছে পরিষদ। তাদের কার্যক্রমের সঙ্গে ২০১০ সাল থেকে সহযোগী হিসেবে যুক্ত হয়েছে বেঙ্গল ফাউন্ডেশন। সে বছর থেকেই যৌথ আয়োজনে শ্রেষ্ঠ কারুশিল্পীদের পুরস্কার দেওয়ার পাশাপাশি বড় পরিসরে কারুমেলারও আয়োজন চলছে। এবারের মেলায় দেশের বিভিন্ন অঞ্চলের কারুশিল্পীরা অংশ নিয়েছেন। তাঁদের পণ্যসম্ভারের পসরা তো রয়েছেই, দর্শকেরা এই কারুপণ্যগুলোর প্রস্তুত-প্রক্রিয়াও দেখতে পাবেন মেলায়।এবার শ্রেষ্ঠ কারুশিল্পীর পুরস্কার পেয়েছেন পীরগাছা রংপুরের শতরঞ্জিশিল্পী আরিফুজ্জামান, কুষ্টিয়ার দূর্বাচরের বাঁশ-বেতের বয়নশিল্পী প্রদীপ কুমার দাস, রাজশাহীর পবার টেপা পুতুলের শিল্পী সুবোধ চন্দ পাল এবং কুষ্টিয়ার যুগিয়ার দারুশিল্পী শরিফুল ইসলাম। অনুষ্ঠানের প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী জি এম কাদের তাঁদের হাতে পুরস্কারের অর্থমানের চেক, ক্রেস্ট ও স্মারক তুলে দেন। এ ছাড়া প্রশংসিত কারুশিল্পী হিসেবে বিভিন্ন মাধ্যমের ৩২ জনকে প্রশংসাপত্র দেওয়া হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট কথাশিল্পী সেলিনা হোসেন। সভাপতিত্ব করেন জাতীয় কারুশিল্প পরিষদের সভাপতি মনিরা এমদাদ। স্বাগত বক্তৃতা করেন বেঙ্গল গ্যালারির পরিচালক সুবীর চৌধুরী। সঞ্চালনা করেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী।আলোচকেরা বলেন, ‘কারুশিল্প একটি দেশের প্রাণসম্পদ। এর মধ্য দিয়েই সাধারণ মানুষের সৃজনশীলতা ও নান্দনিক বোধের প্রকাশ পায়। সরকার ও নাগরিক সমাজের যৌথ প্রয়াসের মধ্য দিয়েই ঐতিহ্যবাহী কারুশিল্পকে বিকশিত করে তোলার উদ্যোগ নেওয়া প্রয়োজন। আমাদের দেশের যে সমৃদ্ধ কারুকলার ঐতিহ্য রয়েছে, তাকে টিকিয়ে রাখতে কারুপণ্যের বাজার সৃষ্টি এবং কারুশিল্পীদের পৃষ্ঠপোষকতা দিতে হবে।’ এ ক্ষেত্রে পর্যটনকেন্দ্রগুলোতে কারুপণ্যের পৃথক বাজার তৈরি এবং বিদেশে কারুপণ্য রপ্তানির ব্যবস্থা করার প্রতিও তাঁরা গুরুত্ব দেন। একই সঙ্গে ঐতিহ্যবাহী কারুপণ্যগুলোকে আধুনিক জনরুচির উপযোগী করে তুলতে নতুন নতুন নকশা প্রণয়ন ও প্রশিক্ষণের কথাও বলা হয়। এ জন্য বক্তারা একটি জাতীয় নকশাকেন্দ্র প্রতিষ্ঠার আহ্বান জানান। কারুশিল্প মেলায় স্টল রয়েছে ২০টি। মেলা খোলা থাকবে ১৩ জানুয়ারি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত।