বৈচিত্র্যময় কারুশিল্পের বর্ণাঢ্য মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধানমন্ডির বেঙ্গল গ্যালারিতে গতকাল বৃহস্পতিবার জাতীয় কারুশিল্প পরিষদ ও বেঙ্গল ফাউন্ডেশনের উদ্যোগে শুরু হয়েছে চার দিনের কারুশিল্প মেলা। দেশের বিভিন্ন অঞ্চলের বৈচিত্র্যময় কারুশিল্প সামগ্রীর বর্ণাঢ্য সমবেশ ঘটেছে মেলায়। প্রথম দিনেই মেলাটি দারুণ সাড়া জাগিয়েছে দর্শকদের মধ্যে। প্রথম দিনই প্রচুর দর্শক মেলায় এসেছিলেন ঐতিহ্যবাহী কারুপণ্য সংগ্রহ করতে। মেলাটি ৯ মার্চ পর্যন্ত চলবে। মেলার উদ্বোধনী দিনে কারুশিল্পের জাতীয় ঐতিহ্য সংরক্ষণ ও এ শিল্পে বিশেষ অবদানের জন্য চারজন শ্রেষ্ঠ কারুশিল্পীকে পুরস্কার দেওয়া হয়।
বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে গ্রামীণ গৃহ নকশার জন্য পুরস্কার পেয়েছেন রাজশাহীর শংকরি টুডু। গৃহ-অলংকরণশৈলীর উদ্ভাবনকারী সাঁওতালদের কাছ থেকে এই শিল্প হারিয়ে যাচ্ছে। প্রজন্ম থেকে প্রজন্ম এই শৈলী রক্ষার প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে শংকরি টুডুকে এই পুরস্কারে ভূষিত করা হয়। দেশে রিকশা চিত্রণের ঐতিহ্য বহু যুগ ধরে। তবে বর্তমানে এই শিল্প হারিয়ে যেতে বসেছে ডিজিটাল স্ক্রিন প্রিন্টের আগ্রাসনে। তার পরও কিছু লোকশিল্পী হাতে আঁকা রিকশাচিত্রের ধারাটি টিকিয়ে রেখেছেন। তাঁদের অন্যতম ঢাকার রফিকুল ইসলাম। তাঁকে রিকশা চিত্রণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে পুরস্কার দেওয়া হয়েছে। কুমিল্লার খাদিশিল্পের জন্য নোয়াখালীর পারভীন আক্তার এবং টেক্সটাইল শিল্পের জন্য নরসিংদী হোম টেক্সটাইলের জয়নাল আবেদীনও পেয়েছেন শ্রেষ্ঠ কারুশিল্পী পুরস্কার।
পুরস্কার হিসেবে কারুশিল্পীদের ৫০ হাজার টাকা, সনদ ও ক্রেস্ট দেওয়া হয়। তাঁদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতি সচিব রণজিৎ কুমার বিশ্বাস। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কারুশিল্পী সূচিত্রা সূত্রধর। অনুষ্ঠানে বক্তব্য দেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী, জাতীয় কারুশিল্প পরিষদের সাবেক সভাপতি মনিরা এমদাদ ও বর্তমান সভাপতি চন্দ্রশেখর সাহা।
সিটি-আনন্দ আলো সাহিত্য পুরস্কার প্রদান
এবার একুশের বইমেলায় প্রকাশিত সাহিত্যের বিভিন্ন শাখায় নতুন বইয়ের জন্য সিটি-আনন্দ আলো সাহিত্য পুরস্কার প্রদান করা হলো গতকাল। তেজগাঁর চ্যানেল আই ভবনে ষষ্ঠ বারের মতো এই পুরস্কার প্রদান করা হলো। ‘ক’ শাখায় উপন্যাস, কবিতা, প্রবন্ধ ও শিশু সাহিত্যে এবং ‘খ’ শাখায় নবীন লেখকদের প্রথম বই কবিতা, উপন্যাসে মোট আটজন কৃতী সাহিত্যিককে এই পুরস্কার দেওয়া হয়।
চ্যানেল আই স্টুডিওতে পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট ও নগদ অর্থমূল্য তুলে দেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও সিটি ব্যাংক এন-এর পরিচালক সাজেদ উল ইসলাম। আনন্দ আলোর সম্পাদক রেজানুর রহমান স্বাগত বক্তব্য দেন।
এবার ক-শাখায় প্রবন্ধে প্রথমা থেকে প্রকাশিত আকবর আলি খানের চাবিকাঠির খোঁজে: নতুন আলোকে জীবনানন্দের বনলতা সেন, কবিতায় ম প্রকাশনী থেকে প্রকাশিত আসাদ চৌধুরীর এই ফুলটির অন্তত দশ-দশটি প্রেমপত্র পাওয়ার কথা, উপন্যাসে দিব্যপ্রকাশ থেকে প্রকাশিত মঈনুল আহসান সাবেরের আখলাকের ফিরে আসা ও বিদ্যাপ্রকাশ থেকে প্রকাশিত মোহিত কামালের পথভ্রষ্ট ঘূর্ণির কৃষ্ণ গহ্বর, শিশুসাহিত্যে বাংলা প্রকাশ থেকে প্রকাশিত আলী ইমামের জৈন্তাবনে কালো জাদু এবং মিজান পাবলিশার্স থেকে প্রকাশিত মাহবুবা চৌধুরীর সময় কাটুক ছড়ার সাথে বই এই পুরস্কার পেয়েছে। জীবনের প্রথম বই ক্যাটাগরিতে খ-শাখায় অর্বাক থেকে প্রকাশিত মহিম সন্ন্যাসীর কবিতাগ্রন্থ ভাঙা শামুকের বয়ঃসন্ধি এবং আফসার ব্রাদার্স থেকে প্রকাশিত রাতুল হাসানের উপন্যাসগ্রন্থ ফেরার কোনো পথ থাকে না পুরস্কার পেয়েছে।
শেকল ভাঙ্গার পদ্য
বাকশিল্পাঙ্গনের আয়োজনে ‘শেকল ভাঙ্গার পদ্য’ নামে দুই দিনের আবৃত্তি অনুষ্ঠান শুরু হচ্ছে আজ থেকে ধানমন্ডির রবীন্দ্রসরোবর উন্মুক্ত মঞ্চে।
বিকেল পাঁচটায় অনুষ্ঠানের উদ্বোধন করবেন ১৯৭১ সালে রাজারবাগ পুলিশ লাইনে সশস্ত্র প্রতিরোধকারী পুলিশসদস্য বৃন্দ ও বঙ্গবন্ধুর ৭ই মার্চ ভাষণের ভিডিও ধারণকারীরা।
প্রথম দিন থাকবে একক ও দলীয় আবৃত্তি এবং নাটক। দ্বিতীয় দিনে থাকবে নারী আবৃত্তি শিল্পীদের আবৃত্তি ও সম্মাননা প্রদান।