বৈচিত্র্যময় গানের সম্ভার নিয়ে ঈদের অ্যালবাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদকে ঘিরে বরাবরের মতো এ বছরও বৈচিত্র্যময় গানের অ্যালবাম নিয়ে এসেছে প্রযোজনা সংস্থাগুলো। পাইরেসির দাপটে অ্যালবাম প্রকাশনা এখন সংকটাপন্ন। তা সত্ত্বেও ঈদের বাজারে সংগীতানুরাগী ক্রেতাদের চাহিদার কথা ভেবেই নতুন নতুন গানের শতাধিক অ্যালবাম প্রকাশ করেছেন প্রযোজকেরা। খোঁজ নিয়ে দেখা গেছে, এবার নবীন শিল্পীদের অ্যালবামের সংখ্যাই বেশি। ঈদের বাজারের বিষয়টি মাথায় রেখে তরুণ শিল্পীরা আধুনিক গানের পাশাপাশি ব্যান্ড ঘরানার গানেই প্রাধান্য দিয়েছেন। বেশির ভাগ অ্যালবামই বাজারে এসেছে। কিছু আছে মুক্তির অপেক্ষায়। নবীন শিল্পীদের ভিড়ে এবার তারকাশিল্পীদের নতুন অ্যালবাম অপেক্ষাকৃত কম। প্রযোজনা প্রতিষ্ঠান ‘জি সিরিজ’ ও ‘অগ্নিবীণা’ প্রকাশ করেছে সর্বাধিক ২১টি অডিও এবং ভিডিও অ্যালবাম। এ তালিকায় আছে মিশ্র অ্যালবাম রাজীব মিউজিক বক্স, রক ওয়ান জিরো ওয়ান, আড়ালে ইত্যাদি। একক অ্যালবামের মধ্যে রয়েছে মিলন মাহমুদের মন যমুনা, আসিফ রেজার দূরের আকাশ, আশেকের দেখা হবে ও অভির প্রেমের মরা জলে ডোবে না। র্যাপ অ্যালবাম সিডিএল-ফর্ম এ র্যাপার টু অ্যান এমসি, ব্যান্ড ক্রিমেটিক এক্সের রণাঙ্গনের ডাকটিকেটসহ আরও বেশ কিছু অডিও এবং ভিডিও অ্যালবাম। লেজারভিশন প্রকাশ করেছে ক্লোজআপ ওয়ান তারকা রাজীবের লোক ও মিশ্র ধাঁচের একক অ্যালবাম একলা মানুষ, ক্ষুদে গানরাজ তারকা পড়শীর প্রথম একক অ্যালবামপড়শী, ‘আরেফিন রুমি ফিচারিং’ শিল্পী সায়েরা রেজার দ্বিতীয় একক অ্যালবাম এক নিমিষে, সেতু রায়ের জল জোছনা, সোহেল মেহেদির মেঘের ভাঁজে ইত্যাদি। ফাহিম মিউজিকের ঈদ আয়োজনে রয়েছে আইয়ুব বাচ্চুর সুর-সংগীতের মিশ্র অ্যালবাম অনুভবে। অ্যালবামের শিল্পীরা হলেন, জুয়েল, নওশাদ, কান্তা, মিমি, বিজয় মামুন প্রমুখ। গানচিল প্রকাশ করেছে মাহাদীর দ্বিতীয় একক অ্যালবাম অন্যরকম। একই সঙ্গে প্রকাশিত হয়েছে ক্ষুদে গানরাজ তারকা আশার রাজকুমারী ও ঝুমার বৃষ্টি নূপুর একক অ্যালবামসহ আরও কিছু অ্যালবাম। এসব অ্যালবামের শিল্পীরা সবাই অপেক্ষাকৃত নবীন। তবে প্রযোজনা প্রতিষ্ঠান সংগীতার আয়োজন কিছুটা ব্যতিক্রমী। ঈদে তাদের ১৫টি নতুন অ্যালবামের মধ্যে রয়েছে বেবী নাজনীনের ৪৩তম একক ইচ্ছে করে ভালোবাসি, বারী সিদ্দিকীর লোকগানের একক ভালোবাসার জ্বালা, আঁখি আলমগীরের লোকগানের একক চোখ দিয়ে ছোঁব তোমায় ও ফজলুর রহমান বাবুর একক ভরাডুবি ইত্যাদি। সব মিলিয়ে ঈদের অ্যালবাম আয়োজন বৈচিত্র্যময় হলেও বিগত বছরগুলোর তুলনায় জেমস, এন্ড্রু কিশোর, হাবিব, বালাম, ফাহমিদা নবীসহ অনেক জনপ্রিয় তারকাশিল্পী ও ব্যান্ডের নতুন অ্যালবাম এবার বাজারে আসছে না। এ প্রসঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠান গানচিলের সিওও গীতিকার আসিফ ইকবাল বলেন, ‘পাইরেসির কারণে বাজারের অবস্থা খুব খারাপ। লগ্নি করা অর্থ ফিরে আসবে কি না, তাতেই সংশয়। তবু নুতন গানের অ্যালবাম প্রকাশ করেছি শ্রোতাদের কথা ভেবে।’ প্রযোজনা প্রতিষ্ঠান লেজারভিশনের ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল ইসলাম বলেন, ‘গানের শ্রোতা বেড়েছে, কিন্তু অ্যালবাম থেকে আয় কমেছে।’ জি সিরিজের কর্ণধার নাজমুল হক ভূঁইয়া বলেন, ‘এখন শ্রোতারা নতুন কিছু শুনতে চায়। চায় পরিবর্তন। তাই আমরা নবীনদের অ্যালবামের প্রাধান্য দিয়েছি। আমার বিশ্বাস, সংগীতাঙ্গন আবারও সুরের মূর্ছনায় প্রাণবন্ত হয়ে উঠবে।’অগ্নিবীণার অ্যালবাম প্রকাশনা এদিকে গতকাল শুক্রবার বাজারে এল নবীন শিল্পী মুক্তা মজুমদারের একক গানের অ্যালবাম দ্বার খুলে। বিকেলে রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘অগ্নিবীণা থেকে প্রকাশিত আয়োজিত’ মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনপ্রিয় শিল্পী ও সংগীত পরিচালক বাপ্পা মজুমদার। ১০টি আধুনিক গানে সাজানো অ্যালবামটি শ্রোতাদের ঈদ আনন্দের সঙ্গী হবে বলে প্রকাশকেরা আশা প্রকাশ করেন।