নাট্যনির্দেশক ও অভিনেতা আজাদ আবুল কালামের ৫০তম জন্মবার্ষিকী ছিল ২৬ অক্টোবর। এ উপলক্ষে তিন দিনের অনুষ্ঠানের আয়োজন করেছিলেন তাঁর বন্ধুরা। গতকাল দুপুরে শিল্পকলা একাডেমিতে নাট্যজন হাসান শাহরিয়ারের সঞ্চালনায় ছিল বৈঠক ‘জানা-অজানায় আজাদ আবুল কালাম’। জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনের এ বৈঠকে আড্ডা ও আলোচনায় অংশ নেন আজাদ আবুল কালামের মঞ্চ-টেলিভিশন ও বড় পর্দার সহযাত্রীরা। কথা বলেছেন আফসানা মিমি, পরিচালক আকরাম খান, অমিতাভ রেজা, আবদুল্লাহ শাহরিয়ার, নজরুল কবীর, সালাউদ্দীন কাওসার বিপ্লব, মারুফ রসুল, আহমাদ মাযহার, পারভেজ হোসেন, আজাদ আবুল কালামের স্কুলের বন্ধু ডোনেল্ড
দেবাশীষসহ আরও অনেকে। এ ছাড়া কথা বলেন মামুনুর রশীদ।
এই দিন সকাল থেকেই ছিল প্রাচ্যনাটের নাচ-গান। সন্ধ্যায় মূল মিলনায়তনে মঞ্চস্থ হয় মুরাদ খানের লেখা ও আজাদ আবুল কালামের নির্দেশনায় প্রাচ্যনাটের নাটক কইন্যা।