বৈধ নামে অবৈধ ছবি প্রদর্শন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছবির নাম একটা, কিন্তু দেখানো হচ্ছে অন্য চলচ্চিত্র। এমন ঘটনা ঘটছে অহরহ। ছবির পোস্টারে যে নাম প্রচারকাজে ব্যবহার করা হয়, প্রেক্ষাগৃহে গিয়ে দেখা যায় অন্য ছবি। দেশের ৩৫টি জেলা শহরের একাধিক প্রেক্ষাগৃহে এখন সকালের প্রদর্শনীতে এ ধরনের ইংরেজি ছবি প্রদর্শনের অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, হংকং ও চীন থেকে আসা এসব ছবি প্রদর্শনের জন্য সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র নেওয়া হয় না। ইতিপূর্বে নিষিদ্ধ হওয়া ছবির সঙ্গে বৈধ নাম ও সেন্সর বোর্ডের ছাড়পত্র ব্যবহার করেই তা প্রদর্শন করা হচ্ছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ছবিগুলো অবৈধ পথে আনা হচ্ছে। এরপর সেগুলো কাকরাইল ও গুলিস্তানের বিভিন্ন পরিবেশনা প্রতিষ্ঠানে রাখা হয়। সেখান থেকে বিভিন্ন প্রেক্ষাগৃহের প্রতিনিধিরা তা সংগ্রহ করে নিয়ে যান। সেন্সর বোর্ডের সচিব আব্দুর রহিম বলেন, ‘এই ঘটনার ওপর সেন্সর বোর্ড দৃষ্টি রাখছে। বিভিন্ন স্থান থেকে অভিযোগ পাওয়ার পরপরই দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এরই মধ্যে প্রযোজক-পরিবেশক সমিতি থেকে সেন্সর বোর্ডের চেয়ারম্যানকে বিষয়টি জানানো হয়েছে। র‌্যাবকে এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’