বৈরিতা ভুলে এক মঞ্চে আমির-শাহরুখ
দীর্ঘদিন পর এক মঞ্চে উঠলেন বলিউডের দুই তারকা অভিনেতা আমির খান ও শাহরুখ খান। সম্প্রতি ‘ইয়ামলা পাগল দিওয়ানা ২’ চলচ্চিত্রের গানের উদ্বোধনী অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেছে তাঁদের। আর এ অনুষ্ঠানটির আয়োজনে ছিল বলিউডের দেওল পরিবার।মুম্বাই মিররের এক খবরে বলা হয়েছে, দীর্ঘদিনের বৈরিতা ভুলে আমির ও শাহরুখ একসঙ্গে হাজির হয়েছিলেন দেওল পরিবারের অনুষ্ঠানে। বিভিন্ন বিষয় নিয়ে এ দুই তারকা একে অন্যের সঙ্গে দূরত্ব রেখেই চলেন। তবে এ অনুষ্ঠানটি এক করেছিল বলিউডের অনেককেই। এর মধ্যে ছিলেন হূতিক রোশন, অক্ষয় কুমার, রিতেশ দেশমুখ, ববি দেওল, সানি দেওল, জুহি চাওলা, ধর্মেন্দ্রসহ আরও অনেকেই।অনুষ্ঠানে আগেই হাজির হয়েছিলেন আমির খান। সেখানে শাহরুখ খান উপস্থিত হলে আমির উঠে দাঁড়িয়ে হাত মেলান ও কুশল বিনিময় করেন। পরে অবশ্য মিডিয়ার উপস্থিতি টের পেয়ে দূরত্ব বজায় রাখেন তাঁরা। তবে ছবি তোলার সময় আবারও কাঁধ উঁচিয়ে গানের সঙ্গে একতালে নাচতে দেখা যায় তাঁদের। মনের দূরত্ব যতই থাক, শাহরুখ আর আমির খান জনসমক্ষে তাঁদের আচরণের পরিপক্বতা দেখিয়েছেন।