বৈশাখী টিভি ও জিটিভিতে ‘হাসির রাজ্য’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় জি বাংলার জনপ্রিয় অনুষ্ঠান মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার ৬-এর প্রাথমিক বাছাইয়ের কাজ অনুষ্ঠিত হবে কাল শুক্রবার। কল্যাণপুরে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত নিবন্ধনের কাজ হবে। একই সঙ্গে হবে প্রাথমিক বাছাইয়ের কাজও। এরপর ৯ জানুয়ারি চট্টগ্রামে হোটেল আগ্রাবাদে এবং ১১ জানুয়ারি বগুড়ার হোটেল নাজ গার্ডেনে এই নিবন্ধন ও প্রাথমিক বাছাইয়ের কাজ হবে। জি নেটওয়ার্কের বাংলাদেশ প্রতিনিধি ল্যামবার্ডসের ভাইস প্রেসিডেন্ট সাঈদ আহমেদ জানান, এ তিনটি বাছাই কার্যক্রম থেকে চূড়ান্তভাবে নির্বাচিতরা মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার ৬-এ সরাসরি অংশ নেবে। অন্যদের মধ্য থেকে সর্বাধিক নম্বর পাওয়াদের নিয়ে জিটিভির জন্য তৈরি হবে হাসির রাজ্য। আগামী ফেব্রুয়ারি মাস নাগাদ এ অনুষ্ঠানের প্রচার শুরু হবে। এদিকে, বৈশাখী টিভির অনুষ্ঠান বিভাগের উপপ্রধান আহসান কবির জানান, হাসির রাজ্য অনুষ্ঠানটি জিটিভির পাশাপাশি একই সময় বৈশাখী টিভিতেও প্রচারিত হবে। প্রাথমিক বাছাইয়ের কাজ পরিচালনার জন্য জি নেটওয়ার্কের উচ্চক্ষমতাসম্পন্ন একটি দল আজ বৃহস্পতিবার ঢাকায় আসছে। ১২ জনের এই দলে আরও থাকছেন মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার প্রতিযোগিতার গত তিন আসরের চ্যাম্পিয়ন। হাসির রাজ্য অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার ৫ প্রতিযোগিতার দ্বিতীয় রানারআপ শশী।