বৈশাখী টিভিতে 'জীবনঢুলী'
তানভীর মোকাম্মেলের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র জীবনঢুলী এবার টিভিতে দেখানো হবে। কাল বুধবার স্বাধীনতা দিবসে বৈশাখী টিভিতে ছবিটি দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈশাখী টিভির অনুষ্ঠান বিভাগের ভারপ্রাপ্ত প্রধান আহসান কবির বলেন, ‘স্বাধীনতা দিবসে আমরা দর্শকদের মুক্তিযুদ্ধের ওপর নির্মিত নতুন একটি চলচ্চিত্র উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। জীবনঢুলী ছবিটি সরকারি অনুদানে নির্মিত হয়েছে। স্বাধীনতা দিবসে দুপুরবেলা দর্শকেরা বৈশাখী টিভিতে ছবিটি উপভোগ করবেন।’
এদিকে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান কিনো আই ফিল্মস সূত্রে জানা গেছে, স্বাধীনতা দিবস উপলক্ষে জীবনঢুলী ছবির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে আজ মঙ্গলবার বেলা তিনটা, বিকেল পাঁচটা ও সন্ধ্যা সাতটায়; কাল সকাল সাড়ে ১০টা, দুপুর সাড়ে ১২টা, বেলা তিনটা, বিকেল পাঁচটা ও সন্ধ্যা সাতটায় এবং বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউট মিলনায়তনে (১৬০ লেক সার্কাস, কলাবাগান, পঞ্চম তলা, ঢাকা) কাল সকাল সাড়ে ১০টা, দুপুর সাড়ে ১২টা, বেলা তিনটা, বিকেল পাঁচটা ও সন্ধ্যা সাতটায় ছবিটি প্রদর্শিত হবে।