বৈশাখী টেলিভিশন

পিটি রতন সিটি খোকন
বৈশাখী টিভিতে শিশু-কিশোদের জন্য ঈদের দিন থেকে ছয় দিন বিকেল সোয়া পাঁচটায় প্রচারিত হবে ধারাবাহিক নাটক পিটি রতন সিটি খোকন। লিখেছেন পলাশ মাহবুব, পরিচালনা করেছেন লিটু সোলায়মান। অভিনয় করেছেন হাসান মাসুদ, মুনিরা মিঠু, মাজনুন মিজান, আনোয়ার শাহী প্রমুখ।
লাবু, আতিক, মনির আর রতন। আনন্দময়ী বিদ্যাভবনের চার বন্ধু। এই স্কুলে সবার নামের আগে বিশেষণ বসানো হয়, এটাই নিয়ম। সব বিশেষণের পেছনে একটা ইতিহাস কিংবা যুক্তি থাকে। স্কুলের প্রধান শিক্ষক সুন্দর আলী। নাম সুন্দর হলেও কাজকর্মে তেমন সুবিধার না। হুট করে তার মাথায় আইডিয়া আসে আর তা বাস্তবায়নের ভার পড়ে স্কুলের ছাত্রছাত্রীদের ওপর। তার কোনো আইডিয়াই শেষ পর্যন্ত সফলতার মুখ দেখে না। সফল না হওয়ার পেছনে থাকে নানা ঘটনা।
গেন্দুচোরা লোকাল সার্ভিস
বৈশাখী টিভিতে ঈদের দিন থেকে ছয় দিন প্রতিদিন রাত ১০টা ৩৫ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক গেন্দুচোরা লোকাল সার্ভিস। লিখেছেন ও পরিচালনা করেছেন এস এ হক অলিক। অভিনয় করেছেন আল মনসুর, আজিজুল হাকিম, চিত্রলেখা গুহ, শশী, আমিরুল হক চৌধুরী প্রমুখ। গেন্দুচোরা তার দল নিয়ে চুরি করে। গ্রামের এক অভিজাত বাড়িতে চুরি করতে গিয়ে ধরা পড়ে সবাই। বাড়ির লোকজন তাদের পুলিশে দেয়। বিচারে তিন মাসের জেল হয় তাদের। জেল থেকে বেরিয়ে গেন্দুচোরা সিদ্ধান্ত নেয় আর চুরি করবে না। গ্রামের চেয়ারম্যান তাদের একটি বাস কিনে দেয়। বাসের নাম ‘গেন্দুচোরা লোকাল সার্ভিস’।
হঠাৎ খলিল
বৈশাখী টিভিতে ঈদের দিন থেকে ছয় দিন প্রতিদিন সন্ধ্যা সাতটা ৪০ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক হঠাৎ খলিল। লিখেছেন পলাশ মাহবুব, পরিচালনা করেছেন হাসান মোর্শেদ। খলিল নানা সমস্যার মধ্যেও হাসতে পারে। বেশির ভাগ সময় সে অসুস্থ থাকে। এ কারণে প্রায়ই দেরি করে অফিসে আসে সে। অফিসের সবাই তার ওপর বিরক্ত। তাকে সাবধান করে দেওয়া হয়। এদিকে চিকিৎসক জানায়, খলিলের ক্যানসার হয়েছে, বাঁচার আশা নেই। বদলে যায় খলিল।
বৈশাখী টিভিতে মঙ্গলবার বেলা তিনটা ৫০ মিনিটে প্রচারিত হবে টেলিছবি মেঘদূত ও বৃষ্টিবালিকার গল্প। লিখেছেন ও পরিচালনা করেছেন অঞ্জন আইচ। অভিনয় করেছেন ইরেশ যাকের, মিম প্রমুখ।