ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র নিয়ে বাংলা একাডেমীর মাঠে বৈশাখী মেলায় পসরা সাজিয়েছেন ফরিদপুরের জাফর বেগ। তাঁর দোকানে সাজানো আছে তানপুরা, করতাল, বেহালা, ঢুগঢুগি, মন্দিরা, একতারা ও বিভিন্ন ধরনের বাঁশি। বাদ্যযন্ত্র দেখে এক দর্শকের উচ্ছ্বাস, ‘বাঁশিগুলো খুব সুন্দর! বাজানো যাবে, আবার ঘরে সাজিয়ে রাখা যাবে।’ কেমন বিক্রি হচ্ছে, জানতে চাইলে জাফর বেগ বললেন, ‘বিক্রিবাট্টা ভালো। তবে বিক্রির চেয়েও প্রতিবছর এখানে আসি উৎসবে অংশ নিতে। এতেই বেশি ভালো লাগে।’ বাংলা নববর্ষ উপলক্ষে বাংলা একাডেমী প্রাঙ্গণে বিসিকের সহযোগিতায় চলছে ১০ দিনের বৈশাখী মেলা ও বাংলা একাডেমীর বইয়ের আড়ং। একাডেমীর নজরুল মঞ্চের চত্বর ও বহেড়াতলায় বসেছে কারুপণ্যের পসরা। গতকাল বৃহস্পতিবার মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, আয়োজন বেশ গোছানো ও পরিপাটি। এ ছাড়া আছে পুতুলনাচ। একাডেমীর প্রশাসনিক ভবনের সামনে খোলা চত্বরে আয়োজিত হয়েছে বইয়ের আড়ং। উত্তরাধিকার পত্রিকার একটি সংখ্যা নেড়েচেড়ে দেখছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহবুবা লিপি। তিনি জানান, কম দামে বই কেনার এটি একটি ভালো সুযোগ। একাডেমীর কর্মকর্তা মুর্শিদ আনোয়ার বলেন, বইয়ের আড়ংয়ে বিক্রি ভালো। এখানে ৩৫ থেকে সর্বোচ্চ ৬০ শতাংশ ছাড়ে বিক্রি হচ্ছে বই। বৈশাখী মেলা ও আড়ংয়ের শেষ দিন ২৩ এপ্রিল। প্রসঙ্গত, পয়লা বৈশাখ বইয়ের আড়ংয়ের উদ্বোধনী অনুষ্ঠানে এবারের অমর একুশে গ্রন্থমেলায় সবচেয়ে বেশি মানসম্মত বই প্রকাশের জন্য প্রথমা প্রকাশনকে একাডেমী প্রবর্তিত ‘শহীদ মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার’ প্রদানের ঘোষণা দেওয়া হয়।