বৈশাখে আঁকা ছবি নিয়ে জ্যৈষ্ঠে প্রদর্শনী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রাঙ্গণের গাছের ডালের ফাঁকে তখনো উঁকি দিচ্ছিল জ্যৈষ্ঠের রোদ। মূল প্রবেশপথ দিয়ে ভেতরে ঢুকতেই শোনা গেল শত শিশুর আনন্দ-উচ্ছ্বাসের শব্দ। এই শব্দ আসছিল জয়নুল গ্যালারি থেকে। মাঝেমধ্যে শোনা যাচ্ছিল, ‘ওই যে ওটা আমার ছবি।’ ভেতরে গিয়ে বোঝা গেল, অভিভাবকদের নিজের আঁকা ছবি দেখাতে কথাগুলো বলছে নানা বয়সের শিশুরা। গ্যালারিতে শোভা পাওয়া ১০০টি ছবি এই খুদে আঁকিয়েদেরই আঁকা। শিশুদের আঁকা ছবি নিয়ে গতকাল মঙ্গলবার শুরু হওয়া এই প্রদর্শনীর শিরোনাম ‘বৈশাখে ছবি আঁকো জ্যৈষ্ঠে প্রদর্শনী’। এর আয়োজক পটুয়া কামরুল হাসান আর্ট স্কুল। প্রদর্শনীর উদ্বোধন করেন বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মতলুব আলী, মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান মুজিবুর রহমান। স্বাগত বক্তব্য দেন পটুয়া কামরুল হাসান আর্ট স্কুলের পরিচালক আনোয়ার হোসেন। আনুষ্ঠানিক উদ্বোধনের পর জয়নুল গ্যালারি পরিপূর্ণ হয়ে যায় অংশগ্রহণকারীদের উপস্থিতিতে। ছবিগুলোর বেশির ভাগই জলরঙে আঁকা। বেশির ভাগ ছবিরই উপজীব্য বাংলাদেশের গ্রাম। অর্থাৎ শিশুরা আঁকার ক্ষেত্রে গ্রামকেই পছন্দ করেছে। বটগাছের নিচে গ্রাম্য মেলা, ধান বোনা, অবারিত সবুজ মাঠ কিংবা গরু বাঁধা বাড়ির আঙিনা—প্রভৃতি দৃশ্য ফুটে উঠেছে ছবিতে। কংক্রিটের এই রাজধানীতে বসবাস করে শিশুরা যে গ্রাম কেবল বড়দের গল্পে কিংবা টেলিভিশনে দেখে, ওই গ্রামই তারা ফুটিয়ে তুলেছে রং-পেনসিলে। আয়োজকেরা জানান, বৈশাখ মাসে চারটি গ্রুপে ভাগ হয়ে তিন থেকে ১৬ বছরের শিশু-কিশোরেরা ছবি এঁকেছিল। জমা পড়েছিল চার হাজার ৩৫২টি ছবি। এর থেকে ছবি নির্বাচন করেছে জুরি বোর্ড। জুরি বোর্ডে ছিলেন চিত্রশিল্পী আবদুল মান্নান, বীরেন সোম ও রেজাউল করিম। গতকাল থেকে শুরু হওয়া এই প্রদর্শনী চলবে সাত দিন। এই প্রদর্শনীতে স্থান পাওয়া ছবিগুলোই অংশ নেবে প্রতিযোগিতায়। ১০০টি ছবি থেকে জুরি বোর্ডের নম্বর এবং দর্শকের ভোটে চ্যাম্পিয়ন নির্বাচন করা হবে। চ্যাম্পিয়ন পাবে ২০ হাজার টাকাসহ গোল্ডেন ট্রফি। দর্শক হিসেবে ভোট দেওয়ার জন্য প্রদর্শনীস্থলে রক্ষিত ব্যালট পেপার সংগ্রহ করে ভোট দেওয়া যাবে। পুরোনো দিনের গানে মুগ্ধ শ্রোতারা নবীন-প্রবীণ শিল্পীদের গাওয়া ঐতিহ্যমণ্ডিত গানের আসর বসেছিল জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে। গতকাল অনুষ্ঠিত এ সংগীতসন্ধ্যায় একে একে পরিবেশিত হয় রবীন্দ্র, নজরুল ও লোকসংগীত আর পুরোনো দিনের বাংলা গান। বাংলাদেশ পারফরমিং মিডিয়া সেন্টার প্রতি মাসেই এ রকম অনুষ্ঠানের আয়োজন করে। গতকাল ছিল ১০৫তম আসর। এতে নবীন-প্রবীণ শিল্পীরা একই মঞ্চে সংগীত পরিবেশন করেন। শিল্পীদের পরিশীলিত পরিবেশন মুগ্ধ করে শ্রোতাদের। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের পরিচালক দিলীপ কুমার গোমস্তা। পরে গান করেন বিনু আহম্মেদ, মেরিনা পারভীন, ছন্দা চক্রবর্তী, গুলশান আরা, উত্তম রায় প্রমুখ।