বৈশাখে আঁকা ছবির জ্যৈষ্ঠে প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ ক্যাম্পাসের মূল প্রবেশপথ দিয়ে ঢুকতেই শোনা গেল শিশুদের আনন্দ-উচ্ছ্বাসের ধ্বনি। জয়নুল গ্যালারির দুটি কক্ষে তাদের আনাগোনা। মাঝে মাঝে শোনা যাচ্ছিল চিৎকার, ‘ঐ যে ওটা আমার ছবি!’ অভিভাবকদের উদ্দেশে বলছিল নানা বয়সের শিশু-কিশোর। গ্যালারি আলোকিত হয়ে আছে খুদে আঁকিয়েদের ৮০টি ছবিতে। প্রদর্শনীর শিরোনাম ‘বৈশাখে ছবি আঁকো জ্যৈষ্ঠে প্রদর্শনী’। আয়োজক পটুয়া কামরুল হাসান আর্ট স্কুল। শনিবার বিকেলে প্রদর্শনীর উদ্বোধন করেন সাবেক বাণিজ্যমন্ত্রী মো. আব্দুল জলিল। সভাপতিত্ব করেন অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী। উদ্বোধনের পরই গতকাল জয়নুল গ্যালারি পরিপূর্ণ হয়ে গিয়েছিল অংশগ্রহণকারীদের উপস্থিতিতে। আগ্রহ-উদ্দীপনা নিয়ে নিজেদের আঁকা ছবি অভিভাবকদের দেখাচ্ছিল শিশুরা। বেশির ভাগ ছবিই জল রঙে আঁকা এবং উপজীব্য বাংলাদেশের গ্রাম। বটগাছের নিচে গ্রামীণ মেলা, ধান বোনা, অবারিত সবুজ মাঠ কিংবা গরু-বাঁধা বাড়ির আঙিনা ইত্যাদি দৃশ্য ফুটে উঠেছে ছবিতে।