বৈশাখে আসছেন শুভ-মম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছুঁয়ে দিলে মন ছবির দৃশ্যে আরিফিন শুভ ও মম
ছুঁয়ে দিলে মন ছবির দৃশ্যে আরিফিন শুভ ও মম

ভালোবাসা দিবসে দর্শকদের সঙ্গে দেখা হওয়ার কথা ছিল আরিফিন শুভ ও মমর। সেভাবে তাঁরা প্রস্তুতও হচ্ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তা আর হলো না। ভালোবাসা দিবসে দেখা হচ্ছে না শুভ ও মমর। প্রেক্ষাগৃহে এই জুটিকে একসঙ্গে দেখতে হলে দর্শকদের আরও মাস দুয়েক অপেক্ষা করতে হবে। বৈশাখে বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে শুভ ও মম অভিনীত ছুঁয়ে দিলে মন ছবিটি।
আরিফিন শুভ ও মম এর আগে বিভিন্ন নির্মাতার ছবিতে অভিনয় করেছেন। তবে জুটি হিসেবে এটি তাঁদের প্রথম ছবি। ছুঁয়ে দিলে মন ছবিটির পরিচালক শিহাব শাহীন। তিনি বললেন, ‘শুরু থেকে আমাদের পরিকল্পনা ছিল ভালোবাসা দিবসে ছবিটি মুক্তি দেওয়ার। কিছুটা প্রস্তুতিও নেওয়ার পরিকল্পনা করছিলাম। প্রচার প্রচারণার জন্য যে সময়টুকু দরকার, সে সময়টাতে হঠাৎ দেশের পরিস্থিতি পাল্টে যায়। এ অবস্থায় জনজীবনই স্থবির হয়ে আছে। এদিকে ফেব্রুয়ারি মাসে বিশ্বকাপ ক্রিকেট খেলা শুরু হচ্ছে। ওই সময়টাতে সবাই খেলায় মেতে থাকবে। তাই সবকিছু চিন্তা করে বৈশাখে ছবিটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেছি। দর্শকদের আর কিছুদিন অপেক্ষার অনুরোধ করছি। ’
সম্প্রতি ছুঁয়ে দিলে মন ছবিটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। ধ্বনিচিত্র লিমিটেড ও মনফড়িংয়ের ব্যানারে নির্মিত ছুঁয়ে দিলে মন ছবিটির অন্য অভিনয়শিল্পীরা হলেন ইরেশ যাকের, নওশাবা, সুষমা, মিশা সওদাগর, আলীরাজসহ আরও অনেকে।