বৈশাখের কবিতা নিয়ে 'কবিতায় বলা, কবিতায় শোনা'

বাচিক উচ্চারণচর্চার প্রতিষ্ঠান চারুবাক কেন্দ্রীয় গণগ্রন্থাগারের সেমিনারকক্ষে আয়োজন করে কবিতাচর্চার অনুষ্ঠান ‘কবিতায় বলা কবিতা শোনা’। এটি এ আয়োজনের ষষ্ঠ পর্ব। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় সাংগঠনিক কার্যক্রম ও মননের চর্চায় উত্তীর্ণ সদস্যদের নিয়ে চারুবাক এ আয়োজন করে। এবারের পর্বের বিষয় ছিল ‘বৈশাখ’।
সংগঠন সূত্রে জানা গেছে, ঠিক পয়লা বৈশাখে না হলেও এই আয়োজনটি যেমন বৈশাখ (১৪২১ বঙ্গাব্দ) উপলক্ষে, তেমনি বৈশাখকে নিয়েও। বাংলা নববর্ষ উপলক্ষে কিংবা বৈশাখকে কেন্দ্র করে হরহামেশা অসংখ্য অনুষ্ঠান উদযাপিত হলেও শুধু ‘বৈশাখের কবিতা’ নিয়ে আবৃত্তি অনুষ্ঠান বোধ করি খুব কমই হয়ে থাকে। তাই নিয়মিত আয়োজন কবিতায় বলা, কবিতায় শোনার বিষয় হিসেবে বৈশাখকে বেছে নেওয়া হয়েছে।
চারুবাকের সাংগঠনিক সম্পাদক ইসমাইল সাদীর স্বাগত বক্তব্যের পর রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বৈশাখ’ ও কাজী নজরুল ইসলামের ‘প্রলয়োল্লাস’ কবিতার বৃন্দপরিবেশনার মধ্যে শুরু হয় আবৃত্তি-সন্ধ্যা। এ ছাড়া নির্বাচিত একক আবৃত্তির কবিতাগুলোর বক্তব্যের মধ্যে উঠে এসেছে সংস্কৃতি ও সমাজের নানামুখী চিত্র, খেদ-আক্ষেপ, আনন্দ, অতৃপ্তি প্রভৃতি। সব মিলিয়ে কবিতাগুলো চিরকালীনতার দাবি নিয়ে যেমন সমকালকে প্রতিনিধিত্ব করছে, তেমনি অতীতকেও উদ্ভাসিত করছে ঐতিহ্যের বাতাবরণে।
‘কবিতায় বলা কবিতা শোনা’ অনুষ্ঠানের বৈশিষ্ট্য অনুযায়ী এবার অতিথি-সমালোচক হিসেবে পরিবেশিত আবৃত্তির সার্বিক দিক নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন বিশিষ্ট আবৃত্তিশিল্পী মাসকুর-এ-সাত্তার।