
ছাইড়া যাইও না বন্ধু রে, ওরে দুঃখিনী মা কান্দে নিমাই বিনাইয়া বিনাইয়া, ওরে নিমাই কেন যাও ছাড়িয়া। বাংলা লোকগানের শিকড় নিমাইগীতি ও বৈষ্ণবসংগীতের এমন আবেগী কথা আর দরদি সুরে বিমোহিত হলেন লন্ডনের দর্শক। বাংলার লোকগান ও নাচ বহির্বিশ্বে তুলে ধরার প্রয়াসে গত রোববার পূর্ব লন্ডনের রিচমিক্স সেন্টারে বসে নিমাইগীতি ও বৈষ্ণবসংগীতের এ আসর। স্থানীয় রাধারমণ সোসাইটি এর আয়োজন করে।
দুই পর্বে অনুষ্ঠিত আয়োজনের প্রথম পর্বে ছিল বৈষ্ণব মতবাদের তাত্ত্বিক আলোচনা। নরওয়ে থেকে আসা কবি, লেখক ও দার্শনিক দাদা সত্যপরমানন্দ বলেন, উপমহাদেশের বৈষ্ণবধর্মের প্রবক্তা শ্রীচৈতন্যের (১৪৮৬-১৫৩৪) পৈতৃক ভূমি সিলেটে। বৈষ্ণববাদের প্রচারক শ্রীচৈতন্য নিমাই নামে পরিচিত। নিমাইয়ের মতবাদকে কেন্দ্র করে লোকসংগীত উপমহাদেশে প্রসার লাভ করে। রবীন্দ্রসংগীতশিল্পী ইমতিয়াজ আহমেদ আলোচনায় বড়ু চণ্ডীদাস থেকে বৈষ্ণব ও রবীন্দ্রসাহিত্যের বিশ্বজনীনতা, মানবতাবোধ এবং বর্তমান প্রেক্ষাপট তুলে ধরেন।
বৈষ্ণববাদের ধারায় চর্চিত লোকগান ও নৃত্য পরিবেশিত হয় দ্বিতীয় পর্বে। নিমাইগীতি ও বৈষ্ণবসংগীতের নানা অপ্রচলিত গানের পাশাপাশি জনপ্রিয় লোকগান ও কীর্তনে সুর তোলেন হিমাংশু গোস্বামী, গৌরী চৌধুরী, হাসি রানী, পরশমণি, অমিত দে, অমল পোদ্দার ও বাউল এম হোসেন। লোকনৃত্য পরিবেশন করেন ভরত নাট্যমের নৃত্যশিল্পী ঈশিতা ভট্টাচার্য ও সোহেল আহমদ। ব্যতিক্রমী এই আয়োজনের উপস্থাপক কবি টি এম আহমেদ কায়সার গানের কথা ও অন্তর্নিহিত ইংরেজি তরজমা করে শোনান।
ব্রিটিশ হাইকমিশনার হিসেবে বাংলাদেশে দায়িত্ব পালন করার সুবাদে বাংলা লোকগানের প্রেমে পড়া আনোয়ার চৌধুরীও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সপরিবারে। বর্তমানে পেরুতে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনরত আনোয়ার চৌধুরী দুই সপ্তাহের ছুটিতে লন্ডনে আসেন। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, লোকগানের আড্ডা হবে আর সেখানে তিনি থাকবেন না, তা হতে পারে না।