বোকা প্রেমিক নন ইরেশ

একাধিক নাটকে বোকা প্রেমিক চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন অভিনেতা ইরেশ যাকের। দর্শকপ্রিয়তা পাওয়ায় নির্মাতারাও তাঁকে এ ধরনের চরিত্রে বেশি নেওয়ার চেষ্টা করেন। এজন্য দর্শকদের কাছে বোকা প্রেমিক হিসেবে এক ধরনের ভাবমূর্তি গড়ে উঠেছে ইরেশের। তবে বাস্তবে মোটেও বোকা প্রেমিক নন বলেই জানিয়েছেন ইরেশ।
এ প্রসঙ্গে ইরেশের ভাষ্য, ‘চরিত্রের প্রয়োজনে আমাকে প্রায়ই বোকা প্রেমিক সেজে ক্যামেরার সামনে দাঁড়াতে হয়। আমি সবসময় অভিনয়টাকে বাস্তবসম্মতভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করি। এজন্য হয়তো অনেকের মনেই প্রশ্ন ঘুরপাক খায়, বাস্তবেও আমি এমন কি না। সত্যটা হল, বাস্তব জীবনে আমি মোটেও বোকা প্রেমিক নই। আমি মনে করি, কোনো প্রেমিকের পক্ষে শুধুই বোকা হওয়া সম্ভব নয়, মাঝে মাঝে তাঁকে কঠিনও হতে হয়। ব্যক্তিগতভাবে আমি তো নিজেকে জটিল প্রেমিক বলেই মনে করি।’
ইরেশ আরও বলেন, ‘আমি অভিনয়টাকে অনেক ভালোবাসি। প্রচুর শ্রম দিয়ে অভিনয় করার চেষ্টা করি। অভিনেতা হিসেবে আমার চাওয়া, দর্শকরা আমাকে সব ধরনের চরিত্রেই অভিনয় করতে দেখুক।’
২০০৭ সালে ‘শান্ত কুটির’ ধারাবাহিক নাটকে অভিনয়ের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন ইরেশ যাকের। প্রথম নাটকেই সাবলীল অভিনয় উপহার দিয়ে দর্শকদের মন জয় করে নেন। ২০১২ সালে রেদওয়ান রনি পরিচালিত ‘চোরাবালি’ ছবিতে অভিনয় করে আলোচনায় আসেন ইরেশ। মুক্তির অপেক্ষায় আছে তাঁর অভিনীত দুটি চলচ্চিত্র। একটি অনিমেষ আইচ পরিচালিত ‘জিরো ডিগ্রি’, আরেকটি স্থপতি ও নির্মাতা এনামুল করিম নির্ঝরের ‘নমুনা’। সম্প্রতি ইরেশ চুক্তিবদ্ধ হয়েছেন শিহাব শাহীন পরিচালিত ‘ছুঁয়ে দিলে মন’ ছবিতে। এখানে তিনি ‘ড্যানি’ নামে একটি নেতিবাচক চরিত্রে অভিনয় করবেন। ছবিটির শুটিং শুরু হচ্ছে আগামী ৩ মে।