বোম স্কোয়াডের পোশাকে শুভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলিশের বোম স্কোয়াডের পোশাকে আরিফিন শুভ
পুলিশের বোম স্কোয়াডের পোশাকে আরিফিন শুভ

আরিফিন শুভর গায়ে পুলিশের বোম স্কোয়াডের পোশাক কেন? শুভ কি পুলিশের বোম স্কোয়াডে যোগ দিয়েছেন? তাঁর পোশাক দেখে এমন প্রশ্ন মনে হতেই পারে। কিন্তু শুভ জানালেন, ক’দিন আগে ঢাকা অ্যাটাক ছবির ফটো শ্যুটের জন্য তাঁকে পুলিশের বোম স্কোয়াডের পোশাক আর মাথায় হ্যালমেট পরতে হয়েছিল। পোশাকটির ওজন ৪৫ পাউন্ড আর হ্যালমেটের ওজন ৫ কেজি!
শুভ বললেন, ‘এই পোশাক পরে পাঁচ মিনিটও দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। শ্যুটের সময় দুজন আমাকে ধরে রেখেছিলেন। একপর্যায়ে আমাকে শুইয়ে দেওয়া হয়। বুঝতেই পারছেন, কাজটি করতে অনেক কষ্ট হয়েছিল। আমি অবাক হচ্ছি, এই পোশাক পরে বোম স্কোয়াডের লোকজন কীভাবে কাজ করেন? আমি তাঁদের স্যালুট করছি।’
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁ​ওতে ‘ঢাকা অ্যাটাক’ ছবির মহরত অনুষ্ঠানে এ অভিজ্ঞতার কথা বললেন শুভ।
ছবিটিতে কাজ করার সময় এই পোশাকই পরতে হবে শুভকে। শুভ বললেন, ‘শ্যুটিংয়ের আগে যতটুকু সময় পাব অনুশীলন করব। এ ছাড়াও শুটিংয়ের ফাঁকে অনুশীলন করতে হবে।’

‘ঢাকা অ্যাটাক’ ছবির মহরত অনুষ্ঠানে আরিফিন শুভ ও মাহী
‘ঢাকা অ্যাটাক’ ছবির মহরত অনুষ্ঠানে আরিফিন শুভ ও মাহী


শুভ আরও বলেন, ‘আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন। দেশের জন্য তাঁর কিছুটা হলেও অবদান আছে। ‘ঢাকা অ্যাটাক’ ছবিতে ঢাকাকে আক্রমণের হাত থেকে বাঁচাতে আমার চরিত্রটির বড় ভূমিকা আছে।’
ছবিটির চিত্রনাট্য লিখেছেন সানী সানোয়ার। ঢাকা পুলিশ পরিবার কল্যাণ সমিতি লিমিটেড নিবেদিত এই ছবির নির্মাতা প্রতিষ্ঠান থ্রি হুইলারস লিমিটেড। প্রযোজনা করছে স্প্ল্যাশ মাল্টিমিডিয়া। ছবিতে আরও অভিনয় করবেন মাহী, শতাব্দী ওয়াদুদ, নওশাবা, এবিএম সুমন প্রমুখ।
মহরত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, পুলিশের আইজি এ কে এম শহীদুল হক, র‍্যাবের মহাপরিচালক ও ঢাকা পুলিশ পরিবার কল্যাণ সমিতির সভাপতি বেনজীর আহমেদ, ছবির পরিচালক দীপংকর দীপন ও নায়িকা মাহিয়া মাহী বক্তব্য দেন।