বোম্বে টকিজে আবারও সাংবাদিক হচ্ছেন রানী
২০১১ সালে মুক্তি পাওয়া ‘নো ওয়ান কিল্ড জেসিকা’র পর এবার ‘বোম্বে টকিজ’ চলচ্চিত্রে সাংবাদিক চরিত্রে অভিনয় করবেন বলিউডের অভিনেত্রী রানী মুখার্জি। চারটি ভিন্ন ভিন্ন গল্প নিয়ে এগিয়েছে ‘বোম্বে টকিজ’ চলচ্চিত্রের কাহিনি। ছবিটি পরিচালনার দায়িত্বে আছেন বলিউডের চার নির্মাতা—করণ জোহর, অনুরাগ কশ্যপ, জয়া আখতার ও দিবাকর ব্যানার্জি। ভারতীয় চলচ্চিত্রের ১০০ বছরের যাত্রাকে শ্রদ্ধা জানিয়ে নির্মিত হচ্ছে ‘বোম্বে টকিজ’। ‘বোম্বে টকিজ’ ছবির যে গল্পটি করণ জোহর পরিচালনা করবেন, তাতে সাংবাদিক চরিত্রে দেখা যাবে রানীকে। এতে আরও অভিনয় করবেন রণদীপ হুদা ও সাকিব সেলিম। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ। এ প্রসঙ্গে ছবির এক মুখপাত্র জানিয়েছেন, ‘বোম্বে টকিজ’ ছবিতে রানী একজন সাংবাদিকের ভূমিকায় অভিনয় করবেন। তাঁর বিপরীতে আছেন রণদীপ। এই প্রথম জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন তাঁরা। এরই মধ্যে রানীকে তাঁর চরিত্রটি বুঝিয়ে দিয়েছেন করণ। চরিত্রটি আত্মস্থ করতে অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছেন বাঙালি বংশোদ্ভূত এই বলিউডি অভিনেত্রী।