ব্যক্তিগত সংগ্রহের শিল্পকর্মের প্রদর্শনী ঢাকায় নতুন নয়। তবে গতকাল মঙ্গলবার থেকে ধানমন্ডির বেঙ্গল গ্যালারিতে ‘তার আলো, তার ছায়া’ নামে বিশিষ্ট আলোকচিত্রী নাসির আলী মামুনের সংগ্রহ করা শিল্পকর্মের যে প্রদর্শনী শুরু হলো, সেটি ব্যতিক্রমী। এতে শিল্পাচার্য জয়নুল আবেদিন থেকে শুরু করে বাংলাদেশ ও ভারতের বিশিষ্ট শিল্পীদের রেখাচিত্রের সঙ্গে রয়েছে কবি, সাহিত্যিক ও চলচ্চিত্রনির্মাতাদের আঁকা ছবি। প্রদর্শনীর আয়োজনটিও একটি মহৎ উদ্দেশ্যে। নাসির আলী মামুন তাঁর তোলা দেশে-বিদেশের বিখ্যাত ব্যক্তিদের প্রতিকৃতি নিয়ে একটি আলোকচিত্রের জাদুঘর স্থাপনের উদ্যোগ নিয়েছেন। এর তহবিল সংগ্রহের জন্যই নিজের সংগ্রহের এই শিল্পকর্ম প্রদর্শনীর আয়োজন করেছেন তিনি।গতকাল সন্ধ্যায় বিশিষ্ট শিক্ষাবিদ আনিসুজ্জামান প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন। তিনি বলেন, ব্যক্তিগত সংগ্রহের এসব মূল্যবান শিল্পকর্ম হাতছাড়া করাটা সংগ্রাহকের জন্য বেদনাদায়ক। কিন্তু নাসির আলী মামুন সেই বেদনাকে মেনে নিয়েছেন আরও একটি মহৎ উদ্দেশ্য পূরণের জন্য। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্প-সমালোচক মইনুদ্দীন খালেদ। নাসির আলী মামুন এসব শিল্পকর্ম সংগ্রহের অভিজ্ঞতা বর্ণনা করেন এবং আলোকচিত্র জাদুঘর স্থাপনের পরিকল্পনা তুলে ধরেন। স্বাগত বক্তৃতা করেন বেঙ্গল গ্যালারির পরিচালক সুবীর চৌধুরী।এই প্রদর্শনীতে ৩৭ জনের আঁকা ১০১টি চিত্রকর্ম রয়েছে। প্রদর্শনী চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত।প্রদর্শনীতে ১৯৫১ সালে আঁকা শিল্পাচার্য জয়নুল আবেদিনের একটি রেখাচিত্র রয়েছে। ধানের শিষের এই রেখাচিত্রটির পাশে রয়েছে বিখ্যাত শিল্পী নন্দলাল বসুর স্বাক্ষর। এ ছাড়া পটুয়া কামরুল হাসানের আঁকা ছবি আছে ২৬টি। তাঁর কাজের মধ্যে রয়েছে নারী, পশু, পাখি, ফুল—এসব। এ ছাড়া সিগারেটের প্যাকেটে আঁকা দৃষ্টিনন্দন নকশা রয়েছে বেশ কিছু। এ ছাড়া রয়েছে পরিতোষ সেনের আঁকা আত্ম-প্রতিকৃতি। মোহাম্মদ কিবরিয়ার বিমূর্ত রেখাচিত্র। কে জি সুব্রামানিয়ামের আঁকা ছাগল, এস এম সুলতানের আঁকা গ্রাম্য বধূ। হামিদুর রহমান, কাজী আবুল কাশেম, গণেশ পাইন, মুস্তাফা মনোয়ার, কাইয়ুম চৌধুরী, মুর্তজা বশীর, কাজী আবদুল বাসেত, লালুপ্রসাদ সাউ, হামিদুজ্জামান খানের আঁকা নারী ও পুরুষের প্রতিকৃতি। ছুটে যাওয়া মানুষের ছবি এঁকেছেন শাহাবুদ্দিন। মনিরুল ইসলাম এঁকেছেন বিমূর্ত রীতিতে। পূর্ণেন্দু পত্রীর আঁকা ঘোড়া। যোগেন চৌধুরীর ফুল। শুভা প্রসন্নের কাক। শফিকুল আমিনের আঁকা নৌকার মাঝি এবং শিশির ভট্টাচার্য্যের ফুল হাতে মানুষ। আরও রয়েছে কবি শামসুর রাহমানের আঁকা নারীর মুখ। সুনীল গঙ্গোপাধ্যায় ও হুমায়ূন আহমেদের আঁকা ফুল। নির্মলেন্দু গুণের প্রতিকৃতি। নওয়াজেশ আহমেদের আঁকা প্রতিকৃতি। গৌতম ঘোষের প্রতিকৃতি। মৃণাল সেনের আঁকা গাছ।নাসির আলী মামুন প্রথম আলোকে জানালেন, ‘ফটোজিয়াম’ নামের যে আলোকচিত্রের জাদুঘরটি তিনি করতে চান, তার স্থাপত্য নকশা হয়েছে। সাভারে ঢাকা-আরিচা মহাসড়কসংলগ্ন একখণ্ড জমিও কিনেছেন। শিগগিরই এর নির্মাণকাজ শুরু করতে চান। নির্মাণ খরচ পড়বে তিন কোটি টাকার কাছাকাছি। সেই অর্থ সংগ্রহের জন্যই বাধ্য হয়ে তাঁর ব্যক্তিগত সংগ্রহ থেকে কিছু শিল্পকর্ম বিক্রি করছেন। মুক্তিযুদ্ধের স্মৃতিচারণাপৌষ পড়েছে। তবে গতকালই প্রথম কনকনে শীত পড়েছিল রাজধানীতে। তবে শীত উপেক্ষা করে ছোট-বড় সবাই উপস্থিত হয়েছিলেন বিজয়ের আনন্দ উদ্যাপনের জন্য। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করার প্রত্যয়ে গত বৃহস্পতিবার থেকে সোহরাওয়ার্দী উদ্যানে ‘মুক্তিযুদ্ধের বিজয় মঞ্চে’ চলছে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ‘আমরা শহীদ মুক্তিযোদ্ধার সন্তান’ নামের একটি সংগঠন এই আয়োজন করেছে। অনুষ্ঠান চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। গতকাল অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের উত্তরীয় পরিয়ে দেন শিল্পীরা। সমবেত কণ্ঠে ‘তীর হারা এই ঢেউয়ের সাগর’ গানটি দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে ছিল একক ও দলীয় পরিবেশনা। এতে অংশ নেন আমরা শহীদ মুক্তিযোদ্ধার সন্তান, সুরের বাঁধন সাংস্কৃতিক সংগঠন এবং বাংলাদেশ কালচারাল ফোরামের শিল্পীরা।