মহিলা সমিতির মঞ্চে সৈয়দ মহিদুল ইসলামের অভিনয় দেখেছে বহু মানুষ। এই নাট্যকার, নাট্যপ্রশিক্ষক, নির্দেশক প্রতিষ্ঠা করেছিলেন নাট্যদল ‘ব্যতিক্রম’।
গতকাল শনিবার দলটির ৩৯ বছর পূর্তিতে তাঁকে স্মরণ করে আলোচনা, নাটক মঞ্চায়নের পাশাপাশি তাঁর নামে একটি পদকেরও প্রবর্তন করা হয়েছে। দলের প্রতিষ্ঠাতার ১৩তম মৃত্যুবার্ষিকীর এই উৎসবের নাম তাঁরা রেখেছেন ‘সৈয়দ মহিদুল ইসলাম স্মরণ উৎসব’। ২৫ আগস্ট প্রথমবারের মতো এই পদক দেওয়া হবে নাট্যজন সৈয়দ জামিল আহমেদকে।
গতকাল বিকেলে শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে উৎসবটির উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন রামেন্দু মজুমদার, লিয়াকত আলী, ঝুনা চৌধুরী, আখতারুজ্জামান প্রমুখ।
সৈয়দ মহিদুলের কন্যা নওশীন ইসলাম জানান, এই উৎসবে প্রতিদিন দুজন গুণীজনকে সম্মাননা জানানো হবে। উদ্বোধনী দিনে সম্মাননা পান সুদীপ চক্রবর্তী ও মুনীরুজ্জামান শিপু।
উদ্বোধনী অনুষ্ঠানের পর সুবচন নাট্য সংসদ মঞ্চস্থ করে নাটক মহাজনের নাও।