ব্যথার গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

না। তাঁকে দেখার বিরল সৌভাগ্য নিয়ে আমার জন্ম হয়নি। বিশাল আঁখির সেই ক্ষণজন্মা হীরণ্ময় মানুষটি, যাঁকে আমরা কাজী নজরুল ইসলাম নামে জানি। সেই রণক্লান্ত, বিদ্রোহী, মায়াময় কবি—সবার আপন কাজীদা।অনেকে আবেগ বা উচ্ছ্বাসের বশে আমাকে জিজ্ঞেস করে বসেছেন, তাঁর সঙ্গে কখনো দেখা বা কথা হয়েছে কি না আমার। আমি খুবই আফসোসে বলেছি—না!আমি বিশ্বাস করি, অনুসরণীয়দের অনুসরণ করতে কোনো পরম্পরা লাগে না। যেমন করে কাজী নজরুলের রচনা এবং সংগীতের বিনি সুতোর পরম্পরা এক সূত্রে গ্রন্থিত করেছে জাতি-ধর্মনির্বিশেষকে, আলোকিত হয়েছে অধিকার প্রতিষ্ঠা করার পথ আর যত বিঘ্নতা মাড়িয়ে যাওয়ার পথ। তাঁর সেই ‘হুঁশিয়ারি’র তরবারি গুরু গর্জনে গর্জন করেছে বিদ্যুতের ভীষণ প্রতিধ্বনি হয়ে মানবতা আর অধিকারকে বুঝে নেওয়ার জন্য। যেখানে অত্যাচার, সাম্প্রদায়িকতার কান্না, মানুষে মানুষে ভেদাভেদের অসম কষ্ট সুর আর সাহিত্যের সঙ্গে মিশে সৃষ্টি হয়েছে এক রত্নাকর মোহনা। ৩৩ বছর ধরে সেই বাঙ্ময় মোহনাটি আর ঝরনার মতো চঞ্চল হয়নি। সেই জীবন্মৃত ঝরনাকে আমি দেখতে যেতে পারিনি—একবারও পারিনি। ১৯৭৬ সাল ছিল সেটা। আমার সাত-আট বছর বয়সের সময় থেকে যাঁর গান আমাকে অনেক প্রশ্নবোধকতার সামনে দাঁড় করিয়েছিল, সেগুলো কয়েকটা এ রকম যে এ গানের ওই মানুষটি বুঝি ধরাছোঁয়ার একেবারে বাইরে, এ গানের এই শব্দগুলোর মানে কী, সুরের সঙ্গে সঙ্গে রাগগুলো কেমন মিশে গিয়ে অন্য একেক রকম চেহারায় ফুটে আবার কুমুদিনীর মতো ঘুমিয়ে পড়ছে।এ যেন সরল-সুরের সঙ্গে বর্ণময় রাগের খাদ মিশিয়ে খাঁটি সোনা বানানোর মতন। শুধু সুরের গিনি দিয়ে তো আর গানের অলংকার গড়া যায় না। ওই বয়সের সেই গানগুলো ছিল ‘কে গো আমার সাঁঝগগনে’, ‘দৃষ্টিতে আর হয় না সৃষ্টি’, ‘ইরানের রূপমহলের শাহজাদী’, ইসলামি বহু গজল—আরও কত গান। মনের ভেতর শুধু আকাঙ্ক্ষা উসকাচ্ছে যে কবে কাকুর (ওস্তাদজি হাবিবুর রহমান) ক্লাসিক্যালের চাপ থেকে একটু সরে আরও নজরুলের গান শিখব, কাকুর কাছেই। আব্বা তো আছেনই পিছে, ‘তুই শুধুই নজরুলের গানই করবি।’ এর মধ্যে মুক্তিযুদ্ধও গেল। আমাদের বাড়িঘর, গানের খাতা সবকিছুই পুড়ে ছাই হলো। কিন্তু আমি কী করি তখন? আমাদের বাসার ছোট টেপরেকর্ডারে ফিরোজা বেগমের গানগুলো শুনতাম। আমাদের ফিরোজা আপা। অনেকেরই শুনতাম। আপাকে আমার এমন মনে হতো যে নজরুলসংগীত না ফিরোজা আপা? কে কার ছায়া? আমার ভীষণ ঘোরের মধ্যে ভরাডুবি হচ্ছে ‘পুরব দেশের পুরনারী’র সুরসমুদ্রে? কখনোই ভাবিনি সেই চাঁদের কন্যা চাঁদ সুলতানার সঙ্গে আমার দেখা হবে, নজরুলসংগীত পরম্পরার কাছে বসে তাঁর স্নিগ্ধ আলোয় আবার ঘুম ভাঙবে আমার। তারপর তার কাছে বসে অনেক অনেক গল্প, কথা শুনেছি। গান শিখেছি। অদৃশ্যে কাজী নজরুল ইসলামের হাতে অধরা সুর-পাত্র। আর মনে হচ্ছে যেন কাজীদা প্রতিচ্ছায়া হয়ে আমার মতো ক্ষুদ্র এক কাঙালের ছোট্ট দুটো হাতে এক ফোঁটা এক ফোঁটা করে সুরসুধা ভরে দিচ্ছেন। অদ্ভুত এক অনূভূতি আমার। ঢাকা শহরে ছোট্ট একটা বাচ্চা নিয়ে আমি অস্থির। একদিন ওকে কোলে নিয়ে গেছি ফিরোজা আপার বাসায়। আমার স্বামীকে ফিরোজা আপা বলেছিলেন, ‘আপনি ওকে বেশি পরিশ্রম করতে দেবেন না, ওর গাইতে কষ্ট হবে।’ কতখানি মমতার কথা হতে পারে। ‘মম তনুর ময়ূর সিংহাসনে’ গাইতে গেছি টিভিতে। ফিরোজা আপা মহড়া শেষে বলেছিলেন, ‘ফাতেমা, তুমি বেনারসি আর জড়োয়া গয়না পরবে এই গানে। ছবিতে ভালো লাগবে।’ বললাম, আপা, এ রকম শাড়ি গয়না আমার নাই যে? তিনি বললেন, ‘ঠিক আছে, আমি নিয়ে আসব, তুমি ভেবো না, কেমন?’ রেকর্ডিংয়ে টিভিতে গিয়ে দেখি, সত্যিই আপার নিজের একখানা অপূর্ব বেনারসি শাড়ি এনেছেন বটল গ্রিন রঙের, আমাকে পরানোর জন্য। এমনকি চুল বাঁধা আর ক্যামেরার ডিরেকশনও আমার জন্য তিনি দিয়েছিলেন—এসবই তো নজরুলের গানের কারণেই। আরও অনেক গল্প, কথা আছে আপাকে নিয়ে। আমার জীবনে আমি ফিরোজা আপাকে পেয়েছি নজরুলের গানের কিংবদন্তি মহীরুহ হিসেবে—আমার ভাগ্য। কিন্তু এক বিস্ময়কর মানুষ কাজী নজরুল ইসলাম আমার সংগীতজীবনের অন্তরতলে অনড় একখণ্ড অব্যক্ত ব্যথার মতোই আমৃত্যু দুলে উঠবে কেন, তা যেন জানি না।