ব্যবসায়ী নওশীন ও হিল্লোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিনয়শিল্পী হিল্লোল অনেক আগেই ব্যবসায়ী হিসেবে আত্মপ্রকাশ করেছেন। এবার তাঁর সঙ্গে যৌথভাবে নতুন একটি ব্যবসা শুরু করতে যাচ্ছেন নওশীন। তিনি জানালেন, ফ্যাশন-সচেতন মানুষের জন্য রাজধানীর বনানীতে ফ্যাশন হাউস চালু করতে যাচ্ছেন তাঁরা। প্রতিষ্ঠানটির নাম সিগনেচার বিডি। এখানে পাওয়া যাবে বিভিন্ন ধরনের দেশি-বিদেশি পোশাক।নওশীন বলেন, ‘অভিনয়ের পাশাপাশি ভিন্ন ধরনের কিছু করার তাগিদ সব সময় অনুভব করি। সেই ভাবনা থেকেই সিগনেচার বিডির সঙ্গে যুক্ত হওয়া।’ নওশীন আরও বলেন, ‘ফ্যাশন-সচেতন অনেকেই এখনো তাঁদের পছন্দের পোশাক কেনার জন্য দেশের বাইরে যান। আমরা যাঁরা অভিনয়ের সঙ্গে যুক্ত, তাঁরাও দেশের বাইরে গেলেই প্রচুর কেনাকাটা করি। এই ভাবনা থেকে আমি আর হিল্লোল ফ্যাশন স্টোরের ব্যবসা শুরুর সিদ্ধান্ত নিই।’ হিল্লোল বললেন, ‘অভিনয়ের পাশাপাশি আমি সম্প্রতি ক্যাটারিং সার্ভিসের ব্যবসা শুরু করেছি। এবার নওশীনের সঙ্গে শুরু করছি পোশাকের ব্যবসা। আশা করছি, সিগনেচার বিডি ফ্যাশন-সচেতন মানুষের চাহিদা কিছুটা হলেও পূরণ করতে পারবে।’