ব্যর্থ সিনেমা, গানে সফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাইলি সাইরাস, আরিয়ানা গ্রান্ডে, লানা ডেল রে—এ সময়ের পশ্চিমা গানের দুনিয়ার জনপ্রিয় তিন তারকা গত বছর এক হয়েছিলেন একটি গানের জন্য। এর নাম ‘ডোন্ট কল মি অ্যাঞ্জেল’। এমন দারুণ রসায়ন কী আর ব্যর্থ হতে পারে। কয়েক মাস পেরিয়ে গেলেও গানটি এখনো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের টপচার্টে রয়েছে। কিন্তু যতটা সফল হয়েছে এই গান, ঠিক ততটাই বাজেভাবে মার খেয়েছে এই গান যে সিনেমায় ব্যবহার করা হয়েছে, সেটি। সিনেমাটি হলো চার্লিসঅ্যাঞ্জেলস। ক্রিস্টেন স্টুয়ার্ট, নওমি স্কট আর এলিজাবেথ ব্যাঙ্কসের মতো আকর্ষণীয় অভিনেত্রীরাও বক্স অফিসে উদ্ধার করতে পারেননি ছবিটিকে। যা সাড়া পাওয়ার, তাঁর প্রায় পুরোটাই এসেছে ছবির গান থেকে। এমন ব্যর্থ ছবির সফল গানের নজির কিন্তু আরও অনেক আছে। এর মধ্যে কয়েকটির কথা আজ জেনে নিই।

ইউ লাইট আপ মাই লাইফ

সম্ভাবনাময় এক সংগীতশিল্পীর জীবন নিয়ে তৈরি ছবি ইউ লাইট আপ মাই লাইফ মুক্তি পায় ১৯৭৭ সালে। বক্স অফিসের পুরোটায় তখন ছিল স্টার ওয়ার্স। ছবির আয়ের অবস্থা খুব একটা উল্লেখযোগ্য না হলেও এর গান ‘ইউ লাইট আপ মাই লাইফ’ টানা ১০ সপ্তাহ ধরে বিলবোর্ডের ১ নম্বর স্থান ধরে রাখে। সেই সঙ্গে ডেবি বুনের এই গানটি জিতে নেয় ওই বছরের সেরা গান বিভাগে অস্কার এবং গ্র্যামিতে ‘সং অব দ্য ইয়ার’–এর পদকটিও।

হু’জ দ্যাট গার্ল

১৯৮৭ সালের এই ছবির নায়িকা ম্যাডোনা। তখন ম্যাডোনার চোখধাঁধানো সৌন্দর্য আর হৃদয়কাঁপানো গান শুনতে মানুষ ছুটে যেত সিনেমা হলে। কিন্তু কমেডি ছবি হু’জ দ্যাট গার্ল-এ নায়িকা ও গায়িকা—দু–ই ম্যাডোনা থাকার পরেও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে ছবিটি। ছবির চেয়ে বেশি ব্যবসা করে এতে থাকা গানগুলো। বিশ্বব্যাপী এই ছবি সে সময় আয় করে মাত্র ২৫ লাখ মার্কিন ডলার। অন্যদিকে এই ছবির গান নিয়ে শুধু যুক্তরাষ্ট্রে আয়োজিত কনসার্টে ম্যাডোনা পারফর্ম করেন ১৫ লাখ দর্শকের সামনে।

গিভ মাই রিগার্ডস টু ব্রড স্ট্রিট

বিটলস ব্যান্ডের পল ম্যাকার্টনি আর রিংগো স্টার আছেন এক সিনেমায়—এ খবর তো যেকোনো সংগীতপ্রেমীর মনেই আলোড়ন তুলবে। কিন্তু ১৯৮৪ সালে আদতে এমনটা হয়নি। তা নান হলে কী আর এভাবে ব্যর্থ হয় গিভ মাই রিগার্ডস টু ব্রড স্ট্রিট? হ্যাঁ, পল ম্যাকার্টনি আর রিংগো স্টার অভিনয় করেছেন এ সিনেমায়। এতে গানও করেছিলেন পল। কিন্তু ছবিটি না ব্যবসা করতে পেরেছিল, আর না মন জয় করতে পেরেছিল সিনেমাবোদ্ধাদের। তবে এই ছবিতে থাকা পল ম্যাকার্টনির গান ‘নো মোর লোনলি নাইটস’ যেমন দারুণ জনপ্রিয়তা পায়, তেমনই সাড়া ফেলে ওই বছরের গোল্ডেন গ্লোব ও বাফটা পুরস্কারের আসরে।

দ্য অ্যাডভেঞ্চার অব ফোর্ড ফেয়ারলেন

১৯৮০ সাল পর্যন্ত অ্যান্ড্রু ডাইস ক্লে কৌতুকাভিনেতা হিসেবে অসম্ভব জনপ্রিয়তা অর্জন করেন। কিন্তু দ্য অ্যাডভেঞ্চার অব ফোর্ড ফেয়ারলাইন চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার সময় এই জনপ্রিয়তায় ভাটা পড়ে গিয়েছিল। ১৯৯০ সালে মুক্তি পাওয়া এই ছবি এতটাই ব্যর্থ হয়েছিল যে এর জন্য ছবিটিকে দেওয়া হয় ‘গোল্ডেন রাস্পবেরি অ্যাওয়ার্ড’ (সবচেয়ে বাজে ছবির স্বীকৃতি)। তবে এই সিনেমার একমাত্র অর্জন হয়ে আছে বিলি আইডলের গাওয়া ‘ক্রেডেল অব লাভ’ গানটি। এই গান এখনো বিলি আইডলের সংগীতজীবনের অন্যতম জনপ্রিয় গান। এটি বিভিন্ন সময়, বিলবোর্ড, এমটিভি ও অন্যান্য দেশের টপচার্টে সাফল্যের সঙ্গে জায়গা করে নিয়েছিল।

রিয়েলিটি বাইটস

১৯৯৪ সালে মুক্তি পায় অভিনেতা বেন স্টিলার পরিচালিত ছবি রিয়েলিটি বাইটস। সমালোচকদের কাছ থেকে এই ছবি পেয়েছিল মিশ্র প্রতিক্রিয়া। তবে প্রেমের ছবি হওয়ায় দর্শক মহলে সাড়া ফেলে ছবিটি। কিন্তু এরপর ব্যয়ের সমান আয় করতে গিয়ে বেশ কাঠখড় পোড়াতে হয়েছে এই ছবিকে। তবে এই ছবির একটি গান রীতিমতো হয়ে আছে কালজয়ী। গাটির নাম ‘স্টে’। এই ছবির অভিনেতা ইথান হকের অনুরোধে লিসা লোয়েবের একটি গান রাখেন বেন। পরে সেই অনুরোধের ঢেঁকি ছবির একমাত্র সাফল্যের পালক হয়ে থেকে যায়। আর এই গান দিয়েই বাজিমাত করে ফেলেন লিসা।

সূত্র: বিলবোর্ড, উইকি, আইএমডিবি ইত্যাদি