
বাাজেভাবে ব্যর্থ হওয়ার মধ্যেও থাকে কিঞ্চিৎ সম্ভাবনার হাতছানি, আবারও ঘুরে দাঁড়ানোর প্রত্যয়। কিন্তু জগগা জাসুস-এর বেলায় এমনটাও বলা কঠিন। শুধু ‘ব্যর্থতা’ শব্দটি দিয়ে এ ছবির হাল বয়ান করা যাবে না। কারণ এ ছবির অবস্থা করুণ। তাই এখন ছবিটি নিয়ে রীতিমতো কাদা-ছোড়াছুড়ি শুরু হয়েছে। এই ব্যর্থতার কার? এ প্রশ্নের জবাব দেওয়া ব্যস্ত এখন ছবির শিল্পী ও শিল্পীদের পরিবার-স্বজন।
কাজ শুরু হওয়ার তিন বছর পর আলোর মুখ দেখেছে জগগা জাসুস। ছবিটি নিয়ে আগ্রহের কমতি ছিল না। কারণ নির্মাতা অনুরাগ বসু ও অভিনেতা রণবীর কাপুর জুটির এর আগের ছবি বরফি দারুণ প্রশংসিত হয়েছিল সমালোচক মহলে, পেয়েছিল আর্থিক সাফল্যও। তাই ছেলেমেয়ের বিয়ে দেওয়ার মতো করেই সম্পর্কটাকে আরেকটু এগিয়ে নিতে রণবীর অভিনয়ের পাশাপাশি এ ছবিতে অর্থ লগ্নিও করেছিলেন। কিন্তু হায়, নাম ডোবার পাশাপাশি পয়সাও ডুবল তাঁর। পয়সা ডোবার জ্বালায় এ অভিনেতা এখন নাকি শোকগ্রস্ত। তাই তো এমন কঠিন সময়ে রণবীরের পাশে এসে দাঁড়িয়েছেন তাঁর বাবা। বলেছেন, তাঁর ছেলের কোনো দোষ নেই। সব দোষ পরিচালকের।
সম্প্রতি রণবীরের বাবা ঋষি কাপুর বলেছেন, জগগা জাসুস-এরপ্রযোজক ও অভিনেতা রণবীর হলেও ছবির ব্যর্থতার জন্য তাঁকে কোনো অংশেই দায়ী করা যাবে না। ঋষি তো জনসমক্ষে বলে বসেছেন, নির্মাতা অনুরাগ বসুই হলেন আসল দোষী। অনুরাগের বিশৃঙ্খল কাজের কারণেই জগগা জাসুস-এরএই দুর্ভাগ্য।
অবশ্য রণবীর নিজের ঘাড়ে ব্যর্থতার দায়ভার নিতে চাননি। কয়েক সপ্তাহ আগে একটি সাক্ষাৎকারে স্পষ্ট বলে দিয়েছেন এ অভিনেতা, ‘আমি এ ছবির ব্যাপারে কিছু জানি না। ছবির ভাগ্য পুরোপুরি অনুরাগের হাতে। আমি প্রযোজক হলেও আমার কোনো ক্ষমতা বা প্রভাব কাজে আসেনি। আমি শুধু চেয়ে চেয়ে দেখেছি অনুরাগ কতটা অগোছালোভাবে কাজ করতে পারে।’ সে সময় অবশ্য সাক্ষাৎকার গ্রহণকারী ব্যক্তি পাল্টা জানতে চেয়েছিলেন, ‘তাহলে কেন ছবিতে লগ্নি করেছিলেন?’ তখন রণবীর জবাবে বলেন, ‘অনুরাগ খুব করে বলেছিল তাই। আর তা ছাড়া বরফির বেলায় অগোছালো কাজকে শেষ মুহূর্তে অনুরাগ যেভাবে গুছিয়ে এনেছিল, তা দেখে মনে হচ্ছে জগগা জাসুস-এও সে এমনটা করবে।’
তবে রণবীর ও রণবীরের বাবা যেভাবে ব্যর্থতা অনুরাগের ওপর চাপিয়ে দিচ্ছেন, সেদিক থেকে অনুরাগ নিয়েছেন নীরবতার ব্রত। তিনি কিচ্ছুটি নিয়ে রা করছেন না। শুধু এক দফা বলেছিলেন, ছবির মূলে রয়েছে রণবীর ও তাঁর অভিনয়। রণবীরের অভিনয়ই পারে দর্শককে হলে টানতে। কিন্তু তেমনটা হলো না। ১৪ জুলাই মুক্তি পাওয়া এ ছবি প্রথম তিন দিনে আয় করেছিল ৩৫ কোটি রুপি। কিন্তু সপ্তাহান্তে এ ছবির আয় এতই করুণ দশায় গিয়ে পৌঁছেছে যে দ্বিতীয় সপ্তাহের প্রথম তিন দিনে ছবিটি বড় কষ্টে পাঁচ কোটি রুপি আয় করে।
মিউজিক্যাল ঘরানার এই হিন্দি ছবির ব্যর্থতার পেছনে দায়ী কে, এখন এই প্রশ্নের জবাব খোঁজার জন্য নিয়োগ করতে হবে নতুন কোনো ‘জাসুস’ অর্থাৎ গোয়েন্দা। দর্শক আশা করবেন, সে অন্তত জগগার মতো বিরক্তিকর হবে না।
আদর রহমান
ফোর্বস ইন্ডিয়া, বলিউড হাঙ্গামা ও ইন্ডিয়া ডটকম অবলম্বনে