ব্যস্ত মেহজাবীন
মাত্র ১৩ বছর বয়সেই শুরু করেন বিজ্ঞাপনের কাজ। তখন দুবাইতে থাকতেন তিনি। সে সময় খ্যাতনামা ডি-ডামাস জুয়েলারির মডেল হয়েছিলেন। দেশের বাইরে সুনাম কুড়িয়ে এই তারকা দেশে ফিরে জিতে নেন লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৯-এর খেতাব। এখান থেকেই শুরু আরেক জীবন। ‘ছোটবেলার অভিজ্ঞতা এখন কাজে লাগছে। এ ক্ষেত্রে আমার পরিবারের প্রতি কৃতজ্ঞ আমি। তাদের পুরো সমর্থন না পেলে কাজ করা সম্ভব হতো না। ঢাকা-দুবাই যাওয়া-আসা হয় এখনো।’ সম্প্রতি একটি মিউজিক ভিডিওতে কাজ করলেন কণ্ঠশিল্পী হাবিবেব সঙ্গে। হাবিবের সঙ্গে কাজ করতে পেরে মেহজাবীন বেশ রোমাঞ্চিত। ‘তাঁর সব গানই আমার ভালো লাগে। “কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু” গানে আমি সরলা চরিত্রে মডেল হয়েছি।’ আর কার গান পছন্দ? ‘তরুণ সব সংগীতশিল্পীর গান ভালোবাসি। আসলে নতুন ও তরুণদের কাজের প্রতি আলাদা একটা ভালো লাগা আছে। দেশের বাইরে রাহাত ফতেহ আলী খানের গান খুব পছন্দ করি। ’বাংলাভিশনে প্রচারিত হচ্ছে অম্লান বিশ্বাসের পরিচালনায় ধারাবাহিক নো প্রবলেম। এ ছাড়া কাজ করেছেন ইফতেখার আহমেদ ফাহমির টেলিছবি তুমি থাকো সিন্ধুপারে, পার্থ সরকারের কলসেন্টারসহ আরও অনেক নাটকে। এত কাজের মধ্যে গত ঈদে প্রচারিত হুমায়ূন আহমেদের পরিচালনায় মাঝে মাঝে তব দেখা পাই নাটকটি মেহজাবীনের কাছে খুব অন্য রকম মনে হয়েছে। ‘এই নাটকে কাজ করতে পেরে অনেক ভালো লেগেছে। এখন পর্যন্ত নিজের কাছে এটিই সেরা কাজ। বিজ্ঞাপনে স্বাচ্ছন্দ্য বোধ করলেও অভিনয়ের প্রতি রয়েছে সমান ভালোবাসা। মেহজাবীনের ব্যস্ততার শেষ নেই। অনেকগুলো ঈদের নাটকের শুটিং চলছে। গত ঈদে তাঁর প্রায় নয়টির মতো নাটক প্রচারিত হয়েছে। চলচ্চিত্রে অভিষেক কবে হবে? ‘কাজ করার কথা ছিল। কিন্তু সব দিক থেকে মেলেনি। তাই কাজটা করা হয়নি। আপাতত ইচ্ছে নেই। তবে সামনে যদি পছন্দনীয় সব হয়, তাহলে হয়তো চলচ্চিত্রে অভিনয় করব। যতটুকু কাজ করি না কেন, বেছে বেছে করতে চাই। নাটক, বিজ্ঞাপন, মডেলিং, এমনকি র্যাম্পেও সময় দিতে হয়। সামনে এ-লেভেল পরীক্ষা। তাই পর্যাপ্ত সময় পড়াশোনার পেছনেও ব্যয় হচ্ছে।’বিয়ের পোশাক পরে র্যাম্পে কাজ করতে ভালো লাগে। বাস্তব জীবনে বউ সাজতে ইচ্ছে করে না? হেসে বলেন, ‘আমার তো বিয়ের বয়স হয়নি। এখনো টিনএজ পার করতে পারলাম না। এসব ভাবার সময় কোথায়!’মেহজাবীন চৌধুরীর মনে একটা সুপ্ত বাসনা আছে। ‘অনেকের সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছে। কিন্তু সুর্বণা মুস্তাফার সঙ্গে কাজ করার সুযোগ হয়নি। লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৯-এর বিচারক ছিলেন তিনি। তখন থেকেই মনে মনে ভেবেছি, কখনো যদি তাঁর সঙ্গে অভিনয়ের সুযোগ পেতাম!একটুখানি অবসর মিললেই তা ব্যয় করি পরিবার আর বন্ধুদের জন্য। মাসে একটা ভালো চলচ্চিত্র দেখার চেষ্টা করি।’ বললেন মেহজাবীন।