ব্যস্ততা বাড়ছে মোনালিসার
ঢালিউড অ্যাওয়ার্ডে অংশ নিতে গিয়ে গত ১৪ জুন যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছেড়েছিলেন জনপ্রিয় মডেল, অভিনয় ও নৃত্যশিল্পী মোজেজা আশরাফ মোনালিসা। ১৭ জুন নিউইয়র্কে হুট করেই আংটি বদলের কাজটি সেরে ফেলেছেন তিনি। এরপর ২৪ জুন দেশে ফেরার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি দেশে ফেরেন ২৯ জুন। দেশে ফিরেই নাটকের কাজে ব্যস্ততা বেড়ে গেছে বলে জানিয়েছেন মোনালিসা।প্রথম আলো ডটকমের সঙ্গে আলাপকালে মোনালিসা বলেন, ‘দেশের বাইরে যাওয়ার আগে একটি নাটকের কাজ শুরু করেছিলাম। কিন্তু শেষ পর্যন্ত নাটকটির পুরো কাজটি শেষ করা সম্ভব হয়নি। অর্ধ সমাপ্ত কাজটি ছাড়া দেশের বাইরে যাওয়ার আগে যেসব নির্মাতার সঙ্গে অভিনয়ের ব্যাপারে কথা হয়েছিল, তাঁদের কাজগুলো খুব শিগগিরই শুরু করব। তবে আপাতত কয়েকটি দিন বিশ্রাম নিচ্ছি।’ তিনি আরও বলেন, ‘দেশে ফেরার পর বেশ কয়েকজন নির্মাতা ঈদের কাজের ব্যাপারেও কথা হয়েছে। ইচ্ছা আছে, তাঁদের নাটকগুলোতে অভিনয়ের। আশা করছি, আগামী সপ্তাহ থেকে পুরোদমেই নাটকের শুটিং শুরু করতে পারব।’নিউইয়র্কে আংটি বদলের অনুষ্ঠানের ব্যাপারে মোনালিসা বলেন, ‘আসলে পুরো ব্যাপারটিই পারিবারিকভাবেই হয়েছে। সবকিছুই এত তাড়াহুড়ো করে হয়ে গেছে যে ইচ্ছে থাকা সত্ত্বেও মিডিয়ার দীর্ঘদিনের সহকর্মীদের আংটি বদলের ব্যাপারটি জানানো সম্ভব হয়নি।’মোনালিসা আরও বলেন, ‘বিয়ের আনুষ্ঠানিকতার ব্যাপারে এখন আমাদের দুই পরিবারের কর্তাব্যক্তিরা আলাপ-আলোচনা করছেন। তাঁদের সিদ্ধান্তে হয়তো এ বছরের শেষ দিকে না হলেও সামনের বছরের শুরুর দিকে আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। তা ছাড়া ফাইয়াজ বর্তমানে পিএইচডি পড়াশোনা নিয়ে ব্যস্ত।’উল্লেখ্য, ১৭ জুন নিউইয়র্ক শহরে খুব কাছের কয়েকজন মানুষের উপস্থিতিতে নারায়ণগঞ্জের ছেলে যুক্তরাষ্ট্রপ্রবাসী ফাইয়াজ শরীফের সঙ্গে মোনালিসার আংটি বদলের অনুষ্ঠানটি সম্পন্ন হয়। ফাইয়াজ বাবা-মার একমাত্র সন্তান। আংটি বদলের পুরো অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন মোনালিসার বড় বোন মুনিরা। সেখানে কণ্ঠশিল্পী কণাসহ মোনালিসার খুব কাছের কয়েকজন অতিথিই কেবল উপস্থিত ছিলেন।