ব্যাংক ডাকাতির গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইন স্টাইল ছবির দৃশ্য
ইন স্টাইল ছবির দৃশ্য

বয়সে তিনজনই প্রবীণ। ঘনিষ্ঠ বন্ধু তাঁরা। তাই আড্ডাটা জমে বেশ। বয়স্ক লোকজনের আলোচনায় সাধারণত হাস্যরসের উপাদানের অভাব থাকে। তবে এই ত্রয়ীর ব্যাপারটা ব্যতিক্রম। আশপাশ থেকেই তাঁরা হাসিঠাট্টার উপাদান খুঁজে নেন। হলিউডের নতুন চলচ্চিত্র গোয়িং ইন স্টাইল-এর এই তিন বৃদ্ধের চরিত্রে অভিনয় করেছেন মাইকেল কেইন, মরগান ফ্রিম্যান ও অ্যালান আরকিন। ফ্রিম্যান ও কেইন দীর্ঘদিন পর আবার একসঙ্গে কাজ করলেন।
ছবিটা রিমেক, মানে একই নামে ১৯৭৯ সালেও একটা ছবি মুক্তি পেয়েছিল। তবে এতগুলো বছরে যুক্তরাষ্ট্রের সামাজে বিস্তর পরিবর্তন ঘটেছে। সেগুলোর প্রতিফলন এবারের ছবিটায় আছে। পরিচালক জাক ব্রাফ বললেন, নাগরিক জীবনের নানান সমস্যা এড়িয়ে কমেডি ছবি বানানোর সুযোগ কোথায়? গোয়িং ইন স্টাইল ছবিটাও তারই নমুনা। এতে ২০১৭ সালের মার্কিন সমাজব্যবস্থার এমন কিছু দিক ফুটে উঠেছে, যার ভুক্তভোগী প্রবীণদের পাশাপাশি অন্যরাও।
তো, সেই তিন বুড়োর গল্পে ফেরা যাক। তাঁরা একসময় দেখলেন, পেনশন হাতছাড়া হয়ে গেছে। ভবিষ্যৎ অনিশ্চিত। এমন পরিস্থিতিতে কী করা যায়? দেয়ালে পিঠ ঠেকে গেলে যা হয়, তা-ই।
তিন বন্ধু আলোচনা করে সিদ্ধান্ত নিলেন, যা করার নিজেদেরই সেরে নিতে হবে। সামনে যে বিপদই আসুক না কেন, পরোয়া নেই। তাঁদের হারানোর কিছু থাকলে তো!
এরপর তাঁরা ব্যাংক ডাকাতির পরিকল্পনা করলেন। আনাড়ির মতো সেই দুঃসাহসিক কাজে নেমেও পড়লেন। তখন একে একে মজার সব ব্যাপার ঘটতে থাকে।
সম্প্রতি নিউইয়র্কে ছবিটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠানে কেইন বলেন, ‘এটা চিরাচরিত কমেডির চেয়ে ভিন্ন। পার্থক্যটা কাহিনির গভীরতায়। পেনশনের বন্দোবস্ত দিনে দিনে উধাও হয়ে যাচ্ছে। কারণ, অনেক প্রতিষ্ঠানের কাজের আওতা এখন বিদেশ অবধি ছড়িয়ে পড়ছে।’
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কেমন লাগে—এমন প্রশ্নের জবাবে কেইন বলেন, ‘উনি তো বেশ মজার লোক। টেলিভিশনে তাঁকে দেখতে মোটেও বিরক্তিকর লাগে না, তাই না? মানে আমি যদি একজন ইংরেজ হই আর প্রতি সকালে জেগে উঠে সিএনএন চালিয়ে ট্রাম্পের কর্মকাণ্ড দেখি, ভালোই লাগবে!’
মার্কিন মুলুকে চলছে স্বাস্থ্যসেবা নিয়ে বিতর্ক, ব্যাংকঋণের বোঝা নিয়ে সাধারণ মানুষের ভোগান্তি ইত্যাদি নিয়ে নানা রকম আলোচনা। এসব বাদ যায়নি তিন বন্ধুর সংলাপে। ছবিতে আরও অভিনয় করেছেন জোয়ি কিং, ক্রিস্টোফার লয়েড, অ্যান-মারগ্রেট প্রমুখ। গোয়িং ইন স্টাইল যুক্তরাষ্ট্রে আগামীকাল শুক্রবার মুক্তি পাচ্ছে।
আশিস আচার্য
রয়টার্স অবলম্বনে