ব্যাগ খুইয়ে বিপাকে বাঁধন
নাটকের শুটিং করতে গিয়ে সঙ্গে থাকা ব্যাগটি খুইয়েছেন লাক্স তারকাখ্যাত অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধন। এ নিয়ে বিপাকে পড়েছেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছবির হাট এলাকায় শুটিং করতে গিয়ে এ ধরনের ঘটনার মুখে পড়েন বাঁধন। গতকাল বৃহস্পতিবার দুপুরের পর ব্যাগটি চুরি হয়ে যায় বলে জানিয়েছেন তিনি। প্রথম আলো ডটকমকে বাঁধন বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় আমরা নঈম ইমতিয়াজ নেয়ামুল ভাইয়ের খণ্ড নাটক “বসন্ত বালা”র শুটিং করছিলাম। সকাল থেকে আমাদের শুটিং এলাকায় একজন লোক ঘোরাঘুরি করছিল। পরিচয় জানতে চাইলে নিজেকে সে শুটিং ইউনিটের একজন সদস্য বলে দাবি করে। পরে শুনলাম, সে একেকজনকে একেক পরিচয় দিয়েছে। শুটিংয়ের এক ফাঁকে ইউনিটের একজন সদস্যকে আমার ব্যাগটি গাড়িতে রেখে আসতে বলি। পরক্ষণে যখন আবার ব্যাগটির দরকার হয়, তখন আনতে গেলে গাড়িতে আর ব্যাগটি খুঁজে পাইনি। চালকের কাছ থেকে জানতে পারলাম, যে লোকটি সকাল থেকে ঘোরাঘুরি করছিল, সে নাকি ব্যাগটি আমার কথা বলেই গাড়ি থেকে নিয়ে গেছে। তারপর থেকেই আর লোকটিকে শুটিং এলাকায় দেখতে পাইনি।’বাঁধন বলেন, ‘ব্যাগটিতে আমার বেশ কিছু মূল্যবান জিনিস, প্রয়োজনীয় কাগজপত্র ও বাসার বিভিন্ন লকারের চাবি ছিল। ছিল ব্যাংকের লকারের চাবিও। ব্যাগটি চুরি করে আসলে চোরের কোনো লাভ হবে না। কারণ, এসবের কোনো মর্মই সে বুঝবে না। কিন্তু আমাকে শুধু শুধু চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ব্যাগ চুরির ঘটনায় বাঁধন গতকালই শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।