ব্যাচেলর জীবনের অবসান ঘটাতে চাই
শাকিব খান। চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়ক। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি। অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র প্রযোজনা করেছেন। এবার ‘তারকার টি–টোয়েন্টি’তে অংশ নিলেন তিনি।

স্ট্রেট বল
আমার অভিনীত যে ছবির ‘নাম’ সবচেয়ে প্রিয়
হিরো দ্য সুপারস্টার
যে পোশাক আমাকে বেশি মানায়
বিশেষ কোনো পোশাকের প্রতি আমার দুর্বলতা নেই। যেকোনো সুন্দর আর স্টাইলিশ পোশাক আমাকে বেশি মানায়।
আমার অভিনীত বিচিত্র চরিত্র
একেকটা ছবিতে একেক রকম চরিত্র থাকে। একটির সঙ্গে অন্যটির কোনো মিল নেই। সব চরিত্রই প্রিয়, সব চরিত্রই বিচিত্র।
প্রথম পুরস্কার
আমার স্বপ্ন তুমি ছবি দিয়ে দর্শক আমাকে চিনতে শুরু করেন। তাই এই ছবিটি আমার প্রথম পুরস্কার।
গুগলি
শাকিব যদি সাকিব হতো
ক্রিকেটার সাকিব আল হাসান যা যা করছেন, তাই করত।
একদিন যদি ছদ্মবেশে রাস্তায় নামি
সন্ধ্যায় বেইলি রোডে যাব, রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাব। শীতের ভাপা পিঠা খাব। টিএসসির মোড়ে দাঁড়িয়ে চা খাব। শপিং মলগুলোতে প্রিয় মানুষকে সঙ্গে নিয়ে মনের আনন্দে ঘুরে বেড়াব। সিনেপ্লক্সে যখন ইচ্ছে, ছবি দেখতে চলে যাব।
আমি যার ভক্ত
মা।
নিজের যে দিকটা বদলাতে চাই
নিজের ব্যাচেলর জীবনের অবসান ঘটাতে চাই।
বাউন্সার
‘আমি তোমাকে ভালবাসি’ পর্দায় বলেছি
যতবার সিনেমা করেছি, প্রতিটি ছবিতে একাধিকবার বলেছি। এই হিসেবে কয়েক শ বার তো হবেই।
‘আমি তোমাকে ভালোবাসি’ বাস্তবে বলেছি
বাস্তবেও একাধিকবার বলেছি।
এ পর্যন্ত নিজের সবচেয়ে ফ্লপ ছবি
আমার ক্যারিয়ারের শুরুর দিকে অনেকগুলো ছবি ব্যবসায়িক দিক থেকে তেমন সাফল্য পায়নি।
যাকে প্রতিদ্বন্দী মনে করি
আমার প্রতিযোগিতা আমার সঙ্গেই। আমি নিজেকেই নিজের প্রতিদ্বন্দ্বী মনে করি।
ফুল টস
‘হিরো নাম্বার জিরো’ থেকে ‘নাম্বার ওয়ান শাকিব খান’। পেছনে ফিরে তাকিয়ে যা ভাবি
এভারেস্টের চূড়ায় উঠতে হলে অনেক ঝড় সহ্য করতে হয়। তেমনি ঢাকাই চলচ্চিত্রে আমার পথচলা মোটেও মসৃণ ছিল না। অনেক চড়াই-উতরাই পেরোতে হয়েছে। যখন পুরো চলচ্চিত্রশিল্প হুমকির মুখে, তখন থেকে আজকের অবস্থায় আসার ব্যাপারটি ভাবলে সত্যিই বিস্মিত হতে হয়।
নিজেকে ফিট রাখতে
নিজেকে ফিট রাখার সংগ্রাম চলছে। নিয়ম করে ব্যায়াম করছি।
যদি আমার জীবনকাহিনি নিয়ে সিনেমা হয়
আমার উত্থানের জায়গাটা নিয়ে যদি ছবি হয়, তাহলে গল্পটা নিঃসন্দেহে ভালো হবে। আমার বিশ্বাস, সবার ভালো লাগবে। দর্শক অনেক কিছু জানবেন।
নায়ক হিসেবে দশে
আমি নিজেকে নম্বর দিতে পারব না। দর্শকই আমাকে নম্বর দেবেন। তাঁদের ভালোবাসাই আমার কাছে নম্বর। আর তা কখনো সংখ্যায় গণনা করা সম্ভব নয়।

পাওয়ার প্লে
শাকিব খানের বিয়ের গুঞ্জন
আমার বিয়ে নিয়ে অনেকেরই আগ্রহ আছে। তাই সব সময়ই গুঞ্জন উঠছে। অনেকবার শুনেছি, আমি বিয়ে করেছি।
আমার বিপরীতে সবচেয়ে পুরোনো আর সবচেয়ে নতুন নায়িকা
সবচেয়ে পুরোনো আমার প্রথম ছবির নায়িকা ইরিন জামান আর সবচেয়ে নতুন তিশা।
যে কাজ সবচেয়ে ভালো পারি
কিছুই পারি না। আমি নিজেই মাঝে মাঝে অবাক হই।
কখন মনে হয়, আমি ‘নাম্বার ওয়ান’ নই
যখন দেখি চলচ্চিত্রশিল্পের দুর্দশা। আমাদের প্রেক্ষাগৃহে ভারতের বাংলা আর হিন্দি ছবি মুক্তি পাচ্ছে। যখন দেখি এখনো এফডিসিতে প্রযুক্তির দিক থেকে কোনো পরিবর্তন হচ্ছে না। প্রেক্ষাগৃহগুলোর অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। যখন দেখি ছবি মুক্তির সঙ্গে সঙ্গে পাইরেসি হয়ে যাচ্ছে। সব প্রযোজক, পরিচালক আর শিল্পী হতাশ হয়ে পড়ছেন, তখন মনে হয় আমি নাম্বার ওয়ান নই।