ব্যাটম্যান চরিত্রে বেন অ্যাফ্লেক

‘ম্যান অব স্টিল’ ছবির সিকুয়্যেলে প্রথমবারের মতো তুমুল জনপ্রিয় দুই সুপারহিরো চরিত্র ব্যাটম্যান এবং সুপারম্যানকে একসঙ্গে দেখার সুযোগ পেতে যাচ্ছেন দর্শকেরা। সম্প্রতি ছবিটিতে ব্যাটম্যান চরিত্রে মার্কিন অভিনেতা ও নির্মাতা বেন অ্যাফ্লেকের অভিনয়ের বিষয়টি চূড়ান্ত হয়েছে। আর সুপারম্যান চরিত্রে বহাল থাকছেন ‘ম্যান অব স্টিল’ ছবির মূল অভিনেতা হেনরি কেভিল।
‘ম্যান অব স্টিল’ সিক্যুয়েলের কাজ শুরু হচ্ছে আগামী বছর। বিশাল বাজেটের ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২০১৫ সালে। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে ‘বিবিসি অনলাইন’।
সম্প্রতি ছবিটিতে ব্যাটম্যান চরিত্রে বেন অ্যাফ্লেকের অন্তর্ভুক্তি প্রসঙ্গে এর পরিবেশক সংস্থা ওয়ার্নার ব্রাদার্সের প্রেসিডেন্ট গ্রেগ সিলভারম্যান এক বিবৃতিতে জানান, ‘ডিসি কমিকসের অন্যতম জনপ্রিয় একটি চরিত্র ব্যাটম্যান। পর্দায় এই চরিত্র ফুটিয়ে তোলার জন্য অসাধারণ একজন অভিনেতার প্রয়োজন ছিল। আমাদের ধারণা, বেল অ্যাফ্লেকের মতো মেধাবী ও শক্তিশালী অভিনেতাই এই চরিত্রের জন্য সবচেয়ে বেশি মানানসই। আমাদের বিশ্বাস, চরিত্রটিতে ভিন্ন একটি মাত্রা যুক্ত করবেন তিনি।’
‘ব্যাটম্যান’ সিরিজের সর্বশেষ ছবি ‘দ্য ডার্ক নাইট রাইজেস’ মুক্তি পায় গত বছরের জুলাইয়ে। ছবিটির নাম ভূমিকায় অভিনয় করেছিলেন ক্রিশ্চিয়ান বেল। এবার তাঁর পরিবর্তে নতুন ব্যাটম্যানরূপে আবির্ভূত হচ্ছেন বেন অ্যাফ্লেক।
‘ম্যান অব স্টিল’ সিক্যুয়েলের নাম এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি। তবে এর শিরোনাম হতে পারে ‘সুপারম্যান ভার্সেস ব্যাটম্যান’ কিংবা ‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান।’ আগামী বছর কানাডায় ছবিটির শুটিং শুরু হবে।
এ বছর অস্কারের ৮৫তম আসর থেকে সেরা ছবির পুরস্কার ঘরে তুলেছে বেন অ্যাফ্লেক প্রযোজিত ও পরিচালিত ‘আর্গো’ ছবিটি। ২০১২ সালে মুক্তি পাওয়া ছবিটিতে অভিনয়ও করেছিলেন ৪১ বছর বয়সী মার্কিন এ অভিনেতা, নির্মাতা ও চিত্রনাট্যকার।