ব্যাটম্যান কথা দিয়েছিলেন, গোথাম সিটিতে তিনি আর থাকবেন না। গোথাম সিটির সুরক্ষার জন্য ব্যাটম্যানের আর প্রয়োজন নেই। ব্যাটম্যান সত্যি সত্যিই অদৃশ্য হয়ে গেলেন। কিন্তু গোথাম সিটি আবার ভয়ংকর বিপদের মুখে। ব্যাটম্যানকে আবার ভীষণ প্রয়োজন। কিন্তু কোথায় ব্যাটম্যান?২০ জুলাই যুক্তরাষ্ট্রের কলোরাডোর অরোরা শহরটা কিছুক্ষণের জন্য যেন হয়ে গিয়েছিল গোথাম সিটি। ব্যাটম্যানের কল্পিত সেই শহরের নৈরাজ্যকর ছবিটাই রূপ নিয়েছিল বাস্তবে। ক্রিস্টোফার নোলানের ব্যাটম্যান ট্রিলজির শেষ ছবি দ্য ডার্ক নাইট রাইজেস দেখতে এদিন অরোরার একটি সিনেমা হলে ভিড় করেছিল উৎসুক দর্শক। কিন্তু ছবিটি পুরো দেখা হয়নি তাদের। ছবির মাঝখানেই ভয়ংকর এক তাণ্ডব! স্থানীয় সময় তখন রাত সাড়ে বারোটার সামান্য বেশি।পর্দায় তখন চলছিল অ্যাকশন দৃশ্য। প্রচণ্ড শব্দ, গোলাগুলির আওয়াজ। হঠাৎ সেঞ্চুরি মুভি থিয়েটারের হল ঢেকে গেল ধোঁয়ায়। কেউ ভাবল, হয়তো সবকিছু পর্দাতেই ঘটছে। কিন্তু কাঁদানে গ্যাসের অস্তিত্ব টের পাওয়া গেল বাস্তবেও। সেই ধোঁয়ার মধ্যেই এক মুখোশধারী চালাল গুলি। কিছু বুঝে ওঠার আগেই খ্যাপাটে সেই বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে বিদ্ধ হলো অনেকেই। নিহত হলো ১২ জন, আহত ৫৮!মধ্যরাতের শোয়ে সিনেমার বিনোদন নিতে এসে এভাবেই ভয়াবহ নির্মমতার শিকার হলো সিনেমার দর্শক। এ ঘটনায় জেমস এগান হোমস নামের ২৪ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের সময় হোমসের গাড়ি থেকে বিপুল অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে পুলিশ। নিজের চুল লাল রং করা সেই তরুণ গ্রেপ্তারের সময় নিজেকে ‘দ্য জোকার’ বলে দাবি করে। ব্যাটম্যান ট্রিলজির দ্বিতীয় ছবিতে এই জোকারের চরিত্রে অভিনয় করেছিলেন হিথ লেজার।চার বছর আগে দ্য ডার্ক নাইট মুক্তি পাওয়ার সময়ই লেজার মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করায় মারা যান। ওই ছবির খল চরিত্রে খ্যাপা পাগলাটে এক জোকারের ভূমিকায় অভিনয় করেছিলেন লেজার। দুর্দান্ত অভিনয় করে জিতে নিয়েছিলেন অস্কারও। সে সময় লেজার আর জোকারের প্রতি অনেকেই আবেগাক্রান্ত হয়ে পড়ে। পর্দায় কল্পিত জোকারের করুণ পরিণতির বদলা নিতেই বাস্তবে এমন নৃশংস কাণ্ড হোমস ঘটালেন কি না, কে জানে! অনেক প্রশ্নই এখন উঠছে, যেগুলোর উত্তর আপাতত নেই।এ ঘটনায় সবচেয়ে বেশি শোকাহত হয়েছেন নোলান নিজেই। এমনিতে তিনি নিজেও ব্যাটম্যানের মতো সরে যেতে চেয়েছিলেন। মেমেন্টো, ইনসমনিয়া, প্রেস্টিজ, ইনসেপশন-এর মতো দুর্দান্ত সব ছবির কারিগর ব্যাটম্যান সিরিজ নিয়ে ক্লান্ত হয়ে পড়েছিলেন। কোনো সিরিজের তৃতীয় ছবিতে দেওয়ার মতো আর কিছু থাকে না বলেই মনে করেন তিনি। যদিও শেষ পর্যন্ত মত পাল্টে ট্রিলজি পূর্ণ করেছেন। এবং মুক্তির পর থেকে ছবিটি বরাবরের মতো সাড়া ফেলে নিশ্চিত করেছে, নোলানের শেষ সিদ্ধান্ত শেষ পর্যন্ত ভুল ছিল না।ছবিটির বিশেষ প্রিমিয়ারে ফ্রান্সে যাওয়ার কথা ছিল এই ৪১ বছর বয়সী ব্রিটিশ-আমেরিকান পরিচালকের। এরই মধ্যে এই দুর্ঘটনা। ফ্রান্সযাত্রা বাতিল করে বিষণ্ন নোলান এক বিবৃতি দিয়েছেন। বলেছেন, ‘সিনেমা হল আমার কাছে আমার ঘর। এই নিষ্পাপ ও আশায় পূর্ণ একটা স্থানে কেউ এমন ভয়াবহ উন্মত্ততায় ধ্বংসযজ্ঞ চালাবে, সেটা আমার ভাবনার অতীত। যে নিরীহ মানুষ এই ভয়াবহতার শিকার, তাদের সমবেদনা জানানোর ভাষা আমার জানা নেই।’ব্যাটম্যান চরিত্রে অভিনয় করা পর্দার মহানায়ক কিন্তু বাস্তবের অসহায় এক অভিনেতা ক্রিস্টিয়ান বেলও জানিয়েছেন সমবেদনা, ‘আমার যে ভীষণ মন খারাপের একটা অনুভূতি হচ্ছে, ভাষায় প্রকাশ করার সাধ্য নেই। এই নির্মমতার শিকার এবং তাদের আপনজনদের বেদনা যে কতটা, সেটি অনুভব করার সাধ্যও আমার নেই। তবে আমার হূদয় তাদের সঙ্গেই আছে।’একটা বিষয় নিশ্চিত, আমাদের চেনাজানা সাজানো পৃথিবী যেকোনো মুহূর্তে গোথাম সিটির মতো নৈরাজ্যে ভরে যেতে পারে। কল্পিত সেই জগতে সুপার হিরো ব্যাটম্যান অন্তত আছেন। হায়! বাস্তবের পৃথিবীতে ব্যাটম্যান নেই! রাজীব হাসানহলিউড রিপোর্টার অবলম্বনে