ব্যান্ড এলআরবির বর্ষপূর্তি
‘ইট-পাথরের সত্যগুলো গোপন রেখে/ কল্পনাতে মনগড়া এক শহর এঁকে/ মাছে-ভাতে তার ছেলেটা ভালোই আছে/ বাড়ি ফিরে বন্ধু রে তুই/ মাকে বলিস’। নব্বইয়ের দশকে গিটারে সুর তুলে এমন জীবনমুখী গান পরিবেশন করেছিল জনপ্রিয় ব্যান্ড এলআরবি। আবার এই দলেরই প্রধান গায়কের প্রেমিকার কাছে আর্তনাদ, ‘আমার একটা নির্ঘুম রাত/ তোমার হাতে তুলে দিলেই বুঝতে তুমি/ কষ্ট কাকে বলে...’। ২০ বছরের সংগীতচর্চায় এই দলের এমন অনেক গান সংগীতপিপাসুদের কাছে জনপ্রিয় হয়েছে।১৯৯১ সালের ৫ এপ্রিল যাত্রা শুরু করে এলআরবি। চট্টগ্রাম থেকে উঠে আসা এ ব্যান্ড আজ জনপ্রিয়তার শিখরে। সাফল্যের দুই দশক পার করে দলটি পা দিল ২১ বছরে। গতকাল মঙ্গলবার কথা, গান আর আড্ডায় ২০ বছর পূর্তি উদ্যাপন করল এলআরবি। রাজধানীর নাটক সরণির (বেইলি রোড) একটি খাবারের দোকানে আয়োজিত অনুষ্ঠানটি পরিণত হয়েছিল সংগীতানুরাগীদের মিলন মেলায়। সব সদস্যকে সঙ্গে নিয়ে কেক কাটেন দলনেতা আইয়ুব বাচ্চু।তার আগে মতবিনিময় কালে ভক্তদের উদ্দেশে পাইরেসির বিরুদ্ধে সচেতন থাকার অনুরোধ জানান আইয়ুব বাচ্চু। তিনি জানান, এলআরবি বিদেশি ব্যান্ডের সঙ্গে অ্যালবাম বের করার চিন্তা-ভাবনা করছে। উভয় ব্যান্ড নিজ নিজ ভাষায় গান করবে। একই সঙ্গে এলআরবির পুরোনো গানগুলো নিয়ে চারটি ধারাবাহিক অ্যালবাম বের করারও ঘোষণা দেন তিনি। ১৯৯১ সালে যাত্রা শুরু করা এ ব্যান্ডের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশের রক গানের কিংবদন্তি আইয়ুব বাচ্চু। ১৯৯২ সালে স্বনামে এলআরবির প্রথম অ্যালবাম প্রকাশ পেয়েছিল, যা ছিল বাংলাদেশের গানের ইতিহাসের প্রথম ডাবল অ্যালবাম।